বরিশালে শেখ ফারহান নাদীম নামের জেলা জজ আদালতের এক বিচারক নিখোঁজ। ওই বিচারক বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দীগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত ছিলেন। মঙ্গলবার অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি। গতকাল আদালতেও অনুপস্থিত ছিলেন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বলেন, শেখ ফারহান নাদিম মঙ্গলবার অফিস করেছেন। এরপর আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও তিনি আদালতে উপস্থিত হননি। এ বিষয়ে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি।
পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকালে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারক শেখ ফারহান নাদীমের উপস্থিতির তথ্য পাওয়া যায়।
এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিকাল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাকে রিকশায় যেতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, গতকাল সকাল পর্যন্ত তিনি বাসা কিংবা আদালতে পৌঁছাননি। বিষয়টি জানার পর আদালতের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকাল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।