Image description

নরসিংদীতে একটি কারখানায় মাছের উচ্ছিষ্ট ও পচা প্রাণিজ বর্জ্য জ্বালানোর কারণে সৃষ্ট তীব্র দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর দাসপাড়া গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এ কারখানার কারণে দুটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্গন্ধের ভয়াবহতা এতটাই বেশি যে, এলাকায় আত্মীয়স্বজন আসা বন্ধ হয়ে গেছে এবং ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া নিয়েও চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কারখানাটিতে বিভিন্ন বাজার থেকে সংগৃহীত মাছের উচ্ছিষ্ট ও পচা-গলা প্রাণিজ বর্জ্য আনা হয়। দিনের বেলা এসব বর্জ্য সংগ্রহ করার পর ৫ থেকে ৬ জন লোক সন্ধ্যা নামলেই বড় বড় কড়াইয়ে আগুনে জ্বাল দিতে থাকে। রাত-দিন এভাবে বর্জ্য জ্বালানোর ফলে চারপাশে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

সরেজমিনে কারখানাটিতে গেলে সেটিতে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং কারখানাটিতে নামের কোনো সাইনবোর্ড টানানো নেই। তবে বাইরে থেকে টিনের দরজার ফাঁকা এবং খোলা জানালা দিয়ে দেখা গেছে, কারখানাটির ভেতর বড় বড় কড়াইয়ে সংগৃহীত মাছের উচ্ছিষ্ট ও পচা-গলা প্রাণিজ বর্জ্য আগুন দিয়ে জ্বাল করা হচ্ছে। এছাড়াও ঘরের বিভিন্ন স্থানে বড় বড় ড্রাম রাখা রয়েছে। মাছি উড়াউড়ি করছে ঘরের ভেতর ও বাহিরে। আবার অন্য এক খোলা জায়গায় রোদে কিছু বর্জ্য শুকানোর জন্য রাখা হয়েছে। এসব বর্জ্য মাছের খাবারে ব্যবহার করতে পারে বলে জানান এলাকাবাসী।

 
 
 

এছাড়াও, তীব্র দুর্গন্ধের কারণে কারখানার সামনে দিয়ে স্বাভাবিকভাবে কেউ চলাচল করতে পারছে না, যারাই যাচ্ছে তারা নাক-মুখ চেপে দ্রুত রাস্তা পার হচ্ছে। তীব্র দুর্গন্ধে সেখানে কয়েক মিনিট অবস্থান করাও কষ্টকর হয়ে যায়। এসময় পাশের বাড়িগুলোর দরজা জানালা বন্ধ দেখা গেছে। উঠানে বাড়ির নারীরা শাড়ির আঁচল নাকে চেপে কাজ করছিলেন তখন।

 

পবিত্র রাণী ধর নামে এক বৃদ্ধা বলেন, বাজারের যত পচা জিনিস আছে তা কারখানায় নিয়ে আসে। দুর্গন্ধে আমরা বাড়িতে থাকতে পারি না। বাতাসে দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে যায়। ফলে আমাদের বাড়ির লোকেরা অসুস্থ হয়ে পড়ছে। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারি না, মেহমান আসে না। আমাদের স্বাভাবিক জীবন নষ্ট হয়ে গেছে। আমরা কারখানাটি বন্ধের দাবি জানাচ্ছি।

 

সুকমল দাস আরেকজন বলেন, দুগন্ধের কারণে কোনো আত্মীয়স্বজন এখন আর এ গ্রামে বেড়াতে আসেন না। কোনো অতিথি আসলেও দুর্গন্ধে টিকতে না পেরে না খেয়েই চলে যান। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রে। দুর্গন্ধের কারণে কোনো পক্ষই এ গ্রামে বিয়ে দিতে বা করাতে রাজি হয় না।

তিনি আরও বলেন, পচা বর্জ্য তারা কী করে তা আমাদের জানা নেই। তবে শুনেছি, মাছের খাদ্য বানাতে এ বর্জ্য ব্যবহার করে।

অঞ্জনা রানী দাস বলেন, তীব্র দুর্গন্ধের কারণে দিন-রাত ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও কোনো স্বস্তি মিলছে না। বাতাসের সঙ্গে ছড়ানো এ বিষাক্ত গন্ধে শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সী মানুষ শ্বাসকষ্ট, বমি ভাবসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। প্রায় সময়ই ঘরের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন। ঠিকমতো ঘরে খাবারও খেতে পারছি না। খাবার নিয়ে বসলেই দুর্গন্ধের কারণে খাবার না খেয়েই উঠে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মোল্লা বলেন, এ রাস্তা দিয়ে দুর্গন্ধের কারণে আমরা যেতে পারি না, যদি ভুলবশত এ রাস্তাটি দিয়ে আমরা যাতায়াত করে তবে আমাদের অনেক বমি বমি লাগে। সে দিনটাই অনেক কষ্টে কাঠে। সারাদিনই যেন মনে হয়, শরীরের মধ্যে দুর্গন্ধ লেগে আছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা এ দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই।

আবদুল মান্নান নামে আরেক বাসিন্দা বলেন, দুর্গন্ধ এতটাই প্রকট এর সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ বমি করে। এর প্রভাবে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এলাকাবাসী কয়েকবার কারখানায় তালা দিলেও সবুজ প্রভাবশালীদের ম্যানেজ করে আবার কারখানা চালু করে। আমরা প্রশাসনের কাছে এটি বন্ধ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার দাবি করছি।

এ ব্যাপারে কারখানাটি পরিচালনাকারী মেহেরপাড়া গ্রামের সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, আমি জানতে পেরেছি, মাছের উচ্ছিষ্ট অংশ, নাড়িভুঁড়ি জ্বাল দিয়ে গবাদিপশুসহ মাছ-মুরগির খাবার বানানোর কাজে তারা ব্যবহার করে। আমার মনে হয়, গবাদিপশুসহ মাছ-মুরগির জন্য খাবার তৈরি করে থাকলে এটা ক্ষতিকর উপাদান হবে এবং মানব দেহের স্বাস্থ্যের ঝুঁকি থাকবে। তবে প্রতিষ্ঠানটির পরিবেশের কোনো ছাড়পত্র নেই, আমরা এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।