Image description

অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) দেশে ভয়াবহ রূপ নিচ্ছে। সাধারণ অ্যান্টিবায়োটিকের পাশাপাশি গুরুতর সংক্রমণের চিকিত্সায় ব্যবহূত শক্তিশালী ওষুধও অকার্যকর হয়ে পড়ছে। শেষ ভরসা হিসেবে বিবেচিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও এখন হুমকির মুখে। হাসপাতালে প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুগুলোর ৩৬ শতাংশের বেশি এখন শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধী। এক বছর আগে এ হার ছিল ২৮.২ শতাংশ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় এ প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের বার্ষিক ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’-এ এসব উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনা পরীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নভেম্বর ২০২৬-এ প্রকাশিত এ প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিস্তার, জীবাণুর ধরন এবং চিকিত্সার জটিলতা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে মোট ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৫২টিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬.১ শতাংশ। আগের বছর ৪৬ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাত্ পরীক্ষার সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিরোধী জীবাণুর বিস্তারও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

শক্তিশালী অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না : প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে কার্বাপেনেম গোত্রের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বিশ্লেষণে। গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ব্যবহূত মেরোপেনেম এ গোত্রের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। কিন্তু ছয়টি প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, ৩ হাজার ৮১০টি বা ৩৬.২ শতাংশ জীবাণু মেরোপেনেম-প্রতিরোধী। আগের বছর এ হার ছিল ২৮.২ শতাংশ জীবাণুভেদে প্রতিরোধের হার আরো বেশি।

শেষ ভরসার ওষুধেও সতর্কসংকেত : Colistin-কে অনেক ক্ষেত্রে শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসেবে 

বিবেচনা করা হয়। প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে ক্লেবসিয়েলার ০.৪ শতাংশ এবং অ্যাসিনেটোব্যাক্টরের ০.৮ শতাংশ এ ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী। তবে রক্তের নমুনায় এ হার যথাক্রমে ৩.৬ ও ৩.১ শতাংশ। বিশেষজ্ঞদের জন্য এটি ভবিষ্যতের বড় সতর্কসংকেত।

কারণ, প্রচলিত অ্যান্টিবায়োটিক ব্যর্থ হলে চিকিত্সকেরা অপেক্ষাকৃত শক্তিশালী ও সীমিতসংখ্যক ওষুধের ওপর নির্ভর করেন। সেসব ওষুধও অকার্যকর হয়ে পড়লে রোগীর চিকিত্সার বিকল্প সংকুচিত হয়ে যায়।

সাধারণ সংক্রমণেও অকার্যকর ওষুধ :মূত্রনালির সংক্রমণে সবচেয়ে বেশি পাওয়া যায় ই. কোলাই জীবাণু। কিন্তু এ জীবাণুর বিরুদ্ধে প্রচলিত অনেক অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে। নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ই. কোলাইয়ের ৮২.৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৫.৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন, ৬২.২ শতাংশ সেফট্রিয়াক্সোন এবং ৫২.৯ শতাংশ জেন্টামাইসিনে সাড়া দিচ্ছে না।

মূত্রনালির সংক্রমণে বহুল ব্যবহূত নাইট্রোফুরানটোইনের বিরুদ্ধেও প্রতিরোধ বেড়েছে। এক বছরে এ হার ৩৩.৩ থেকে বেড়ে ৫০.১ শতাংশ হয়েছে। একই সময়ে প্রস্রাবের ই. কোলাইয়ে মেরোপেনেম প্রতিরোধ ১২.৫ থেকে বেড়ে ১৮.৪ শতাংশে পৌঁছেছে। তবে কিছু ওষুধ এখনো কার্যকর রয়েছে। পিপেরাসিলিন-ট্যাজোব্যাকটামের বিরুদ্ধে প্রতিরোধের হার ৯.৪ শতাংশ। কোলিস্টিন ও টাইগেসাইক্লিনও অধিকাংশ ক্ষেত্রে কার্যকর। ইতিবাচক দিক হলো, প্রস্রাবে ESBL উত্পাদনকারী ই. কোলাইয়ের হার ৩.১৬ থেকে কমে ২.৭ শতাংশ হয়েছে।

বাড়ছে এমআরএসএ, প্রতিরোধী হচ্ছে টাইফয়েডের জীবাণু :প্রতিবেদনে আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা এমআরএসএ বাড়ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এ জীবাণুর হার ২০২২-২৩ সালে ছিল ৯.৭ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে ১৯.২ শতাংশ হয়। সর্বশেষ প্রতিবেদনে এ হার দাঁড়িয়েছে ২৬.৩ শতাংশে।