Image description

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সংখ্যা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময়ের চেয়েও বেড়েছে। গত ফেব্রুয়ারি ও মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তখনকার তুলনায় বর্তমানে ওই অঞ্চলে বেশি মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, উপসাগরীয় অঞ্চল, আরব সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের কত সেনা ও যুদ্ধজাহাজ রয়েছে, তা বিভিন্ন উন্মুক্ত সূত্র থেকে সংগ্রহ করে এই তথ্য তৈরি করা হয়েছে।

আইএনএসএসের মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আগের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র সময়ের চেয়েও বেশি। এতে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পাশাপাশি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও বেড়েছে। তবে ঠিক কতটি যুদ্ধজাহাজ ও কতসংখ্যক সেনা মোতায়েন রয়েছে, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

 
 
 

আইএনএসএসের প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, মার্কিন বিমানবাহী রণতরি জর্জ ওয়াশিংটন, জর্জ এইচ ডব্লিউ বুশ ও থিওডর রুজভেল্ট বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে। এগুলোর সঙ্গে আরও কয়েকটি সামরিক জাহাজও মোতায়েন করা হয়েছে।

 
 

গত ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সামরিকভাবে ইরানের যুদ্ধ কার্যত শেষ। তবে ইরানের ওপর অর্থনৈতিক চাপ ধরে রাখতে নৌ অবরোধ চালু থাকবে।

 

এদিকে, মধ্যপ্রাচ্যে ২০০টির বেশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান থাকলেও স্থলঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমানের সংখ্যা মার্চের তুলনায় কম। আইএনএসএস জানায়, ইরানের হামলার ঝুঁকি থাকায় কিছু বিমান মধ্যপ্রাচ্যের পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু বিমান পাঠানো হয়েছে ইউরোপে।

প্রতিষ্ঠানটির মতে, যুদ্ধজাহাজের তুলনায় যুদ্ধবিমান দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানশক্তির অবস্থান দ্রুত বদলে যেতে পারে।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়ন হয়নি। এরপর জুলাই থেকে দুই দেশের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি