Image description

পরিবারের মুখে হাসি ফোটাতে বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রিসে যেতে লিবিয়া থেকে সাগরপথে যাত্রা করেছিলেন হবিগঞ্জের সাত যুবক। কিন্তু ভূমধ্যসাগরে নৌকাডুবির পর নিখোঁজ রয়েছেন ছয়জন। নিখোঁজের ১৫ দিন পার হলেও মেলেনি সন্ধান।

একই নৌযানে থাকা তাদের এক সহযাত্রী প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তার বর্ণনায় উঠে এসেছে নৌকায় ছিদ্র, যাত্রীদের পানিতে পড়ে যাওয়া এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা লিবিয়ায় পাড়ি জমান। সেখান থেকে গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত যুবক।

তাদের মধ্যে পুরাকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া এবং লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।

তাঁদের মধ্যে পুরাকলা গ্রামের মাসুম মিয়া গ্রিসে পৌঁছেছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, তাদের নৌকায় প্রায় ৬০ জন ছিলেন। একপর্যায়ে ভূমধ্যসাগরের মাঝপথে প্লাস্টিকের নৌকাটি ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এরপর যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। দুইদিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে তিনি গ্রিসে পৌঁছান।

নিখোঁজ ব্যক্তিদের পরিবারের দাবি, গ্রিসে যেতে দালাল প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

পুরাকলা গ্রামের নিখোঁজ পাবেল মিয়ার পিতা নুরুল ইসলাম বলেন, ‘১৫ দিন ধরে আমার ছেলে নিখোঁজ রয়েছে। জানি না বেচে আছে কি না। আল্লাহ যেন আমার ছেলে জীবিত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেন।’

অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাঁদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিসে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।