Image description
৮ বিভাগের ৪৮ জেলায় হবে প্রকল্প বাস্তবায়ন

দেশের প্রান্তিক জনপদের যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টে দিতে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করতে বড় ধরনের অবকাঠামোগত উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। প্রথমে সেতুর সংখ্যা কম থাকলেও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) সেতুর সংখ্যা বাড়ানো হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার চলতি অর্থবছরের ৭ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। ওই সভায় এলজিইডির প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে আলোচ্য প্রকল্প প্রস্তাবটি যাচাই-বাছাই করে অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।

প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়নের জন্য এই বিশাল প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। এই বিশাল ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে। এই প্রকল্পে কোনো বৈদেশিক মুদ্রা বা সংস্থার নিজস্ব তহবিলের বরাদ্দ রাখা হয়নি। একনেকে অনুমোদন পেলে চলতি বছরেই শুরু হয়ে ২০৩১ সালের সালের মধ্যে পর্যায়ক্রমে এই প্রকল্পের নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে নেওয়া আলোচ্য প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সেতু নির্মাণের মাধ্যমে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রোথসেন্টার, হাট-বাজার, শিল্পকারখানা, ঘাট, কৃষি/অকৃষি পণ্য উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন এবং অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আলোচ্য প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রকল্পটির বিষয়ে এলজিইডি জানিয়েছে, দেশে প্রতিবছর উৎপাদিত কৃষি ও অকৃষি পণ্য দ্রুত ও স্বল্প খরচে বড় হাট-বাজার বা শহরে পৌঁছাতে এই সেতুগুলো অপরিসীম ভূমিকা রাখবে। এ ছাড়া গ্রামীণ এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াত সুগম হবে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দ্রুত পৌঁছানো সম্ভব হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের সার্বিক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রস্তাবনা পর্যালোচনায় দেখা গেছে, প্রাথমিক পর্যায়ে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার ৪৮টি উপজেলায় মোট ৭৪টি দীর্ঘ সেতুর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল। ওই সমীক্ষার আলোকে সেতুগুলোর প্রাথমিক ডিজাইন, ড্রয়িং ও প্রাক্কলন সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং পরিকল্পনা কমিশনের পিইসি সভার ধারাবাহিক সিদ্ধান্তের প্রেক্ষিতে দফায় দফায় প্রকল্পের পরিধি ও সেতুর সংখ্যা সম্প্রসারিত হতে থাকে।

শুরুর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৬টি বিভাগের ১৪টি জেলার ১৯টি উপজেলায় ২০টি সেতু নির্মাণের জন্য ডিপিপি পাঠানো হয়েছিল। কিন্তু ২০২৩ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ৮টি বিভাগের ১৪টি জেলার ৩৩টি উপজেলার ৩৮টি সেতু অন্তর্ভুক্ত করে ডিপিপি পুনর্গঠন করা হয়। এরপর একই বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত পিইসি সভার সিদ্ধান্তের ভিত্তিতে ৮টি বিভাগের ২৪টি জেলার ৩২টি উপজেলা থেকে ৩৭টি সেতু যুক্ত করে আবারও ডিপিপি পুনর্গঠিত হয়।

পরবর্তী সময়ে পুনর্গঠিত ডিপিপির ওপর ২০২৪ সালের ৩ জুলাই অনুষ্ঠিত পিইসি সভার মাধ্যমে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ৮টি বিভাগের ২৯টি জেলার ৩২টি উপজেলা থেকে ৩২টি সেতু অন্তর্ভুক্তির সুপারিশ আসে। এর মধ্যে ফেনী সদর উপজেলাধীন ১টি সেতুর জন্য ভিন্ন একটি প্রকল্প পরিকল্পনা কমিশন কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত হওয়ায় পিইসির সুপারিশকৃত অবশিষ্ট ৩১টি সেতু এবং পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন ৩২টি সেতুসহ মোট ৬৩টি সেতু যুক্ত করে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়।

সবশেষ প্রকল্পের স্কিমগুলো যাচাই-বাছাই করে ডিপিপি পুনর্গঠন করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে ২০২৬ সালের ৩০ মার্চ একটি পত্র দেওয়া হয়। সেই পত্রের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় পিইসির সুপারিশকৃত ১১টি সেতু এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আরও ২০০টি সেতুসহ মোট ২১১টি সেতু প্রস্তাবিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ২০২৬ সালের ২ আগস্ট প্রকল্পের ওপর পুনরায় পিইসি সভা অনুষ্ঠিত হয়। ওই পিইসি সভায় বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবি এবং জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্কিমগুলো যাচাই-বাছাই করে প্রকল্পে মোট ২৫৬টি দীর্ঘ সেতু চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টি সেতুর ক্ষেত্রে নতুন করে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষার প্রয়োজন হবে, যার জন্য ডিপিপিতে আলাদা সংস্থান রাখা হয়েছে।

