নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি। এই দামে অনেক ডিলারও এলপিজি পাচ্ছে না। ১২ কেজির এলপিজি’র সিলিন্ডার ২০৬০ টাকায় খুচরা বিক্রি হওয়ার কথা থাকলেও ক্রেতারা তা দুইশ’ থেকে পাঁচশ’ টাকা বেশি দরে কিনছেন। কোথাও কোথাও এরচেয়েও বেশি দাম নেয়া হচ্ছে। চলতি মাসে এলপিজি গ্যাসের মূল্য ২২৩ টাকা বাড়ানোয় ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। কিন্তু এই দামে কোথাও সিলিন্ডার মিলছে না।
মহাখালীর লালমাটি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন মো. মাহতাব। ছোট একটি খাবারের দোকানের মালিক তিনি। তার দোকান ও বাসায় রান্নার কাজে ব্যবহার করেন এলপিজি গ্যাসের সিলিন্ডার। তবে দুই দফায় দাম বৃদ্ধি হওয়ায় মাঝেমধ্যে বাসাবাড়িতে বৈদ্যুতিক চুলা ব্যবহার করেন মাহতাব। মাহতাব বলেন, সরকারি দামের কথা কইলে দোকানদারেরা হাসে। বলে এই দামে নাকি তারাও কিনতে পারে না। সর্বশেষ সিলিন্ডার কিনলাম ২ হাজার ৩৫০ টাকা দিয়ে। এর আগেরটা কিনেছিলাম আড়াই হাজারে। ডিলাররা মর্জি মতো দাম বাড়ায়। সরকারের দামের ধার ধারে না।
স্বামী ও সন্তান নিয়ে মহাখালীর সাততলা বস্তিতে থাকেন মর্জিনা আক্তার। বস্তির পাশেই তাদের দোকান। সেখানে বসে দুপুরের খাবার রান্না করছিলেন বৈদ্যুতিক চুলায়। যদিও বেশির ভাগ সময়ে রান্নার কাজে এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতেন তিনি। একদিকে নতুন করে এলপিজি’র দাম বৃদ্ধি, অন্যদিকে কেনার সময় গুনতে হয় বাড়তি টাকা। এসব কারণে এবার আর এলপিজি কেনেননি তিনি। মর্জিনা বলেন, দাম বাড়ানোর আগেই গ্যাসের বোতল (সিলিন্ডার) কিনছিলাম ২ হাজার ৩০০ টাকা দিয়ে। এবার দাম চায় ২ হাজার ৬০০ টাকা। এত দাম দিয়ে গ্যাস কেনার সামর্থ্য নেই।
সাততলা বস্তির ভেতর দিয়ে খানিকটা সামনে এগোলে দক্ষিণপাড়া হয়ে নিকেতন বাজার গেটে যাওয়া যায়। সেখানে এলপিজি’র সিলিন্ডার গ্যাস বিক্রি হয় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি দোকানে। বস্তির একটি দেয়ালে সাঁটানো ছিল এই দোকানের নম্বর। ওই নম্বরে কল দিয়ে বাড়তি দামে এলপিজি বিক্রির কারণ জানতে চাইলে বলা হয়, আমরা গ্যাস কিনিই বেশি দামে। এ কারণে বেশি দামে বিক্রি করতে হয়।
মহাখালীর ওয়্যারলেস গেট রোডে তরলীকৃত এলপিজি গ্যাস বিক্রি করে ‘গ্রিন এলপিজি’। সেখানে গিয়ে দেখা যায়, দোকানের ভেতরে ও বাইরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে গ্যাসের সিলিন্ডার। এই দোকানে ১২ কেজি এলপিজি’র সর্বনিম্ন দাম ২ হাজার ৩০০ টাকা। দোকানের কার্ডে ডিস্ট্রিবিউটর লেখা থাকলেও নিজেকে খুচরা বিক্রেতা বলেই দাবি করেন গ্রিন এলপিজি গ্যাসের মালিক ফজলু মোল্লাহ। তিনি জানান, আমরা বেশি দামে কিনি বলে বেশি দামে বিক্রি করি।
জুঁই আক্তার পরিবার নিয়ে থাকেন তেজগাঁও এলাকায়। স্বামী-স্ত্রী দুইজনের আয়ে চলে জুঁইয়ের সংসার। বাড়তে থাকা এলপিজি’র দাম নিয়ে অসন্তুষ্ট তিনি। মাসে মাসে এলপিজি’র দাম বাড়ে, অন্যান্য পণ্যের দামও বাড়ে। কিন্তু নিজেদের আয়ের পরিমাণ বাড়ে না। জুঁই বলেন, পরপর দুইবার দাম বাড়িয়ে দিলো। কিন্তু তাদের দামেও তো আমরা গ্যাস পাই না। ২ হাজার ৫০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনেছি।
পূর্ব রামপুরা এলাকায় একটি বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন সোহেল রানা। এখানে তার সঙ্গে থাকেন স্ত্রী ও সন্তান। সোহেল বলেন, গতকাল গ্যাসের সিলিন্ডার কিনছি ২ হাজার ৫০০ টাকা দিয়ে। কিন্তু টিভিতে দেখলাম দাম নাকি ২ হাজার ৬০ টাকা। গত মাসে বাড়ির মালিক ১২ কেজির সিলিন্ডার কিনে আনছে ২ হাজার ৭৫০ টাকায়। কিন্তু তখন তো এত দাম ছিল না গ্যাসের।
সরকার নির্ধারিত দামের চেয়েও ৫০০ থেকে ৬০০ টাকা বেশিতে এলপিজি বিক্রির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার মানবজমিনকে বলেন, চড়া মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে আমরা অবগত। তবে বাড়তি দামে কেনাবেচা দুইটাই তো অন্যায়। কারা বাড়তি দামে এলপিজি বিক্রি করছে তা দেখার জন্য ভোক্তা অধিকারকে চিঠি দিয়েছি আমরা। এলপিজি বিক্রির বিষয়টি তদারকির জন্য জেলা পর্যায়েও চিঠি দেয়া হয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠান বাড়তি দামে এলপিজি বিক্রি করছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো।