Image description
আমদানিতে যন্ত্রাংশ ঘোষণা : বাস্তবে কাটপিস

ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে একটি দেশীয় ও আন্তর্জাতিক চক্র। দুবাই, জাপানসহ বিভিন্ন দেশ থেকে আস্ত গাড়িকে কয়েক পার্টে ভাগ করে আমদানি করা হয়। বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিতে এসব গাড়ির ‘সিস্টেম আমদানি’কে যন্ত্রাংশ হিসাবে দেখানো হয়। আমদানির পর আগে থেকে নির্ধারিত ঘুস চ্যানেলে প্রতিটি গাড়ি পার করা হয়। এরপর চট্টগ্রামসহ দেশের নির্দিষ্ট কয়েকটি গ্যারেজে জোড়া লাগিয়ে ব্র্যান্ড নিউ গাড়ির পূর্ণাঙ্গ চেহারা ফিরিয়ে আনা হয়। এভাবে পুনঃসংযোজন করার পর একই চক্র পুরোনো গাড়ির নম্বরে বিআরটিএ থেকে সব কাগজপত্র বের করে। এজন্য গাড়িপ্রতি মোটা অঙ্কের চুক্তি করা হয়। এরপর সেই গাড়ি চড়া মূল্যে বিক্রি করা হয়।

এদিকে এভাবে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিনে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল শত শত নতুন গাড়ি। এ চক্রের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং কাস্টম হাউজের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। এছাড়া গোপন এই কারবারে খুব সতর্কতার সঙ্গে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কিছু বিশেষ গ্যারেজ মালিক। প্রশাসনের নজর এড়াতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে ভুয়া বা নামসর্বস্ব ঠিকানা। এসব সুযোগ কাজে লাগিয়ে একই সিন্ডিকেট অনেক সময় খেলনাসামগ্রী কিংবা ভিন্ন পণ্যের নামে কনটেইনারে করে বিলাসবহুল আস্ত গাড়িও নিয়ে আসে। কয়েকজন সাধারণ গাড়ি ব্যবসায়ী জানান, কোনো গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান যন্ত্রাংশ আমদানি করলে তা ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পপণ্য হিসাবে ঘোষণা দিয়ে থাকে। এক্ষেত্রে শুল্ক সুবিধা বা ছাড় রয়েছে। কিন্তু কমার্শিয়াল পণ্য হিসাবে আমদানি করলে সেক্ষেত্রে শুল্ক বেশি। আবার সম্পূর্ণ নতুন বা রিকন্ডিশন গাড়ি ও কমপ্লিট নক ডাউন (সিকেডি) গাড়ি আমদানি করলে সেক্ষেত্রে শুল্ক আমদানি বা ঘোষিত মূল্যের সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত হয়। তবে অডি, পোরশেসহ বিলাসবহুল অন্য গাড়ির শুল্ক ৮শ শতাংশের ওপরে। বিপুল অঙ্কের এই শুল্ক ফাঁকি দিতেই মূলত অসাধু চক্র পুরোনো গাড়ি কেটে দুই বা চার টুকরো করে যন্ত্রাংশ ঘোষণায় আমদানি করছে।

গত কয়েক মাসে চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে এ ধরনের বিলাসবহুল গাড়ির বেশ কয়েকটি চালান জব্দ করা হয়েছে। যন্ত্রাংশ ঘোষণায় আনার পর দেশের বিভিন্ন গ্যারেজে জোড়া দিয়ে ব্যবহার করা বিএমডব্লিউ-এর মতো গাড়িও জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আর এতেই বেরিয়ে আসছে নানা ধাপে থাকা চক্রের কারসাজি ও সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি। যন্ত্রাংশ ঘোষণায় টুকরো করে কিংবা বিশেষ কয়েকটি পার্ট খুলে আনা যন্ত্রাংশ চট্টগ্রামের কদমতলী, মুরাদপুর বিবির হাট রোড এবং অক্সিজেন এক্সেস রোডের বিশেষ কিছু গ্যারেজে জোড়া লাগানো হয়। ঢাকায়ও এ ধরনের কয়েকটি গ্যারেজ রয়েছে।

