Image description
সংসদ অধিবেশনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর, এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য মোকাবিলায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী পতিত ও পরাজিত অপশক্তি আওয়ামী লীগের পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জাতীয় সংসদে দেওয়া এ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে সংসদ এবং সংসদের বাইরে থাকা গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও ৭ নভেম্বরের চেতনায় এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে আর কখনোই কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। যেসব অপশক্তি ও তাঁবেদারি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জনগণ তাদের প্রতিহত করবে।’

সংসদ নেতা বলেন, ‘সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌম সংসদ যেকোনো মূল্যে আমরা রক্ষা করব।’ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী জানান, নামমাত্র খরচে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু হবে। এ ছাড়া অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকেও প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে জনগণের পাশে থাকার এবং মাঠপর্যায়ে যেকোনো নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

পলাতক চক্রের কর্মকাণ্ডের সমালোচনা. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন যে দলটির পলাতক নেত্রী জনগণের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিচ্ছেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এনসিপি সভাপতি নাহিদ ইসলাম এবং একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি। পোশাক খাতের অস্থিরতা ও নতুন মজুরি, গার্মেন্ট শিল্প ধ্বংস করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কোনো উসকানিতে কারখানা ভাঙচুর না করার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই শ্রমিকদের নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের সব অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।’ দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র-তারা সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেটিও আমরা দেখেছি। এরপর এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা-ও দেখেছি। শুধু তাই নয়, ইতালিতে একজন নারী শিল্পীর ওপর তারা কীভাবে বর্বর আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ করেছে।’ তারেক রহমান অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। তারা সন্ত্রাসী গোষ্ঠী।’ তিনি বলেন, ‘দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

সন্ত্রাসীদের আশ্রয়প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।’

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেব না।’ তিনি আরও বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির-সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই দেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এমপিদের মাঠে থাকার নির্দেশ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন শেষ হওয়ার পরপরই এমপিদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, রাজপথে থেকেই নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবিলা করতে হবে। চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত একাধিক সদস্য সংসদের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে। সভায় এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেকোনো নৈরাজ্য, নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলার নির্দেশনা দেন সংসদ নেতা। তিনি বলেন, সবাই এলাকায় গিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন এবং জনস্বার্থমূলক কার্যক্রমে সক্রিয় হবেন। নির্বাচনি এলাকায় সময় দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করবেন। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো নাশকতা ঠেকানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আপনারা প্রত্যেকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্বও আপনার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি মূল মঞ্চে ছিলেন এবং সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজান সভা পরিচালনা করেন।

সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্প খাতের অবস্থা এবং সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংসদে সরকারের নীতি ও সাফল্যগুলো জোরালোভাবে তুলে ধরারও তাগিদ দেওয়া হয়।

সূত্র জানায়, সভায় আইনশৃঙ্খলাসহ দেশব্যাপী চলমান সহিংসতার বিষয়ে আলোচনা হয়। এতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সাম্প্রতিক সহিংসতার ঘটনার কথা উঠে আসে। এসব বিষয়ে দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত গার্মেন্টস সেক্টরের উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে সব কার্যক্রম স্বাভাবিক রাখতে যা যা করা দরকার তা-ই সরকার করবে বলে উল্লেখ করা হয়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় সহিংসতার ঘটনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনা এবং এর পেছনে সক্রিয় অপতৎপরতা মোকাবিলায় ক্ষমতাসীন দলের ভূমিকা কেমন হওয়া উচিত, তা নিয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদ সদস্যদের শুধু ঢাকায় বা সংসদীয় কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের নির্বাচনি এলাকায় স্থায়ীভাবে সময় দিতে হবে এবং সাধারণ মানুষের সার্বিক খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংহত এবং জনসম্পৃক্ততা বহুগুণ বাড়িয়ে তোলার ওপর জোর তাগিদ দেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপতৎপরতা রোধে কঠোর বার্তা দেন তিনি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ ষড়যন্ত্রমূলক যেকোনো অপচেষ্টা রুখে দিতে দলীয়ভাবে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালিয়েছে। অনেকে আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই। তবে তিনি শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, এ বি এম মোশাররফ হোসেন এমপি প্রমুখ বক্তব্য রাখেন।