প্রকল্পের পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের অর্থবছরভিত্তিক ব্যয় বিভাজন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৩৮ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা, দ্বিতীয় বছর ২০২৭-২৮ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ২৩৪ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকা, তৃতীয় বছর ২০২৮-২৯ অর্থবছরে ২ হাজার ১৮৮ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা, চতুর্থ বছর ২০২৯-৩০ অর্থবছরে ২ হাজার ৬৫ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকা এবং প্রকল্পের শেষ বছর ২০৩০-৩১ অর্থবছরে ৯৬১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় করা হবে।

এলজিইডি প্রস্তাবত এই প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দেখা যায়, প্রকল্পের মোট ব্যয়ের সিংহভাগই খরচ হবে মূলধন খাতে। এর মধ্যে রাজস্ব খাতে উপমোট ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৯৩ লাখ টাকা। রাজস্ব খাতের আওতায় কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদিতে ৯ কোটি ৭২ লাখ টাকা, সরবরাহ ও সেবা খাতে ১৬৯ কোটি ৬ লাখ টাকা এবং মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরবরাহ ও সেবা খাতের মধ্যে ব্যক্তিভিত্তিক পরামর্শক খাতে ৬২ কোটি ৬৪ লাখ টাকা, ১০টি নন-স্প্যান সেতুর ডিজাইন রিভিউ ও ভেটিং ফিতে ১২ কোটি ৫০ লাখ টাকা এবং বিভিন্ন দৈর্ঘ্যের সেতুর সয়েল ইনভেস্টিগেশন, টপোগ্রাফিক্যাল, বেথিমেট্রিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষার জন্য বড় অঙ্কের অর্থ সংস্থান রয়েছে।

অন্যদিকে মূলধন খাতে খাতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৬৩৭ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের ভৌত লক্ষ্যমাত্রা অনুযায়ী, মোট ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি মূল সেতু নির্মাণ করা হবে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকা। পাশাপাশি নির্মিতব্য সেতুগুলোর সাথে গ্রামীণ সড়কের সংযোগ স্থাপনের জন্য ৬৫ দশমিক ১৮৭ কিলোমিটার অ্যাপ্রোচ বা সংযোগ সড়ক তৈরি করা হবে, যাতে খরচ হবে ৩২৫ কোটি ৯৩ লাখ টাকা। এ ছাড়া বিদ্যমান ৭ হাজার ৭০০ মিটার সেতুর নদীশাসন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৫৪ কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।

প্রকল্পের অবকাঠামো ও সংযোগ সড়ক নির্মাণের প্রয়োজনে সারা দেশে ৩০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ৩৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে, যার আওতায় ৫৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক, ১১০টি মোটরসাইকেল ও মোটরযান, ২টি ফটোকপিয়ার এবং ২০টি থ্রি-হুইল স্ট্যাটিক রোড রোলার (মিনিমাম ১০ টন) কেনা হবে। এ ছাড়া সংযোগ সড়কের দুপাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য ২ কোটি ৬০ লাখ টাকা এবং ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে যথাক্রমে ৪০ কোটি ও ৩০ কোটিসহ মোট ৭০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে।

প্রকল্পের ভৌগোলিক তালিকা পর্যালোচনায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের প্রতিটিতেই এই প্রকল্পের সুবিধা পৌঁছাবে। এর মধ্যে রংপুর বিভাগের ৫টি জেলার ১০টি উপজেলায় সেতু নির্মিত হবে। এগুলো হলো ঠাকুরগাঁও জেলার সদর ও রাণীশংকৈল, নীলফামারী জেলার সদর ও ডিমলা, দিনাজপুর জেলার বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এবং পঞ্চগড় ও লালমনিরহাট জেলার সদর উপজেলা।

রাজশাহী বিভাগের ৬টি জেলার ১৭টি উপজেলা এই প্রকল্পে স্থান পেয়েছে। এর মধ্যে বগুড়া জেলার সর্বাধিক ১০টি উপজেলা—শেরপুর, সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, শিবগঞ্জ, মোকামতলা, সদর, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া নওগাঁ জেলার মান্দা ও আত্রাই, রাজশাহী জেলার বাঘা, জয়পুরহাট জেলার আক্কেলপুর ও পাঁচবিবি, নাটোর জেলার লালপুর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সেতু নির্মাণ করা হবে।

