Image description

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেয়া হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে রায়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। মঙ্গলবার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এডভোকেট হাফিজুর রহমান এবং নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা রায়টি পর্যালোচনা করে আসামি স্বপ্না খাতুনের খালাসের বিরুদ্ধে আপিল করবো কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবো। এদিকে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব। এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করা হয়। শুরুতে গত ৭ই জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেয়া সব সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান আদালত। পরে, হাইকোর্টে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাবমিশনের বিষয়ে মতামত প্রকাশ করেন আদালত। প্রথমে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন আদালত। পরে আসামি স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে সিদ্ধান্ত জানায় হাইকোর্ট।

রায়ের মূল দিক ও পর্যবেক্ষণ: রায়ে হাইকোর্ট সোহেল রানার জেল আপিল খারিজ করে তার ডেথ রেফারেন্স অনুমোদন করেন এবং স্বপ্না খাতুনের আপিল গ্রহণ করে তার ডেথ রেফারেন্স বাতিল করেন। অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে স্বপ্না খাতুনকে অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী পর্যবেক্ষণে বলেন, আসামির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ৮ নম্বর সাক্ষীর জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন এবং চিকিৎসকের (১৯ নম্বর সাক্ষী) সাক্ষ্যে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, ধর্ষণ ও হত্যাকাণ্ডটি সোহেল রানাই ঘটিয়েছে। অপরাধটি ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক এবং ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। তাই তার মৃত্যুদণ্ড কমানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বলেন, এই মামলায় ট্রাইব্যুনাল সোহেল রানাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ও ৩০ ধারায় দোষী সাব্যস্ত করেন। ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রাখা হয়েছে। তবে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন-এমন কোনো বক্তব্য নেই বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত এবং অন্যান্য সাক্ষী দ্বারাও স্বপ্না খাতুনের কার্যকরী কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। স্বপ্না খাতুনকে কক্ষের ভেতরে পাওয়া গেলেও শুধু এ কারণে ৯(২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে মনে করেন আদালত।

আদালত বলেন, ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। তবে ওই ধারার বিধান পর্যালোচনায় স্বপ্না খাতুনের ক্ষেত্রে তা প্রযোজ্য হওয়ার কোনো ভিত্তি পাওয়া যায়নি। দণ্ডবিধির ২০১ ধারার শেষাংশে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্যে অপরাধ সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। আদালত বলেন, এখানে ওই উদ্দেশ্য বলতে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্য বোঝানো হয়েছে। কিন্তু স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এমন কোনো অভিযোগ আনেনি। এমনকি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো অভিযোগ নেই। বরং ঘটনার পর স্বপ্না খাতুনই প্রথম সাক্ষীকে (রামিসার বাবা) বিষয়টি জানিয়েছিলেন, যার ভিত্তিতে বাবা এজাহার দায়ের করেন। নিষ্ক্রিয়তার মাধ্যমে স্বপ্না স্বামীকে সহায়তা করেছেন-অ্যাটর্নি জেনারেলের এমন যুক্তি গ্রহণ করেননি আদালত।

একদিনে ১৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নিয়ে হাইকোর্টের প্রশ্ন: রায়ের শেষাংশে বিচারিক আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেন, অপ্রাপ্তবয়স্ক শিশু হত্যার মতো মামলা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তবে ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’ (বিচারে বিলম্ব মানে বিচার অস্বীকার)-এর পাশাপাশি ‘জাস্টিস হারিড, জাস্টিস বারিড’ (তাড়াহুড়ো করে বিচার করতে গেলে ন্যায়বিচার ব্যাহত হয়)-এই নীতিও মনে রাখতে হবে। এ মামলায় ন্যায়বিচারের ব্যত্যয় না ঘটলেও একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অস্বাভাবিক (আনইউজুয়াল), যা ভবিষ্যতে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করতে পারে।

আদালতের এমন পর্যবেক্ষণের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির মানবজমিনকে বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির মূল কারণ হচ্ছে, আসামিকে সহজে গ্রেপ্তার ও শনাক্ত করা গেছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে তদন্তে সময় বিলম্ব হয়নি। পুলিশও দ্রুত অভিযোগপত্র দিতে পেরেছে। আলামত শক্তিশালী ছিল এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকায় আদালতেরও মামলাটি পরিচালনা করতে বেশি বেগ পেতে হয়নি। তিনি আরও বলেন, যেহেতু অপরাধ সংঘটনের স্থানটি নির্দিষ্ট একটি জায়গায় ও দু’জন অপরাধী, তাই এ মামলার তদন্ত দ্রুত করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি বলেন, একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার বিষয়টি অস্বাভাবিক। সাধারণত এমনটি হয় না। তবে ওইদিন ১৬ জন সাক্ষীকে হাজির করা সম্ভব হয়েছিল বলেই তাদের সাক্ষ্য নেয়া হয়েছে। এতে কোনো পক্ষের ওপর বিরূপ প্রভাব পড়েনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে একটি ইঙ্গিত ছিল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও মামলটি দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ গ্রহণ করেছে। আমার মনে হয়, সেটিও মামলাটি দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হয়েছে।