এদিকে দুবাই থেকে কাটপিস গাড়ি যন্ত্রাংশের ঘোষণায় বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে চট্টগ্রামের রাউজানের বাসিন্দা শেখ আজাদ খানের নাম উঠে এসেছে। ওই ব্যক্তি লোভনীয় অফার দিয়ে রীতিমতো ভিডিও কলে ও ফেসবুক লাইভে সেখানকার গ্যারেজের ছবি দেখিয়ে আমদানিকারকদের প্রলুব্ধ করেন বলে জানান সংশ্লিষ্টরা। একইভাবে জাপানেও বেশকিছু বাংলাদেশি গাড়ি ব্যবসায়ী রয়েছেন, যারা এই কাজটি করছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ২৭ আগস্ট চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকার একটি বাসা থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করে। মোংলাবন্দর দিয়ে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে গাড়িটি আমদানি করা হয়। পরে স্থানীয় গ্যারেজে পুনঃসংযোজন করে বিআরটিএ-এর নিবন্ধনে গাড়িটি চালানো হচ্ছিল। বিআরটিএতে খোঁজ নিয়ে জানা যায়, নিবন্ধন অনুযায়ী জব্দ গাড়িটির মালিক মোহাম্মদ আইয়ুব। তার বাবার নাম মাহফুজ আলী। ঠিকানা: উত্তর মাদারবাড়ি। রেজিস্ট্রেশন নম্বর: চট্টমেট্রো-গ-১১-৩৬৫১। এটি রেজিস্ট্রেশন হয় ২০০১ সালের ১৯ জুলাই। চেসিস নম্বর : ডব্লিউবিএসিএ০২০০০এডি৭০২৫৩। ইঞ্জিন নম্বর ১৮৪ই-এলএইচ-১৫৩৯৫। ঠিকানা: উত্তর মাদারবাড়ি। সদরঘাট। জার্মানির তৈরি ১৮০০ সিসির এই গাড়িটি ১৯৯৫ সালে বাজারে আসে বলে দেখানো হয়েছে। মূলত পুরোনো এই গাড়ির নিবন্ধন ব্যবহার করেই জব্দ করা সম্পূর্ণ নতুন বা ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ গাড়িটি রাস্তায় চলছিল।

অনুসন্ধানে জানা যায়, যে গাড়ির নিবন্ধন ব্যবহার করা হচ্ছিল, সেই গাড়িটি তিনবার হাতবদল হয়েছে। প্রথমে একটি কোম্পানির নামে, পরে আরও দুই ব্যক্তির নামে হাতবদল হয়। সেই নিবন্ধনটিই নতুন গাড়িতে ব্যবহার করছিলেন আইয়ুব। প্রকৃত অর্থে নিবন্ধিত মূল গাড়িটি অন্তত ৩০ বছরের পুরোনো। সেটি বর্তমানে রাস্তায় চলার উপযোগিতাও হারিয়েছে। গাড়টি জব্দের পর এক সংবাদ সম্মেলনে সিআইআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, ‘খুচরা যন্ত্রাংশ আমদানির আড়ালে একটি নেটওয়ার্ক বিলাসবহুল গাড়ি তৈরি করে দেশের বাজারে ব্যবহার করছে। এতে সরকার রাজস্ববঞ্চিত হচ্ছে এবং গাড়ির বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এর আগেও এ ধরনের চালান এসেছে।’

৬ অক্টোবর চট্টগ্রাম বন্দরে এক অভিযানে যন্ত্রাংশ ঘোষণায় খণ্ডিত অবস্থায় আনা একটি বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার, বিএমডব্লিউ ৭৪০আই-এর সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট সামনের অংশ ইসুজু ট্রাক জব্দ করা হয়। চালানটির আমদানিকারক চট্টগ্রামের হালিশহরের মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল। সংযুক্ত আরব আমিরাতের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে চালানটি আমদানি করা হয়। ওই চালান খালাস করছিল আমিন প্রাইভেট লিমিটেড নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান। চালানে পণ্যের ঘোষণা ছিল ব্যবহৃত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তথা ‘ডিফারেনশিয়াল অ্যাসেম্বলি’ ও ‘পাওয়ার স্টিয়ারিং অ্যাসেম্বলি হিসাবে।

এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনালের ঠিকানা উল্লেখ করা হয়েছে ২৭৪৭ বিপিসি রোড, গ্রিনভিউ, সরাইপাড়া ও হালিশহর। কিন্তু এই ঠিকানায় সরেজমিন এবং একাধিক শোরুম মালিকের সঙ্গে কথা বলে এই নামে কোনো আমদানিকারক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিকানায় হালিশহর উল্লেখ করা হলেও গুগলম্যাপে সার্চ দিয়ে দেখা গেছে, ওই হোল্ডিং-এর অবস্থান পাহাড়তলীতে। অর্থাৎ আমদানিকারক প্রতিষ্ঠান এক্ষেত্রে সম্পূর্ণ ভুয়া ঠিকানা ব্যবহার করেছেন।

এর আগে ২৭ আগস্ট মোংলা বন্দরে পুরোনো গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে আনা চারটি খণ্ডিত গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে ছিল রেঞ্জরোভার ভোগ, বিএমডব্লিউ ৬৫আই, লেক্সাস এলএক্স ৫৭০ ও টয়োটা ক্রাউন অ্যাথলেট। বিলাসবহুল এই চারটি গাড়ির সম্ভাব্য বাজারমূল্য ৪ কোটি থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা। ঢাকার গেন্ডারিয়ার ক্রাউন অটোমোবাইল সার্ভিস নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান গাড়িগুলো আমদানি করে। এসব গাড়ির শুল্কায়নযোগ্য মূল্য দেখানো হয় মাত্র ৯ লাখ ৯৩ হাজার ৫৪৭ টাকা। অথচ জাপান থেকে এসব গাড়ি আমদানি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএ-এর এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিএমডব্লিউ, লেক্সাস, ল্যান্ডক্রুজার পোরশের মতো কাটপিস গাড়ি আমদানি করে জোড়া লাগিয়ে কেনাবেচার সঙ্গে একটি বিশাল চক্র জড়িত। চক্রটিই পথ বাতলে দেয়, কাটপিস গাড়ি কোথায় জোড়া লাগানো যাবে এবং কীভাবে কোথায় গেলে সহজে রেজিস্ট্রেশন নম্বরও পাওয়া যায়। সাধারণত একই নামের ২০-৩০ বছর বা এরও বেশি পুরোনো গাড়ি কোথায়, কার কাছে আছে, তার খবর রাখে চক্রটি। বিআরটিএ-এর সার্ভারেও পুরোনো গাড়ির তথ্য থাকে। চক্রের সদস্যরা পুরোনো গাড়ির কাগজ, প্রয়োজনে গাড়িসহ কিনে নেয় ৫/৭ লাখ টাকা দামে। ওই গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর, নতুন গাড়িতে পাঞ্চ করে দেওয়া হয়। এরপর সেই গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন নির্ধারিত সময় অনুযায়ী বিআরটিএ থেকে নেওয়া হয়।

