সিলেট সীমান্ত এলাকার বিশেষ বিশেষ প্রবেশ মুখ ও চিহ্নিত এলাকাগুলোতে ৪০টি চেকপোস্ট বসিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। এসব চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি। সীমান্ত এলাকা থেকে যারাই আসছেন তারা চেকপোস্টে তল্লাশির মুখোমুখি হচ্ছেন। রণজিৎকাণ্ডের ঘটনার পর বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে এই চেকপোস্ট বসানো হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। সিলেট বিজিবি’র সেক্টর কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের ৫৬টি বিওপিতে মোট ১২০০ জন বিজিবি সদস্য সব সময় পাহারায় নিয়োজিত রয়েছেন। একইসঙ্গে দিনে ৬০ থেকে ৬৫ ও রাতে ৭৫ থেকে ৮৫টি টহল টিমের সদস্য বিশেষ অভিযান চালাচ্ছেন। সীমান্তের প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার অভ্যন্তরে বিজিবি’র বিশেষ টিমের সদস্যরা ড্রোন দিয়ে কড়া নজরদারি করছেন।
তারা জানিয়েছেন, সীমান্ত এলাকাকে আরও সুরক্ষিত রাখতে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইটভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে সেটি হচ্ছে সমন্বয়। শুধুমাত্র বিজিবি সদস্যরাই নয়, আইনশৃঙ্খলায় নিয়োজিত অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। বিজিবি’র ৪৮ ও ১৯সহ কয়েকটি সেক্টরের সিনিয়র কর্মকর্তারা প্রতিদিনই সীমান্ত এলাকা সফর করছেন। তারা সীমান্তবাসী বাংলাদেশি নাগরিকদের নিয়ে বৈঠক করছেন। সেসব বৈঠকে দেয়া হচ্ছে নির্দেশনাও। টহলে থাকা বিজিবি জওয়ানদের সঙ্গে সমন্বয়, তথ্য আদান-প্রদানসহ নানা বিষয়ে সহযোগিতা চাওয়া হচ্ছে স্থানীয়দের থেকেও। এদিকে, সিলেট সীমান্তে চোরাচালান একটি বড় সমস্যা। সীমান্ত এলাকায় যুগ যুগ ধরে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট। তাদের নিয়ন্ত্রণ রয়েছে সীমান্ত এলাকায়। এখানে রাজনৈতিক নেতাদেরও আধিপত্য রয়েছে। ফলে ফল, সবজি, মসলার চোরাচালানের ফাঁকে সীমান্ত গলিয়ে হয় মানবপাচার, মাদক ও আগ্নেয়াস্ত্রের চোরাকারবার।
সীমান্তের নিয়ন্ত্রক সিন্ডিকেট এক নয়, একাধিক অপরাধের সঙ্গে জড়িত। ফলে ফল, সবজি ও মসলার চোরাচালানের ফাঁকে নিয়ে আসা হচ্ছে মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। সম্প্রতি সময়ে অপরাধীরা এসব পণ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে। এরসঙ্গে জড়িত দেশের অপরাধী ও নাশকতাকারী চক্র। এ নিয়ে টেনশন বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে এসব মালামাল বেশি আসছে। সম্প্রতি সিলেট পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মাদককে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত দিয়ে আসা মাদকে সিলেট নগর ও গোটা বিভাগই সয়লাব। ফলে মাদকাসক্তদের দ্বারা সংঘটিত হচ্ছে লোমহর্ষক ও চাঞ্চল্যকর অপরাধ। মাদক পাচারের রুট বন্ধ না হওয়ার কারণে মাদক বিক্রেতা ও সেবীদের গ্রেপ্তার করেও কার্যকর সুফল মিলছে না। অবৈধ আগ্নেয়াস্ত্রও আতঙ্ক বাড়িয়েছে। সম্প্রতি বানিজ্যমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ে এ বিষয়টি আলোচিত হয়েছে। সীমান্ত দিয়ে আসছে বিস্ফোরকের চালান।
গত ১৪ই নভেম্বর কানাইঘাট সীমান্তে বিজিবি’র এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকের চালান আটক হয়েছে। ১৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমদ চালান আটকের দিনে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ওইদিন ভোরে কানাইঘাটের নুনুছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা ৪৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করেছে। তবে ওই অভিযানে কাউকে আটক করা যায়নি। কারা, কীভাবে এই চালান নিয়ে এসেছে সে ব্যাপারে বিজিবি’র তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। সিলেট বিজিবি’র সীমান্ত এলাকার কার্যক্রমের বিবরণ তুলে ধরে কর্নেল সোহেল জানান, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীমান্ত এলাকায় ৫৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রচেষ্টার ঘটনায় ১২০ জনকে প্রতিহত করা হয়। বিছনাকান্দি সীমান্তে সশস্ত্র বিএসএফ সদস্য আটক: বিছনাকান্দি সীমান্তে সশস্ত্র বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে বিএসএফ’র ওই সদস্যকে আটক করা হয় বলে জানান ৪৮ বিজিবি’র অধিনায়ক লে, কর্নেল নুর উদ্দিন। মানবজমিনকে জানিয়েছেন, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল। আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ওই বিজিবি সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।