বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় জাহাজের ক্রুদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে ট্যাংকারটিতে প্রথম হামলার খবর পাওয়া যায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছিল।
তবে পরবর্তী হালনাগাদ তথ্যে ইউকেএমটিও জানায়, জাহাজটিতে দ্বিতীয় দফায় আঘাত হানা হয়েছে। এতে আগুন আরও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্রুদের অবস্থান অজানা। জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ওই পথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি। তবে হামলাকারী বা জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি অননুমোদিত জাহাজ নৌমাইনে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে একটি দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকার এবং অন্যটি তরলীকৃত গ্যাসবাহী জাহাজ।
আইআরজিসির দাবি, জাহাজ দুটি মার্কিন যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে ইউকেএমটিওর জানানো ট্যাংকারটি এই দুটি জাহাজের কোনোটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে এসব ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি