Image description

পুলিশের কিছু সদস্যকে ঘিরে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে খোদ বাহিনীতেই। কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগসহ নানা কারণে তাদের প্রতি এই সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। একাধিক গোয়েন্দা তথ্যে পুলিশের এসব সদস্যের বিরুদ্ধে নেতিবাচক তথ্য এসেছে। এদের কেউ কেউ সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন বলেও আলোচনা আছে। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় ইন্ধন দিচ্ছেন। একদিকে যেমন পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন আবার এসব কর্মকর্তাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ছক কষছেন। সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিব্রত সরকার। সর্বশেষ এরকম নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে। তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মকর্তারা আওয়ামী লীগ আমলেও সুবিধাভোগী ছিলেন। এখন বিএনপি সরকারের অনুগত সেজে কেউ কেউ ভালো পোস্টিং পেয়েছেন। কিন্তু তারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন। এসব নিয়ে পুলিশের ভেতরেও অস্থিরতা বিরাজ করছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। সবাই সবাইকে সন্দেহের চোখে দেখছেন। নীতিনির্ধারণী পর্যায়ে এসব বিষয় স্পষ্ট হওয়ার পরে নজরদারিতে রাখা হয়েছে সন্দেহভাজন অনেক পুলিশ কর্মকর্তাকে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কনস্টেবল থেকে এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের নজরদারি করা হচ্ছে। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন। আওয়ামী লীগের আমলে তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন। বর্তমান সরকারের আমলেও তারা কৌশলে সুবিধা নিচ্ছেন। অনেকেই ভালো পোস্টিং পাচ্ছেন। কিন্তু তারা কাজ করছেন আওয়ামী লীগ সরকারের হয়ে।
সরকার নির্ধারিত দামে ডিলাররাও কিনতে পারছে না এলপিজি

গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার পরপরই বেশ কিছু কর্মকর্তার মুখোশ সামনে এসেছে। তারা সরকারবিরোধী নানা কর্মকাণ্ড, উস্কানি, জ্বালাও পোড়াও, ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় ইন্ধন যোগাচ্ছেন। অনেক কর্মকর্তা পলাতক নেতাদের কাছ থেকে ফান্ড নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের উস্কানি দিচ্ছেন এমন অভিযোগও উঠেছে। অনেকের কৌশলী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা যাচ্ছে না।

এদিকে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই)। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার পর এই নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়।

পুলিশের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, ইতিমধ্যে যেসব পুলিশ সদস্য ও কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে তাদেরকে সার্বক্ষণিক নজরদারি, তাদের গতিবিধি পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মোবাইল ফোন ফরেনসিক ও ঘাঁটাঘাঁটি করে স্পর্শকাতর ও সরকারবিরোধী কানেকশন মিলেছে। তথ্যপ্রমাণই নিশ্চিত করেছে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এ ছাড়া আওয়ামী লীগ আমলের নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের টিকুজি বের করা হয়েছে। ইতিমধ্যে ওই আমলে নিয়োগ পাওয়া অনেক পরিবারের আওয়ামী লীগের রাজনীতি ও সমর্থন করার তথ্য মিলেছে। তাদের চাকরির ক্ষেত্রেও সুপারিশ করা হয়েছে।

গোয়েন্দা সূত্র বলছে, শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে আওয়ামী লীগের বড় নেতারা বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। আর মধ্যম সারির নেতারা আড়ালে আবডালে থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড করাচ্ছেন। আর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত পুলিশ কর্মকর্তারা। এসব কর্মকর্তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন ওই আমলের দাপুটে সিনিয়র পুলিশ কর্মকর্তারা। গণ-অভ্যুত্থানের পর ওইসব কর্মকর্তারা পালিয়ে চলে যান। তারাও মাঝেমধ্যে অধীনস্থ কর্মকর্তাদের অস্থিরতার জন্য নানা দিকনির্দেশনা দিচ্ছেন। তাদেরও তালিকা তৈরি করা হয়েছে।