সাময়িক বৃষ্টিতে ঢাকার আকাশ কিছুক্ষণের জন্য ঝকঝকে দেখালেও বায়ুদূষণের স্থায়ী চক্র ভাঙছে না। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম বস্তুকণার বিপজ্জনক মাত্রা জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর ভয়াবহ চাপ তৈরি করছে।
বাড্ডার ক্ষুদ্র ব্যবসায়ী আহমেদ জালাল এর বড় উদাহরণ। বৃহস্পতিবার ও শুক্রবার দীর্ঘ সময় বৃষ্টি হলেও বছরের পর বছর ধরে চলা ধোঁয়াশা থেকে তিনি রেহাই পাননি। কাজের প্রয়োজনে ছুটির দিনেও তাকে বাইরে বের হতে হয়। বাসার কাছে মেট্রোরেল লাইনের কাজ ও আশপাশের ভবন নির্মাণের ধুলায় অসুস্থ হয়ে তাকে একাধিকবার চিকিৎসকের কাছে যেতে হয়েছে।
আক্ষেপের সুরে জালাল বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ মানুষ ছিলাম। কিন্তু দূষিত বাতাসের কারণে এখন আমাকে দৈনন্দিন জীবনে নানা নিয়মকানুন ও বিধিনিষেধ মেনে চলতে হয়।’
পরিসংখ্যানে উদ্বেগজনক চিত্র
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের বার্ষিক তথ্য অনুযায়ী, ঢাকায় অতি সূক্ষ্ম বস্তুকণার বিপজ্জনক মাত্রার (পিএম ২.৫) গড় ঘনত্ব ২০২১ সালে ছিল প্রতি ঘনমিটারে ৭৮ দশমিক ১ মাইক্রোগ্রাম। ২০২২ সালে তা কিছুটা কমে ৬৫ দশমিক ৮ মাইক্রোগ্রামে নামলেও ২০২৩ সালে ৮০ দশমিক ২ মাইক্রোগ্রামে পৌঁছায়। এরপর ২০২৪ সালে ৭৮ এবং ২০২৫ সালে ৬৮ মাইক্রোগ্রাম হয়। গত দুই বছরে সামান্য উন্নতি হলেও এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি।
দৈনিক বায়ুমানও স্বস্তি দিচ্ছে না। গত ১৭ নভেম্বর বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে এবং পরদিন দ্বিতীয় স্থানে থাকার কয়েক দিন পর, শুক্রবার ৯৪ একিউআই (বায়ুমান সূচক) স্কোর নিয়ে ঢাকা ছিল বিশ্বের ১২তম দূষিত শহর। একিউআইয়ের মানদণ্ডে ৫০ বা তার নিচে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।
শুক্রবার ঢাকার ১০টি এলাকার বাতাস মাঝারি, ১১টি এলাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, একটি এলাকার বাতাস অস্বাস্থ্যকর এবং আরেকটি এলাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর ছিল।
প্রাণহানি ও বড় অর্থনৈতিক ক্ষতি
বায়ুদূষণের প্রভাব কেবল শ্বাসকষ্টে সীমাবদ্ধ নেই, এটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ এবং ক্ষতিগ্রস্ত করছে অর্থনীতি। গত জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পিএম ২.৫-জনিত দূষণে দেশের ছয়টি বড় শহরে প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন তাড়াতাড়ি মারা যান, যা প্রতিদিন গড়ে প্রায় ২৪২টি প্রাণহানি।
এর সবচেয়ে বড় ধাক্কা সামলায় ঢাকা; শুধু ২০২১ সালেই রাজধানীতে আনুমানিক ৬৮ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১১ হাজার ২০২ জন, রাজশাহীতে ২ হাজার ৮২৭ জন, খুলনায় ২ হাজার ৬২৫ জন, সিলেটে ১ হাজার ৪৮৮ জন এবং বরিশালে ১ হাজার ৩৯৫ জন মারা যান। গবেষণায় দেখা গেছে, ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ছয় শহরেই অকালমৃত্যুর হার ধারাবাহিকভাবে বেড়েছে।
অর্থনৈতিকভাবেও দেশ বছরে প্রায় ২৩ বিলিয়ন ডলার বা আনুমানিক ২ লাখ ৮০ হাজার কোটি টাকা হারাচ্ছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ।
শুধু নির্মাণকাজ নয়, পেছনে আরও কারণ
