Image description

‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য একটি প্রকল্প নেওয়া হয় ২০২০ সালে। কাজটি শেষ হওয়ার কথা ২০২৩ সালের অক্টোবরে। নির্ধারিত সময়ে কাজ তো শেষ হয়নি বরং সময় বেড়েছে তিন দফায়। প্রকল্পটি বাস্তবায়ন করার কথা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। কিন্তু এত দিনে অর্থাৎ ছয় বছরে প্রকল্পের বাস্তব অগ্রগতি মাত্র ২৬ দশমিক ৮৬ শতাংশ। আর্থিক অগ্রগতি ২১ দশমিক ৯০ শতাংশ। আর প্রকল্পের মেয়াদ তিন দফায় বাড়িয়ে এবার ২০২৯ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ১ হাজার ১১৩ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প পরিচালক (পিডি) বদলি নিয়ে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে পিছিয়ে গেছে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভাও।

গত ১০ নভেম্বর পরিকল্পনা কমিশনে প্রকল্পটির তৃতীয় সংশোধন প্রস্তাব নিয়ে পিইসি সভা হওয়ার কথা থাকলেও পিডি নিয়োগসংক্রান্ত জটিলতায় তা অনুষ্ঠিত হয়নি। নতুন প্রকল্প পরিচালক শামসুন নাহার সুমি ১১ নভেম্বর যোগ দিয়েছেন বলে জানা গেছে। ২৪ নভেম্বর সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, প্রকল্পের প্রথম মূল ব্যয় ছিল ২ হাজার ২৭৫ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। প্রথম সংশোধনে ব্যয় অপরিবর্তিত থাকলেও দ্বিতীয় সংশোধনে তা কমিয়ে ১ হাজার ৮৫১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা করা হয়। এবার তৃতীয় সংশোধনে ব্যয় বাড়িয়ে ২ হাজার ৯৬৫ কোটি ১১ লাখ ৯৮ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও ১ হাজার ১১৩ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পের মেয়াদও কয়েক দফায় বেড়েছে। চলতি বছরের মে পর্যন্ত প্রকল্পে ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ৪০৫ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকা। এতে বাস্তব অগ্রগতি ২৬ দশমিক ৮৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ২১ দশমিক ৯০ শতাংশ। তবে ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে বাস্তবায়নকারী সংস্থা বলছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় পরিকল্পনা অনুযায়ী দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময়হার বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়া, ক্রয়পদ্ধতি পরিবর্তন এবং রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নতুন সরঞ্জাম যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ পুলিশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্যও আধুনিক সরঞ্জাম কেনার প্রস্তাব রয়েছে।

প্রকল্পের আওতায় দেশের ১১টি জোনের অধীন জেলাগুলোয় ১৩২টি রেডিও নেটওয়ার্ক, ক্লাউড সার্ভার ও অ্যান্টেনা সাবসিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তবে প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় নিয়ে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহন ভাড়া খাতে আগে ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ থাকলেও নতুন করে আরও ১ কোটি ৬৮ লাখ টাকা চাওয়া হয়েছে। এ ছাড়া জনবল আউটসোর্সিং, ভাতা, সম্মানি, মোটরযান রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক ব্যয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এমনকি ২০২৬ সালের জুন পর্যন্ত কোনো অর্থ ব্যয় হয়নি-এমন কয়েকটি খাতেও পুনরায় বরাদ্দ চাওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডকে নতুন করে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে যুক্ত করার যৌক্তিকতা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে কমিশন। জানা গেছে, প্রকল্পটির আগের পিডি কাজী শফিকুল আলমকে গত ১৫ সেপ্টেম্বর বদলির আদেশ দেওয়া হয়। তাঁর স্থলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শামসুন নাহার সুমিকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে প্রথম দফায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাঁর যোগদানপত্র গ্রহণ করেনি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয়বার আদেশ দেওয়ার পর যোগদানপত্র গ্রহণ করা হয়। জানতে চাইলে প্রকল্পটির সাবেক পিডি কাজী শফিকুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রকল্পটি যখন শুরু হয়েছিল, তখন প্রতি ডলারের বিনিময়হার ছিল ৮৪.৫০ টাকা। এখন তা বেড়ে ১২৫ টাকার আশপাশে। ফলে বিদেশ থেকে যন্ত্রপাতি কেনার ব্যয়ও বেড়েছে। এর পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ এবং আনসার-ভিডিপির জন্য নতুন কিছু আধুনিক সরঞ্জাম কেনার বিষয়টি প্রকল্পে যুক্ত হয়েছে। এসব কারণেই প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’ পিইসি সভা স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘আমার বদলির পর নতুন প্রকল্প পরিচালক যোগদান করতে কিছুটা সময় লেগেছে। প্রকল্প পরিচালক ছাড়া এ ধরনের সভা করা সম্ভব নয়। সে কারণেই হয়তো সভাটি স্থগিত করা হয়েছিল। এখন নতুন পিডি যোগ দিয়েছেন, তাই সভা আয়োজনে আর সমস্যা হওয়ার কথা নয়।’