Image description
বিনামূল্যে সেবা দেওয়ার কথা

১৩১। এটি শুধু একটি সংখ্যা নয়। রেলওয়ের কল সেন্টারের নম্বরও বটে, যা হতে পারত প্রতিদিনের লাখো রেলযাত্রীর ভরসার প্রতীক। কিন্তু বাস্তবতা হচ্ছে, রেলের এ কল সেন্টার যাত্রীর পকেট কাটার হাতিয়ারে পরিণত হয়েছে। কলের পর কল দিলেও ফোনের ওপারে কথা বলার বা তথ্য দেওয়ার মতো কারও উপস্থিতি পাওয়া যাচ্ছে না। এ সেবাটি যাত্রীরা বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও ফোন থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। সব মিলিয়ে সেবার নামে রেলের গলাকাটা কল সেন্টারে পরিণত হয়েছে এটি।

যদিও যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনা, রিফান্ডসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে যাত্রীদের সেবা দিতে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে রেলওয়ে। এতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বছরে প্রায় দুই কোটি টাকা দেবে রেলওয়ে। বিনিময়ে যাত্রী বিনামূল্যে নেবে তথ্যসংক্রান্ত সেবা। কল সেন্টারে এসব সেবা পাওয়ার সুযোগ কাগজে থাকলেও বাস্তবতা ভিন্ন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রতিনিধির সঙ্গে কথা বলার আগেই বিচ্ছিন্ন হচ্ছে কল। কল সেন্টারে প্রতিদিন এমন কত ফোন আসে, কতজন যাত্রী সেবা পান কিংবা কত কলের উত্তর দেওয়া সম্ভব হয় না, তার তাৎক্ষণিক হিসাবও দিতে পারেনি রেলওয়ে। সীমিত জনবল, সেবার মান নিয়ে অভিযোগ এবং অর্থ ব্যয়ের বিপরীতে কার্যকারিতার এমন চিত্রে প্রশ্ন উঠেছে রেলের এ উদ্যোগের বাস্তব সুফল নিয়ে।

সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অর্ণব সাহা। ট্রেনের টিকিট কিনতে গিয়ে সমস্যায় পড়ে সমাধানের আশায় রেলওয়ের কল সেন্টারে ফোন করেন তিনি। কিন্তু ছয়বার চেষ্টা করেও কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেননি। প্রতিবারই স্বয়ংক্রিয় বার্তা শোনার পর অপেক্ষা করতে করতে বিচ্ছিন্ন হয়েছে কল। এতে সমস্যার সমাধান না হলেও ছয়বার ফোন করে তার খরচ হয়েছে ১১ টাকা ৮৪ পয়সা। অথচ রেলওয়ের দাবি, এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে।

অর্ণবের গ্রামের বাড়ি জামালপুর। কয়েকদিন আগে জরুরি কাজে দুই বোন ও বড় বোনের ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যেতে হয় তাকে। রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্র বা অ্যাকাউন্ট ব্যবহার করে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। নিয়ম মেনে নিজের অ্যাকাউন্ট থেকে চারটি টিকিট নির্বাচন করেন তিনি। তবে পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন। বারবার চেষ্টা করেও টিকিটের মূল্য পরিশোধ করতে না পেরে যোগাযোগের চেষ্টা করেন কল সেন্টারে।

সকালে তিনবার ফোন করেও কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেননি তিনি। পরে দুপুর ১২টার দিকে, বিকেলে ও সন্ধ্যায় আরও তিনবার ফোন করেন। কিন্তু প্রতিবারই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। কল সেন্টারে ফোন করলে প্রথমে শোনা যায়, ‘বাংলাদেশের গ্রাহক সেবায় আপনাকে স্বাগতম। ওয়েলকাম বাংলাদেশের কাস্টমার সার্ভিস। সেবা প্রদানের সুবিধার্থে আপনার কল রেকর্ড করা হতে পারে।’ এরপর বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচনসহ বিভিন্ন সেবার জন্য নির্দিষ্ট নম্বর চাপতে বলা হয়। রেজিস্ট্রেশন বা লগইন সমস্যা, টিকিট বুকিং, রিফান্ড এবং অন্যান্য অভিযোগের জন্য রয়েছে আলাদা অপশন। প্রয়োজনীয় অপশন নির্বাচন করেও কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাননি তিনি।

 

ছয়বার ফোনের প্রতিটিতেই নির্দিষ্ট সময় অপেক্ষার পর বিচ্ছিন্ন হয়েছে কল। প্রথমবার ৩ মিনিট ১০ সেকেন্ড অপেক্ষার পর কল বিচ্ছিন্ন হলে খরচ হয় ২ টাকা ২৯ পয়সা। দ্বিতীয়বার ২ মিনিট ৯ সেকেন্ডে খরচ হয় ১ টাকা ৮৮ পয়সা। তৃতীয়বার ৩ মিনিট ২৮ সেকেন্ডে ২ টাকা ৫০ পয়সা, চতুর্থবার ১ মিনিট ১৮ সেকেন্ডে ১ টাকা ২৫ পয়সা এবং পঞ্চমবার ১ মিনিট ২১ সেকেন্ডে ১ টাকা ২৬ পয়সা কেটে যায়। সর্বশেষ ষষ্ঠবার ৩ মিনিট ৬ সেকেন্ড অপেক্ষার পর কল বিচ্ছিন্ন হলে খরচ হয় আনুমানিক ২ টাকা ৮৬ পয়সা।

