Image description

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধদের হামলায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের অন্তত সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সংঘর্ষে পুলিশের প্রায় অর্ধশত সদস্য আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই অস্থিরতার সময় সাভার ও আশুলিয়া থানায় মোট ১৮টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫ জন শ্রমিক ফেডারেশন নেতাসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, সাভারের ও আশুলিয়া এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও শিল্প পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চলমান এই শ্রমিক আন্দোলন ও সংঘাতের বিভিন্ন পর্যায়ে বিক্ষুব্ধদের হামলায় সাভার ও আশুলিয়ায় শিল্প পুলিশের ৫টি এবং ঢাকা জেলা পুলিশের ২টিসহ মোট ৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। দফায় দফায় চলা এসব সংঘর্ষে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমসহ শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য গুরুতর আহত হন।

পুলিশ আরও জানায়, ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং যারা আন্দোলনের সুযোগ নিয়ে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো সহিংসতা চালিয়েছে, তাদের সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনা হচ্ছে। সহিংসতার পেছনে উসকানিদাতা ও অর্থায়নকারীদের চিহ্নিত করতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।