কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের আলোচনা, দেশ জুড়ে নাশকতা-অগ্নিসংযোগ এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের নতুন তৎপরতা— সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির ময়দান। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি বিএনপি সরকারকেও রাজনৈতিকভাবে চাপে রাখতে চায় জামায়াতে ইসলামী।
দলটির কৌশলে দুটি বিষয় সমান্তরালে গুরুত্ব পাচ্ছে। একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা মোকাবিলা, অন্যদিকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ অব্যাহত রাখা। এ লক্ষ্যে ডিসেম্বর জুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে জামায়াত।
আগামীকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমে যার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া আগামী ২১ নভেম্বর রাজধানীতে সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।
তবে জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিএনপি সরকারের প্রতি তাদের শর্তসাপেক্ষ সহযোগিতার প্রস্তাব। দলটির নেতারা বলছেন, সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সংসদে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে বিএনপিকে সহযোগিতা করতে প্রস্তুত তারা। কিন্তু গণরায় উপেক্ষা করে সরকার চলতে থাকলে আন্দোলন থেকে সরে আসবে না জামায়াত। অর্থাৎ আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক ঐক্যের প্রশ্নে ইতিবাচক অবস্থান থাকলেও সরকারের প্রতি সমর্থনের ক্ষেত্রে নিজেদের রাজনৈতিক দাবিতে অনড় থাকতে চায় দলটি।
সাম্প্রতিক রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, সরকারি স্থাপনায় হামলা এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পুলিশ ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন নাশকতার ঘটনায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করা হচ্ছে।
জামায়াত নেতাদের মূল্যায়ন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদী শক্তির অনুসারীদের অবস্থান এবং সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ফলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকেও সক্রিয় হওয়া প্রয়োজন।
দলটির নেতারা মনে করছেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ও নাশকতার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকা জরুরি। তবে সেই ঐক্য শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকলে হবে না। জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকানো এবং গণভোটের রায় বাস্তবায়নের মতো প্রশ্নেও অভিন্ন অবস্থান থাকতে হবে।
এক্ষেত্রে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব থাকলেও আওয়ামী লীগবিরোধী প্রশ্নে একসঙ্গে কাজ করার সম্ভাবনা পুরোপুরি নাকচ করছে না দলটি। তবে তাদের অবস্থান হচ্ছে, সরকার ও বিরোধী দলের রাজনৈতিক পরিচয় এবং দায়িত্ব আলাদা রেখেই জাতীয় স্বার্থে ঐকমত্য তৈরি করতে হবে।
জামায়াতের বর্তমান রাজনৈতিক কৌশলের অন্যতম প্রধান দিক হচ্ছে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি। দলটির নেতারা বলছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই জাতীয় সনদের পক্ষে মত দিয়েছেন। অথচ সরকার সেই গণরায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এতে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে বলে মনে করছে দলটি।
বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলছিলেন, ‘গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেই রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। এরপর সংসদে সরকারি ও বিরোধী দল সম্মিলিতভাবে সংস্কারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।’
তার ভাষ্য, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াত তাদের ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে। বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করতেও তারা প্রস্তুত।
সরকার জামায়াতের কাছে সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দিয়েছে কি না— এমন প্রশ্নে দলটির অবস্থান স্পষ্ট। মিয়া গোলাম পরওয়ার জানালেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। জামায়াতও সরকারকে কোনো শর্তে সহযোগিতা করার প্রস্তাব দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে, জনগণের রায় মেনে নেওয়ার দায়িত্ব সরকারের। সেই সিদ্ধান্ত নিলে সহযোগিতার পথ এমনিতেই তৈরি হবে।
আওয়ামী লীগের তৎপরতা ও সহিংসতার প্রতিবাদে ডিসেম্বর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে জামায়াত। গতকাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জননিরাপত্তা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্র বলছে, ডিসেম্বরের কর্মসূচিতে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা মোকাবিলা, ফ্যাসিবাদবিরোধী অবস্থান জোরালো করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন সামনে রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পূর্ব ঘোষিত রাজনৈতিক কর্মসূচিগুলোও অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, বিক্ষোভ ও সাংগঠনিক কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আগামীর সময়কে বললেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আমরাও চাই। তবে সেই ঐক্য হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের মাধ্যমে। বিচার না করায় এবং তাদের স্পেস তৈরি করে দিয়ে সরকার নিজেই এ ধরনের পরিস্থিতি তৈরি করেছে। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা আমাদের মতো করে মাঠে থাকব। তবে সরকার যদি জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, তা হলে জাতীয় ঐক্য হবে না। সরকার যদি বাস্তবায়ন করে, আমরা সম্মিলিতভাবেই কাজ করব।’
দলটির নেতাদের বক্তব্যে স্পষ্ট, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার প্রশ্নে তারা অন্য দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু সেই ঐক্যের বিনিময়ে সরকারের প্রতি নিজেদের বিরোধী দলের ভূমিকা শিথিল করতে চায় না জামায়াত। বরং গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে সামনে রেখে সরকারকে চাপে রাখার পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকাতে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা করছে দলটি।