Image description

বিভিন্ন দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের লকডাউন ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রের ধারণা লকডাউন ঘিরে বড় নাশকতার ছক কষেছে দলটি। ইতিমধ্যে নাশকতার ঘটনা ঘটেছে অন্তত ২১টি জেলায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী লকডাউনকে কার্যকর করতে তৎপরতা চালাবে দলটির নেতাকর্মীরা।
সূত্রমতে, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পলাতক শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তৎপরতা চালিয়ে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি প্রকাশ হওয়া একটি অডিওতে দলটির নেতাদের অগ্নিসংযোগের নির্দেশনা দেয়ার বিষয়ও সামনে এসেছে।

সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে একে-অপরের সঙ্গে যোগাযোগ করছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ সমপ্রতি ভারতের কলকাতায় জড়ো হয়েছেন। বাংলাদেশে নাশকতায় তাদের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ। চলতি মাসে কলকাতা থেকে বেশ কিছু নেতাকর্মী বাংলাদেশে প্রবেশ করার অভিযোগ উঠেছে। নেতারা কলকাতায় বসে ডিসেম্বরের ছক কষছেন। তারই অংশ হিসেবে লকডাউন ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা ঘটছে। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে। নিয়মিত বৈঠক করে মাঠ পর্যায়ে নানা দিক-নির্দেশনা দিচ্ছেন।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নাশকতার ছক এবার সীমান্তবর্তী জেলায় ছড়িয়ে পড়তে পারে। কারণ দলটির নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অস্থিরতার পরিকল্পনা করছেন। সূত্রগুলো বলছে, আগামী ১৯শে নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের নাশকতার ছক কষা হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যানবাহন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং রাজনৈতিক দলের কার্যালয় ও বাড়িঘরে হামলা, ভাঙচুরের চেষ্টা করতে পারে। নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে দেশের সীমান্ত দিয়ে চোরাই পথে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দেশে প্রবেশ করছে বলেও তথ্য রয়েছে। গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করে বিজিবি। এই চালানকে ডিসেম্বরের আগে ও পরে বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে পুলিশও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের এসপিদের সতর্ক করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার কথা বলা হয়েছে।

ওদিকে সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। তুরাগ থানা জানিয়েছে, মুখে মাস্ক পরা দুই ব্যক্তি অফিসের বাইরের স্টিলের ফটকে আগুন দেয়। ফটকটি স্টিলের হওয়ায় আগুন ছড়াতে পারেনি, কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই নিভে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ পাসপোর্ট অফিস ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।