Image description

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা এবং এটিএম বুথ থেকে ক্যাশ বা নগদ ৫০০ ও ১০০০ টাকার নোট উত্তোলনে চাহিদামতো না পাওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে। ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল না পেয়ে অনেক গ্রাহককেই ১০০ বা ২০০ টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরতে হচ্ছে। এতে বড় অঙ্কের লেনদেন ও নগদ অর্থ বহনে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।
বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বললে তারা জানান, ব্যাংকের শাখাগুলোর কোথাও গ্রাহককে ছোট মূল্যমানের নোট দিয়ে টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে। কোথাও আবার চাহিদার তুলনায় কম নগদ অর্থ নিয়ে ফিরতে হচ্ছে। এতে ব্যক্তিগত লেনদেন থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমে বিড়ম্বনা তৈরি হচ্ছে।

তবে বিষয়টিকে সরাসরি ব্যাংক খাতের তারল্য সংকট হিসেবে দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তারা বাজারে নগদ অর্থের প্রবাহ এবং নতুন নোটের সরবরাহের মধ্যে একটা অসামঞ্জস্যতা উল্লেখ করেছেন। তবে নগদ টাকার কোনো ঘাটতি নেই বলে দাবি করেছে সংস্থাটি। অন্যদিকে ব্যাংকারদের মতে, বাংলাদেশ ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ অর্থ না পাওয়ায় কিছু ব্যাংককে গ্রাহকের নগদ চাহিদা পূরণে চাপের মুখে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নকশার নোট ছাপানো ও বাজারে ছাড়ার প্রস্তুতি, পুরনো নোটের প্রবাহ কমে যাওয়া এবং ব্যাংকগুলোর নিজস্ব ভল্টে বড় নোটের মজুত কমে যাওয়ায় সাময়িক এই সংকট তৈরি হয়েছে।

রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন মোড় এলাকার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাহকরা চেকের মাধ্যমে বড় অঙ্কের টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তারা তাদের ৫০০ বা ১০০০ টাকার নোট দিতে অপারগতা প্রকাশ করছেন। অনেক ক্ষেত্রে ৫০ হাজার বা ১ লাখ টাকা তুলতে গেলে পুরোটাই ১০০ ও ২০০ টাকার নোটে পরিশোধ করা হয়েছে। একই চিত্র দেখা গেছে এটিএম বুথগুলোতেও। বেশির ভাগ বুথে বড় নোট না থাকায় নির্দিষ্ট সীমার চেয়ে কম টাকা উত্তোলন করতে হচ্ছে গ্রাহকদের।
মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকে টাকা তুলতে আসা ব্যবসায়ী মাইনুল হক বলেন, ব্যবসায়িক কাজের জন্য ২ লাখ টাকা তুলতে এসেছিলাম। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়েছে- তাদের কাছে ১০০০ টাকার নোট ও ৫০০ টাকার নোট খুব সীমিত। বাধ্য হয়ে ১০০ ও ২০০ টাকার নোটের বিশাল বান্ডিল নিয়ে ফিরতে হচ্ছে, যা বহন করা খুবই ঝুঁকিপূর্ণ ও ঝামেলার।

একটি বাণিজ্যিক ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী ৫০০ ও ১০০০ টাকার নোট সরবরাহ কম পাওয়া যাচ্ছে। এ ছাড়া বাজারে মানুষের হাতে থাকা নগদ অর্থ ব্যাংকে ফেরার গতি কিছুটা কম হওয়ায় ভল্টে বড় নোটের টান পড়েছে।
এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়মিত বড় নোটের চাহিদা দিচ্ছি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের ১০০ ও ২০০ টাকার নোট বেশি দেয়া হচ্ছে। ফলে শাখা ও এটিএম বুথগুলোতে ৫০০ ও ১০০০ টাকার নোটের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।

আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, বাজারে প্রচলিত অনেক পুরনো নোট ছেঁড়া-ফাটা ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এর বিপরীতে সমপরিমাণ নতুন বড় নোট এখনো বাজারে আসেনি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের বাজারে প্রচলিত মোট নগদ অর্থের (কারেন্সি ইন সার্কুলেশন) প্রায় ৮০ শতাংশেরই বেশি ৫০০ ও ১০০০ টাকার নোট।

নতুন নোটের সরবরাহে ঘাটতির পেছনে নোট ছাপানোর কাঁচামাল ও ব্যয় গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে নতুন নোট ছাপাতে বাংলাদেশ ব্যাংকের ব্যয় হয়েছে ৪৫৮ কোটি ৯২ লাখ টাকা। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ২৩৪ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরে নোট ছাপানোর ব্যয় বেড়েছে প্রায় ৯৫.৪৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কাগজ, বিশেষ কালি, নিরাপত্তা সুতা ও অন্যান্য রাসায়নিক উপাদানের বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। কাঁচামালের মূল্য, পরিবহন ব্যয় এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় নোট ছাপানোর খরচও বেড়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, ডিজিটাল লেনদেন (অনলাইন ব্যাংকিং, এমএফএস ও কার্ড) বাড়ানো গেলে নগদ টাকার ওপর এই নির্ভরতা ও ভোগান্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

সামগ্রিক ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ৪ লাখ কোটি টাকার বেশি, সেই অর্থ সব ব্যাংকের হাতে সমানভাবে নেই। ফলে একদিকে কোনো কোনো ব্যাংক উদ্বৃত্ত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখছে, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোকে দৈনন্দিন নগদ চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিতে হচ্ছে।

গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলতে গেলে ৫০০ বা ১ হাজার টাকার নোটের বান্ডিল পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছে না। এর পরিবর্তে গ্রাহকদের ছোট ১০০ বা ২০০ টাকার নোটের বান্ডিল দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে বড় নোটের কোনো সংকট আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বড় নোট দেয়া বা উত্তোলনের ওপর কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হয়নি। বাজারে টাকা সরবরাহে সামগ্রিক কোনো ঘাটতি বা সংকট নেই। তিনি বলেন, ৫০০ বা ১ হাজার টাকার নোট কম পাওয়ার বিষয়টি কোনো জাতীয় বা সামগ্রিক সংকট নয়। এটি মূলত সম্পূর্ণভাবে নির্দিষ্ট কিছু ব্যাংকের নিজস্ব শাখাগুলোর অভ্যন্তরীণ ক্যাশ ব্যবস্থাপনা এবং তারা তাদের শাখাগুলোতে কী ধরনের নোট সরবরাহ করছে, সেটা তার ওপর নির্ভর। সব ব্যাংকের পরিস্থিতি এক রকম নয়। দু-একটি ব্যাংকের কিছু শাখায় বড় নোটের সাময়িক ও ভিন্ন ধরনের ব্যবস্থাপনা হলেও সামগ্রিকভাবে বাজারে বড় নোটের বা অর্থের কোনো ঘাটতি নেই।