খুলনা বিভাগের ৪টি জেলার ৫টি উপজেলার মধ্যে খুলনা জেলার দিঘলিয়া, বাগেরহাট জেলার মোংলা, মাগুরা জেলার মহম্মদপুর ও সদর এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সেতু হবে। বরিশাল বিভাগের ৫টি জেলার ১৫টি উপজেলার তালিকায় রয়েছে বরগুনা জেলার আমতলী, বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, হিজলা ও বাবুগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, গলাচিপা ও বাউফল, পিরোজপুর জেলার নাজিরপুর, জিয়ানগর ও সদর এবং ভোলা জেলার মনপুরা ও লালমোহন উপজেলা।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের ৩টি জেলার ৮টি উপজেলার মধ্যে জামালপুর জেলার ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও গৌরীপুর উপজেলায় এই প্রকল্পের আওতায় সেতু নির্মিত হবে।

ঢাকা বিভাগের ১১টি জেলার ২৯টি উপজেলা এই প্রকল্পে যুক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলার সদর ও নগরকান্দা, টাঙ্গাইল জেলার সদর, সখীপুর, বাসাইল ও ধনবাড়ী, মানিকগঞ্জ জেলার ঘিওর ও সদর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, নরসিংদী জেলার বেলাব, মনোহরদী, পলাশ, রায়পুরা ও সদর, কিশোরগঞ্জ জেলার ভৈরব, কুলিয়ারচর ও পাকুন্দিয়া, ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ, গাজীপুর জেলার কালিয়াকৈর ও কাপাসিয়া, মাদারীপুর জেলার কালকিনি ও সদর, শরীয়তপুর জেলার গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ও সিরাজদীখান উপজেলা রয়েছে।

সিলেট বিভাগের ৪টি জেলার ১০টি উপজেলার মধ্যে সিলেট জেলার গোয়াইনঘাট, সদর, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জ জেলার বানিয়াচং, মৌলভীবাজার জেলার রাজনগর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, সদর ও তাহিরপুর উপজেলায় সেতু নির্মিত হবে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার ৩১টি উপজেলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো চাঁদপুর জেলার শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর, ফরিদগঞ্জ ও কচুয়া, ফেনী জেলার সোনাগাজী, কুমিল্লা জেলার মুরাদনগর, বুড়িচং, আদর্শ সদর, মনোহরগঞ্জ ও হোমনা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল, কক্সবাজার জেলার পেকুয়া, চকরিয়া ও টেকনাফ, চট্টগ্রাম জেলার হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া, লক্ষ্মীপুর জেলার সদর, রায়পুর, রামগতি ও কমলনগর, রাঙামাটি জেলার সদর ও লংগদু, বান্দরবান জেলার আলীকদম ও থানচি এবং খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা।

পরিকল্পনা কমিশনের সুপারিশ: প্রকল্পটির উপর গত ৯ আগস্ট প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত পরিপালন সাপেক্ষে প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ। সুপারিশে পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রস্তাবিত এলাকায় সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজতর ও টেকসই করে প্রকল্প এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণপূর্বক দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও এলাকার দারিদ্র্য বিমোচনে আলোচ্য প্রকল্পটি সহায়ক ভূমিকা পালন করবে। এমন প্রেক্ষাপট বিবেচনায় প্রকল্পটি অনুমোদনযোগ্য।

অনুমোদনের জন্য সুপারিশ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখার নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন। নদীপথে বড় সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর গতিপথ, নাব্যতা, পরিবেশগত প্রভাব, হাইড্রোলজিক্যাল, মরফোলজিক্যাল ও বেথিমেট্রিক সমীক্ষার সুপারিশ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে নেভিগেশনাল ক্লিয়ারেন্স ও পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক করেছে কমিশন। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও টেকসই উপকরণ ব্যবহার নিশ্চিত করতে এলজিইডিকে নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন।

এ ছাড়া প্রকল্পের স্কিম নির্বাচনের ক্ষেত্রে দ্বৈততা পরিহারের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে অন্য কোনো চলমান প্রকল্পের সঙ্গে এই সেতুগুলোর কাজ মিলে না যায়। পাশাপাশি রোড রোলার ও লোবেড ট্রেইলার ক্রয়ের ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠন করে বাজারদর যাচাইপূর্বক ব্যয় প্রাক্কলন করতে হবে এবং প্রকল্প এলাকায় বিদ্যমান মোটরসাইকেল ও রোড রোলারের ইনভেন্টরি যুক্ত করতে হবে।