এভাবে ছয়বার ফোন করে মোট ১৬ মিনিট ৩২ সেকেন্ড অপেক্ষা করেও কোনো সেবা পাননি অর্ণব। শুধু স্বয়ংক্রিয় বার্তা শুনতে ও প্রতিনিধির অপেক্ষায় থাকতে তার মোবাইল থেকে কেটে গেছে ১১ টাকা ৮৪ পয়সা।

শুধু অর্ণব নন, একই সমস্যায় পড়েছেন সুমি নামে এক তরুণীও।

টিকিট কেনার জন্য ‘রেলসেবা’ অ্যাপে কোনোভাবেই লগইন করতে পারছিলেন না। ফোন করেন কল সেন্টারে। চারবার চেষ্টা করেও কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেননি তিনি। প্রতিবারই অপেক্ষার পর কল বিচ্ছিন্ন হয়ে যায়। সব মিলিয়ে চারবার ফোন করে তার মোবাইল থেকে কেটেছে ১১ টাকা ২২ পয়সা। কিন্তু রেলসেবা অ্যাপে লগইন সমস্যার সমাধান কিংবা কল সেন্টার থেকে কোনো ধরনের সহযোগিতা, কোনোটিই পাননি তিনি।

সীমিত জনবলে চলছে কল সেন্টার: রেলওয়ের কল সেন্টার পরিচালনার দায়িত্বে বর্তমানে রয়েছে ‘সহজ’ নামে একটি প্রতিষ্ঠান। এ সেবা পরিচালনায় মোট জনবল ৩৬ জন। প্রতি শিফটে কাজ করেন ৮ থেকে ১২ জন। এ জনবলের সবাই সরাসরি গ্রাহকের ফোন গ্রহণ করেন না। তাদের মধ্যে ব্যবস্থাপক, প্রকৌশলী ও সুপারভাইজারও রয়েছেন। এ ছাড়া, সাপ্তাহিক ছুটি থাকায় সবসময় পূর্ণসংখ্যক কর্মী দায়িত্বে থাকেন না। ফলে গ্রাহকদের কল গ্রহণের জন্য কার্যকর জনবল আরও কমে যায়।

এদিকে নতুন দরপত্রের মাধ্যমে কল সেন্টার পরিচালনার কাজ পেয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এডিএন টেলিকম। প্রতিষ্ঠানটির সঙ্গে রেলওয়ের চুক্তি এখনো সম্পন্ন হয়নি। ফলে আগের মতোই ‘সহজ’ প্রতিষ্ঠান কল সেন্টারের কার্যক্রম পরিচালনা করছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৩১ নম্বরে কল করার জন্য যাত্রীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার কথা নয়। কল সেন্টারের সেবা সম্পূর্ণ বিনামূল্যে। এ সেবা পরিচালনার জন্য প্রতি মাসে ‘সহজ’ রেল মন্ত্রণালয়ের কাছে বিল জমা দেয়। যাত্রীদের পক্ষ থেকে সেই বিল পরিশোধ করে রেলওয়ে। নতুন ঠিকাদারের সঙ্গেও একই ধরনের চুক্তি হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ‘আমার জানামতে, এটি ফ্রি সার্ভিস। যাত্রীদের কাছ থেকে টাকা কাটার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সময় মাত্র এক সপ্তাহের মধ্যে কল সেন্টার চালুর বাধ্যবাধকতা থাকায় তখন দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ফলে টিকিট বিক্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সহজকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি অল্প জনবল নিয়েই এত দিন সেবাটি পরিচালনা করে আসছিল। এখন কল সেন্টারের পরিসর বাড়ানোর প্রয়োজন হয়েছে। এ কারণে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন দরপত্রে এডিএন নামে একটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। তাদের সঙ্গে রেলওয়ের চুক্তি এখনো সম্পন্ন হয়নি। নতুন ঠিকাদারকে বছরে প্রায় ২ কোটি টাকা দেবে রেলওয়ে। নতুন চুক্তিতেও সেবাটি টোল ফ্রি থাকবে। ফলে এ সেবা নিতে যাত্রীদের কোনো টাকা দিতে হবে না। এক ঠিকাদারের কার্যক্রম শেষ হওয়া এবং নতুন ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পন্ন না হওয়ার মধ্যবর্তী সময়ে সেবার মান খারাপ হতে পারে। ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হবে।’