অর্থাৎ গাড়ির ব্র্যান্ড নিউ; কিন্তু কাগজ ২০/৩০ বছরের পুরোনো। গাড়ির ইঞ্জিন কিংবা চেসিস নম্বর কাগজের সঙ্গে মিল থাকলেও বাস্তবে ফিজিক্যালি কাগজপত্রের সঙ্গে গাড়ির চেহারা মেলালে বিষয়টি অবশ্যই ধরা পড়বে। এরপরও কখনো রেফারেন্সের কারণে, কখনো বা বিআরটিএ কর্মকর্তারা ঘুস নিয়ে এসব বিষয় দেখেও না দেখার ভান করেন। রাস্তায় ট্রাফিক পুলিশও এ ধরনের গাড়িতে সিগন্যাল দেয় না। মূলত এসব কারণেই শুল্ক ফাঁকি দিয়ে কাটপিস যন্ত্রাংশ হিসাবে আসা জোড়া দেওয়া বিলাসবহুল দামি গাড়ি রাস্তায় নির্বিঘ্নে চলতে পারছে।

এ বিষয়ে বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘বিলাসবহুল চোরাই এবং নতুন গাড়িগুলো পুরোনো কাগজপত্র দিয়েই রাস্তায় চলে। যে কোনো গাড়ির এক বছর অন্তর ট্যাক্স টোকেন এবং দুই বছর অন্তর ফিটনেস সনদ নিতে হয়। ব্যাংকে টাকা জমা দিয়েই এই কাগজ সংগ্রহ করতে হয়। ফিটনেস সনদের জন্য গাড়ি বিআরটিএতে নেওয়া বাধ্যতামূলক। দেশের যে কোনো জায়গা থেকে এই ফিটনেস করা যায়। সন্দেহ হলে বা ধরা পড়লে এ ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে এ ধরনের গাড়ি বিআরটিএতে না নিয়ে জাল ফিটনেস সনদ ব্যবহার করা হয়। ট্রাফিক বিভাগ চাইলে এ ধরনের সন্দেহজনক গাড়ি ধরে বিআরটিএকে অবহিত করতে পারে। নম্বর প্লেট পড়ার জন্য তাদের কাছে রিডার মেশিনও আছে।’

সিএমপির ট্রাফিক বিভাগে কর্মরত ট্রাফিক ইনস্পেকটর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘সাদা চোখে এ ধরনের গাড়ি ধরার কোনো সুযোগ নেই। আমাদের কাজ ট্রাফিক আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া। আর মোটর ভেহিক্যালস ট্রেনিং রয়েছে বিআরটিএ-এর মোটরযান ইনস্পেকটরদের। ট্রাফিক সদস্যদের সেই কারিগরি ট্রেনিং নেই। তাই পুরোনো নম্বর ব্যবহার করে নতুন গাড়ি চালানো হচ্ছে কি না, তা বিআরটিএ-এর পরিদর্শকরাই নিশ্চিত হতে পারেন। এজন্য বিআরটিএ কর্তৃপক্ষ বিশেষ চেকপোস্টের ব্যবস্থা করতে পারে।’

চট্টগ্রাম কাস্টম হাউজের মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘শুল্ক ফাঁকি দিতে একটি চক্র গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে কাটপিস গাড়ি নিয়ে আসছে। এ ধরনের সন্দেহজনক চালান ‘লক’ করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট গ্রুপ বা নিজেদের গোয়েন্দা ইউনিট অডিট রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (এআইআর) শাখা এই কাজটি করে। আবার সন্দেজনক নয়, এমন পণ্য শুল্ক পরিশোধের পর স্ক্যান করে বন্দর থেকে ডেলিভারি নেওয়া হয়। কিন্তু দেখা যায়, অনেক সময় স্ক্যানারে পণ্যের বাস্তব চিত্র উঠে আসে না। তবে কাস্টমসের কোনো কর্মকর্তা কারসাজির মাধ্যমে এ ধরনের চালান ছাড়ে জড়িত থাকার প্রমাণ মিললে কাস্টমস কর্তৃপক্ষ অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’