Image description
গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আর নীরব দর্শকের ভূমিকা পালনের সুযোগ নেই। এসব কর্মকাণ্ড প্রতিরোধে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে সদ্য পাওয়া একটি উদ্বেগজনক তথ্য সংসদের সামনে তুলে ধরা প্রয়োজন বলে তিনি মনে করছেন। গত কয়েক দিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। এরই ধারাবাহিকতায় আজ ওই জেলার টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতির মুখে পুলিশ আত্মরক্ষার্থে সরে যেতে বাধ্য হয়েছে।
 
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনার কথা শুনেছেন। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। অথচ কয়েক দিন ধরে সেখানে ধারাবাহিকভাবে এমন পরিস্থিতি বিরাজ করছে। সরকার এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে বলে দেখা গেছে। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তবে এর বাইরে আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
 
বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার যোগাযোগব্যবস্থা পরিচালিত হয়। ফলে দেশের একটি বড় অংশ নিরাপত্তাঝুঁকির মধ্যে রয়েছে। সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এ বিষয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে আশ্বস্ত হওয়ার প্রত্যাশা জানান। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, জনবল এবং স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।
 
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সরকারের কাছেও এ ধরনের তথ্য থাকার কথা বলে তিনি আশা প্রকাশ করেন। তবে সরকারের কাছে তথ্য না থাকলে এবং বাস্তবে এমন কোনো ঘটনা না ঘটলে সেটি ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
তার দাবি, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় অগ্নিসংযোগ করা হবে এবং কোন কোন স্থানে লুটপাট চালানো হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে। এরপরও দেশে সরকার ও সংসদ কার্যকর থাকা সত্ত্বেও এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ তার চোখে পড়ছে না। এ অবস্থায় জাতিকে আশ্বস্ত করতে এবং সংসদকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
 
সংসদে গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ খাতকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কেউ পরিসংখ্যানের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরেছেন, আবার কেউ এ শিল্পের সম্ভাবনার দিকগুলো ব্যাখ্যা করেছেন। উপস্থাপিত তথ্যগুলো যথাযথ হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
 
তিনি বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৮০ শতাংশ এ খাত থেকে আসে। এখান থেকে বছরে প্রায় ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়। এরপর বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
 
এই শিল্পে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে বলে সতর্ক করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, শিল্প উদ্যোক্তা ও মালিকেরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে ব্যাংকিং খাতও সংকটে পড়বে। ব্যাংকগুলো কিস্তির অর্থ ফেরত না পেলে অর্থের প্রবাহ বা মানি সার্কুলেশন ব্যাহত হবে।
 
তিনি আরও বলেন, কারখানাগুলো উৎপাদন চালিয়ে যেতে না পারলে শ্রমিকদের পাওনা পরিশোধ করাও মালিকদের পক্ষে কঠিন হয়ে পড়বে। ফলে কারখানা লে-অফ হতে পারে। এর পরিণতিতে আবারও বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে মালিক, শ্রমিক কিংবা দেশের কারও কোনো লাভ হবে না; বরং সবাই ক্ষতিগ্রস্ত হবে।
 
শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কাজ হারালে তারা কোথায় যাবেন, সেটিও বড় প্রশ্ন। এই মুহূর্তে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ দেশে রয়েছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন। এমন সুযোগ না থাকলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে, যার প্রভাব পুরো জাতির ওপর পড়বে। তাই গার্মেন্টস খাতের সমস্যাকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই।
 
তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার এককভাবে এ খাতের সংকট মোকাবিলায় ব্যর্থ হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সরকার তার প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটি সরকারের সিদ্ধান্ত হলেও তিনি সহকর্মী সংসদ সদস্যের দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
 
গার্মেন্টস শিল্পের সংকট মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন জামায়াত আমির।
 
তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার দায়িত্ব সবার। এ দায়িত্ব পালনে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় টাস্কফোর্স গঠন করা হলে বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। তার বিশ্বাস, এ উদ্যোগ শিল্প খাতের অস্থিরতা কমাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
 
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা জরুরি। বর্তমানে এ খাতে আস্থাহীনতার একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব।
 
এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাবও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে গার্মেন্টস শিল্পের রপ্তানি আয়ে বড় অবদান রয়েছে। এ কারণে প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের উদ্যোগের নজির রয়েছে। সেখানে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সরকার সরাসরি আর্থিক সহায়তা দিয়ে থাকে।
 
তিনি বলেন, শিল্প মালিকেরা উৎপাদন বাড়াতে না পারলে কিংবা লাভের মুখ দেখতে ব্যর্থ হলে কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই শিল্প মালিকদের পাশাপাশি শ্রমিকদের স্বার্থও রক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে সরকারকে উভয় পক্ষের পাশে দাঁড়াতে হবে।
 
তার মতে, মজুরি বোর্ড গঠন একটি ইতিবাচক পদক্ষেপ। তবে সামগ্রিক সংকট মোকাবিলায় শ্রমিকদের জন্য সরকারি আর্থিক প্রণোদনার প্রস্তাবটি বিবেচনা করা হলে সংশ্লিষ্ট সবাই মিলে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
 
সংসদে বক্তব্যের শেষ পর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, একটি সমস্যাকে নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করার কোনো কারণ নেই। নিজের চিকিৎসক পরিচয়ের উদাহরণ টেনে তিনি বলেন, শরীরের কোনো বিষফোঁড়ার জীবাণু রক্তে মিশে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই জীবাণু রক্তে ছড়িয়ে পড়ার আগেই আক্রান্ত স্থানেই সমস্যার চিকিৎসা করতে হবে।
 
তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে অনেক নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারসহ সবার সম্মিলিত দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
 
ডা. শফিকুর রহমানের ভাষ্য, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসে— এমনটি বলা যায় না। দেশপ্রেমিক কেউ সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে না, মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না কিংবা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে না।
 
তিনি আবারও বলেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আর বসে বসে দেখার সময় নেই। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অবশ্যই কার্যকর প্রতিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।