আসন্ন ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, থারমাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ও সার্চলাইট। কোথাও কোথাও বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্টের সংখ্যা। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও নজরদারির কাজে সম্পৃক্ত করছে বিজিবি। এ ছাড়াও পুলিশ ও ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, ফেনী, রংপুর ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং পলাতক আসামিদের যাতায়াত ঠেকানোও এ তৎপরতার লক্ষ্য।
সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি : দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সিলেট সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আসা-যাওয়া করার অভিযোগ উঠেছে। গোপনে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে ফিরে যান তারা। গত ৮ নভেম্বর গোয়াইনঘাটের রাতারগুলে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ সরকারের গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়। এরপর সিলেট সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন ও সার্চলাইট ব্যবহার করে নজরদারি বাড়িয়েছে ৪৮ বিজিবি। ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক ব্যক্তির চলাচল সম্পর্কে বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ২৫ বিজিবি ব্যাটালিয়নও সীমান্তে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীনে ৩২৭ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্ট চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে সৌরবিদ্যুৎচালিত সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জনবল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ১৯টি বিওপিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
যশোর-সাতক্ষীরা সীমান্তে কয়েক স্তরের নিরাপত্তা : যশোরের ৭০ কিলোমিটার সীমান্তে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ৪৯ বিজিবি। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চালানো হচ্ছে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত পলাতক নেতা-কর্মীদের একটি অংশ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছে। তারা দেশে প্রবেশ করে নাশকতার চেষ্টা করলে যশোর ও সাতক্ষীরা সীমান্ত ব্যবহার করতে পারে-এমন আশঙ্কা থেকেই বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ টেলিফোনে জানান, তাঁদের আওতাধীন সীমান্তের সব গ্রামে মাইকিং করে গ্রামের লোকজনকে সজাগ করা হয়েছে। সীমান্তের গাতিপাড়া থেকে রুদ্রপুর পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়েছে যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশ সীমানায় পা রাখতে না পারে। অতিরিক্ত বিজিবি মোতায়েনসহ টহল টাইমও বৃদ্ধি করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে সীমান্তের প্রতিটি এলাকা নজরদারির মধ্যে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে গ্রামবাসী টহলে অংশ গ্রহণ করছেন। সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার নদী ও স্থল সীমান্তেও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ৩৩ ও ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ভোমরা স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত টহল ও তল্লাশি চলছে। ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, প্রতিটি বিওপিতে প্রয়োজনের তুলনায় বেশি সদস্য মোতায়েন রাখা হয়েছে। গত ১৫ নভেম্বর রাতে পাঁচটি স্থানে সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি কয়েক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা ও চুয়াডাঙ্গায় বাড়তি চেকপোস্ট : কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বিশেষ করে আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্তকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. লুৎফর রহমান জানান, নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
অন্যদিকে, ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তে টহল দ্বিগুণ করেছে ৪ বিজিবি। সিসিটিভি মনিটরিং, ফ্লাডলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবিও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সীমান্ত এলাকায় মাইকিং, মসজিদ ও বিভিন্ন জনসমাগমস্থলে সচেতনতামূলক সভা এবং তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব তথ্য নিশ্চিত করেন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি।
রাজশাহী ও রংপুরে গোয়েন্দা তৎপরতা
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়িয়েছে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান। রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ যাতে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, চেকপোস্ট ও টহল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
রংপুর বিভাগের ৫৩১ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। রংপুর ৫১ বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়েত জানান, যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
অন্যদিকে ৫ আগস্টের পর প্রথম চার মাসে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২৮ জন ভারতীয় নাগরিকসহ প্রায় ৯৫০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ছাত্রলীগের নেতা-কর্মী, পুলিশ সদস্য, কারাগার থেকে পলাতক আসামি ও বিদ্রোহী আনসার সদস্য ছিলেন। তবে মহেশপুর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসিন জানান, বর্তমানে আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি। বিজিবি কর্মকর্তারা বলছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা দেশত্যাগের যেকোনো চেষ্টা প্রতিহত করতে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সন্দেহজনক ব্যক্তির চলাচল বা কর্মকাণ্ড চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।