নগর পরিকল্পনাবিদ ও স্থপতি ইকবাল হাবিব টাইমসকে বলেন, ঢাকার দূষণের জন্য শুধু নির্মাণকাজই দায়ী নয়। সনাতন ইটভাটা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খোলা মাটি এবং সীমান্ত পেরিয়ে আসা দূষিত বাতাসও বড় ভূমিকা রাখছে। তার ভাষায়, ‘এখন মূলত নির্মাণকাজের ভরা মৌসুম, আর এ সময়েই প্রচুর ইট তৈরি হয়। আমাদের দেশে ইট তৈরির পুরো পদ্ধতিই অত্যন্ত সেকেলে ও অবৈজ্ঞানিক। পাশাপাশি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসগুলোতে খোলা জায়গায় ময়লা-আবর্জনা জমিয়ে রাখা ও ব্যবস্থাপনা করা হয়।’
গত জুনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, দেশে প্রায় ৮ হাজার ইটভাটা চালু রয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজারই অবৈধ। আইকিউএয়ারের হিসাব অনুযায়ী, দেশের মোট পিএম ২.৫ দূষণের প্রায় ১১ শতাংশ আসে ইটভাটা থেকে।
অন্যদিকে, সিটি করপোরেশনের এসটিএসগুলোতে খোলা জায়গায় জমানো ময়লা পরে বড় ট্রাকে মূল ভাগাড়ে নিয়ে ফেলা ও পোড়ানোর ফলে বিষাক্ত কালো ধোঁয়া ছড়ায়। পাশাপাশি ঘাস, গাছপালা বা পাকা আস্তরণহীন খোলা মাটি থেকে উড়ন্ত ধুলা বৃহত্তর ঢাকার পিএম ২.৫ দূষণের প্রায় ৮ শতাংশের জন্য দায়ী বলে বিশ্বব্যাংকের হিসাবে উঠে এসেছে।
সীমান্ত পেরিয়ে আসা দূষণ
ঢাকার দূষণের একটি বড় অংশ আসে দেশের বাইরে থেকে। বিশ্বব্যাংকের ২০২৩ সালের ‘বিল্ডিং ব্যাক আ গ্রিনার বাংলাদেশ’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহত্তর ঢাকা অঞ্চলের পিএম ২.৫ দূষণের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ সীমান্ত পেরিয়ে আসা দূষিত বাতাসের মাধ্যমে যুক্ত হয়।
ইকবাল হাবিব জানান, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা দূষিত বায়ুপ্রবাহ ঢাকার দূষণের চাপ আরও বাড়ায়। দিল্লির বাতাসের মান অনেক সময় ঢাকার চেয়েও খারাপ হয়ে শীর্ষ দূষিত শহরের তালিকায় আসে।
দিল্লি থেকে মহারাষ্ট্র ও মধ্য ভারত হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত এলাকায় ফসলের নাড়া পোড়ানোর ধোঁয়া ভেসে বাংলাদেশে আসে। কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, এই আন্তঃসীমান্ত প্রবাহ বাংলাদেশের মোট বায়ুদূষণের ২০ শতাংশেরও বেশি অংশের জন্য দায়ী। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) গবেষকদের নেতৃত্বে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসের তথ্য ও বায়ুমণ্ডলীয় মডেলিং বিশ্লেষণে দেখা গেছে, শুষ্ক মৌসুমে ঢাকার বায়ুদূষণের প্রায় ৪৩ শতাংশই আসে সীমান্তের ওপার থেকে।
পরিকল্পনা আছে, বাস্তবায়নে ঘাটতি
বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪-২০৩০’ গ্রহণ করেছে। এতে ২০৩০ সালের মধ্যে সারা দেশে বার্ষিক গড় পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম এবং বৃহত্তর ঢাকা অঞ্চলে ৩০ মাইক্রোগ্রামে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে ইটভাটার ধোঁয়া কমানো, খোলায় বর্জ্য পোড়ানো বন্ধ, নির্মাণকাজের ধুলা নিয়ন্ত্রণ, যান্ত্রিক উপায়ে রাস্তা ঝাড়ু দেওয়া এবং বায়ুমান পর্যবেক্ষণ বাড়ানোর মতো উদ্যোগ রাখা হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি কম।
শুধু নির্মাণকাজের গতি কমলেই আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমন ধারণার বিষয়ে সতর্ক করে ইকবাল হাবিব বলেন, একাধিক আন্তঃসম্পর্কিত খাত থেকে দূষণ তৈরি হওয়ায় খণ্ডিত পদক্ষেপে সমাধান আসবে না। সমন্বিত ও সামগ্রিক উদ্যোগ না নিলে বৃষ্টির ক্ষণিকের স্বস্তি ফুরোতেই ঢাকা আবারও সেই বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে যাবে।