ভরা মৌসুমে নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর, সদর ও হাতিয়াসহ সংলগ্ন চরাঞ্চলের রোপা আমন ধান ঝলসে গেছে। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অনাবৃষ্টি, লবণাক্ততা ও সার সংকটের কারণে হাজার হাজার হেক্টর জমির ফসল এভাবে ঝলসে নষ্ট হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চরাঞ্চলের অধিকাংশ জমির আমন ধানের গাছ আগুনে পোড়ার মতো জ্বলে গেছে। খেতের মাটিও ফেটে গেছে। গত রবিবার সরেজমিনে জেলা সদরের নোয়াখালী ও ধর্মপুর ইউনিয়ন, সুবর্ণচরের চরওয়াপদা, চরজব্বার, চরবাটা ও আমান উল্যাহ ইউনিয়নের বেশকিছু স্থানে যতদূর দেখা গেছে ততদূরই ঝলসে যাওয়া ফসলের দৃশ্য মিলেছে। শুধু সদর-সুবর্ণচর নয়, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও হাতিয়া উপজেলার চিত্রও একই। সুবর্ণচর উপজেলার ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়নের চরওয়াপদা গ্রামের কয়েকজন কৃষক জানান, এ বছর কেউ ৭ একর, কেউ ৫ একর জমিতে রোপা আমন আবাদ করেছেন। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে বৃষ্টি হয়নি। এই সঙ্গে লবণাক্ততার প্রভাব ও সার সংকটের কারণে জমির ফসল ঝলসে নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট যেটুকু আছে সেটুকুতে প্রত্যাশিত ফলন হয়নি।
কৃষক বলছেন, এ বছর জুলাই মাসে অতিবৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে তারা আবাদ করতে পারেননি। আবার যখন গাছে ধান আসার কথা, তখন বৃষ্টি না থাকায় দেখা দিয়েছে পানিশূন্যতা। ফলে খেতের ফসল ঝলসে গেছে, ফেটে গেছে মাটি। আবার কিছু কিছু গাছ দেখতে সুন্দর হলেও ফলন হয়নি। কেউ কেউ জমিতে সেচ দিয়ে কিছুটা রক্ষা পেলেও আরও পানির অভাবে জ্বলে গেছে ধান। আশপাশের খালে ও পুকুরেও পানি পাওয়া যায়নি।
নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, এ বছর জেলায় ১ লাখ ৭০ হাজার ৬২২ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। সে হিসাবে ৪ লাখ ৬৭ হাজার ৯৫০ টন ধান উৎপাদন হওয়ার কথা। তবে অনাবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করেন, কী পরিমাণ ক্ষতি হবে তার সঠিক হিসাব এখনো করা হয়নি। তিনি বলেন, ভবিষ্যতে পানির প্রাকৃতিক সোর্স বাড়ানো এবং লবণসহিষ্ণু জাত আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
নোয়াখালী অঞ্চল সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ. হা. মো. আমীর ফয়সল বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, চাষ পদ্ধতির পরিবর্তনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যরে জীবনকাল এবং লবণসহিঞ্চু ধানের জাত নির্বাচন করা জরুরি হয়ে উঠেছে।