Image description

দেশের বর্তমান অস্থিতিশীল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো বা উত্তেজনাপূর্ণ সিদ্ধান্তে যেতে চায় না সরকার। ঠাণ্ডা মাথায়, ধৈর্য ও সতর্কতার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল বেছে নিয়েছে সরকার। দলের প্রত্যেক এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই- এমন কঠোর বার্তাও দিতে চায় সরকার। সীমা অতিক্রম করা হলে কোনো ছাড় দেয়া হবে না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করে নিষিদ্ধ আওয়ামী লীগের আবারও অবৈধ এবং অনৈতিকভাবে ক্ষমতা দখলের কোনো অপচেষ্টা বরদাশ্‌ত করবে না। ওদিকে পরিস্থিতি মোকাবিলায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নেয়ার কথা ভাবছে সরকার।

গতকাল জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপি’র সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের প্রত্যেক এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে অনুষ্ঠিত বৈঠকে সরকারপ্রধান বলেন, পরাজিত ও পলায়নকৃত আওয়ামী লীগ আবারো দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। সারা দেশে অগ্নি সন্ত্রাস, ককটেল বিস্ফোরণসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এটাকে প্রতিহত করতে হবে। যে কোনো উপায়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত দুইজনের সঙ্গে কথা হয়েছে মানবজমিন’র। তারা জানিয়েছেন, একটি অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলেও তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। নৈরাজ্য সৃষ্টি করে কিংবা জনজীবনে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতায় ফিরে আসার রাজনীতি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। এ ধরনের কোনো অপচেষ্টা করা হলে দেশের মানুষই সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, উস্কানিতে পা না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। কিন্তু ধৈর্যের সুযোগ নিয়ে কেউ যদি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত এবং জোরপূর্বক ক্ষমতা দখলের কোনো চেষ্টা করে তাহলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। তাদের রাজনীতি হচ্ছে সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতন। অতীতের এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেয়ার নির্দেশনাও দেয়া হচ্ছে।

ওদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত সারা দেশে লকডাউন কর্মসূচি ঘিরে সতর্কাবস্থান নিয়েছে বিএনপি। সকাল থেকেই রাজপথে থাকার কর্মসূচি গ্রহণ করেছে দলটি। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনও একই কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ মিছিল বের করবে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় পৃথকভাবে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করবেন। একইভাবে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও মাঠে থাকবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগেও কর্মসূচি পালন করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। তবে সহ্যের একটা সীমা আছে। সহ্যের সীমা অতিক্রম হলে কোনো ছাড় দেয়া হবে না। একটা অনৈতিক ও গুণ্ডা সরকার নৈরাজ্য করে আবার ক্ষমতা দখল করবে, সেটা বাংলাদেশে কখনো হয়নি। আর হবেও না। দেশের মানুষ ব্যাপকভাবে প্রতিরোধ করবে। আর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, শামা ওবায়েদ, মোশাররফ হোসেন, এসএম জিলানীসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ আর দোসর আখ্যা দেন এবং বিগত ১৭ বছরের নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তাদের ভাষ্য বলেন, ওই আওয়ামী লীগকে এখনই রুখে দিতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এমনকি গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে।
বৈঠকে আবেগঘন বক্তব্যে রাখেন- গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী। তিনি বলেন, তার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। দলের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। তাদের রক্তাক্ত করা হয়েছে। একটি শান্তিপূর্ণ জনপদকে আজ ওই সন্ত্রাসী গোষ্ঠী অশান্ত করে তুলেছে। তিনি তার নেতা-কর্মীদের রক্ষায় কারও সাহায্য পাননি অভিযোগ করে বলেন, আজ আমি এই বৈঠক থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছি। হয়তো আর কখনো দেখা নাও হতে পারে। এরপরও দলের আদর্শকে সমুন্নত রাখতে, তার প্রিয় এলাকাবাসীর শান্তি বজায় রাখতে তিনি তার জীবনকে বাজি রেখেছেন। নিজের জীবনের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠিত হলে তিনি তাতেও রাজি আছেন বলেও বৈঠকে জানান।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামানোর জন্য যেভাবে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের প্রক্রিয়াতেই তাদের মোকাবিলা করতে হবে। সেখানে ডান, বাম এমনকি মধ্যপন্থাদের মধ্যে ঐক্য অটুট রাখা দরকার। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই পরাজিত শক্তিকে মোকাবিলা করা দরকার। এজন্য সবাইকে নিজ নিজ এলাকায় জনতার পাশাপাশি ভিন্ন মত, ভিন্ন পথ এবং সব বিরোধী দলকে এক সারিতে আনতে পারলে আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না।