Image description

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে জানিয়েছিলেন বিএনপি’র হাইকমান্ড। তবে সহসাই হচ্ছে না নতুন কমিটি। আগামী জানুয়ারিতে এই দুই সংগঠন নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের গ্রহণযোগ্যতা বাড়াতে সংগঠনের নেতৃত্ব নিয়ে নতুন করে বিবেচনা করছেন শীর্ষ নেতারা। স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব নির্বাচনে ক্লিন ইমেজধারী নেতা খোঁজা হচ্ছে। এই দুই সংগঠনের নেতৃত্ব নির্বাচনের পর যুবদল, কৃষকদল এবং শ্রমিক দলের কমিটি গঠন নিয়েও আলোচনা রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমে বিএনপি গতি ফেরাতে চাইছে বলে নেতারা জানিয়েছেন।

রোববার জাতীয় সংসদে বিএনপি এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার জন্য তিন সংগঠনকে নির্দেশ দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান। বৈঠক সূত্রে জানা গেছে, নির্দেশনার মধ্যদিয়ে অনেকটাই স্পষ্ট হয়েছে যে, চলতি বছরে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ কোনো অঙ্গ-সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে না। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে বড় কিছু না ঘটলে চলতি মাসে কিংবা ডিসেম্বরে ছাত্রদলের নতুন কমিটি দেয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং ছাত্রদলের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা ওঠে। এর মধ্যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও নতুন নেতৃত্ব দিয়ে জোর আলোচনা রয়েছে। ওদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন। ঘোষণার চার মাস অতিবাহিত হলেও ছাত্রদলের নতুন কমিটি এখনো আলোর মুখ দেখেনি।

পাঁচ সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছে মানবজমিন-এর। তারা জানিয়েছেন, ৫ই আগস্টের বিএনপি’র এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সারা দেশে একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলের অভিযোগ ওঠে। এসব অভিযোগে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এখন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তরুণ, মেধাবী এবং সংগঠনের জন্য ভালো ইমেজ রাখা নেতাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামী রাজপথে থাকা নেতাদেরও মূল্যায়ন করা হবে। সংগঠনকে গতিশীল করা এবং ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে নতুন নেতৃত্ব বেছে নিতে সময় নিচ্ছেন বিএনপি’র হাইকামান্ড।

অন্যদিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল এবং শ্রমিকদলের কেন্দ্রীয় সম্ভাব্য নেতৃত্ব নিয়ে দলের ভেতরে চলছে নানা আলোচনা। পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ বেড়েছে। তারা বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিগত দিনে রাজপথের আন্দোলন ও সংগ্রামে ভূমিকাসহ দলের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে কমিটি গঠনে রাজপথের আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও পরীক্ষিত নেতারা অগ্রাধিকার পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে দখল, চাঁজাবাজি এবং বিতর্কিতরা কমিটিতে জায়গা পাবেন না বলেও সূত্রটি জানায়।
২০২৪ সালের ৯ই জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রায় দুই বছরের মাথায় গত ৪ঠা জুন ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল মানবজমিনকে বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই। সংগঠনের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা ভালো মনে করবেন, সংগঠনের জন্য সেটাই করবেন।

ওদিকে ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা ওঠে। আলোচনা থাকলেও এখন পর্যন্ত নতুন কমিটি ঘোষণা হয়নি। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মানবজমিনকে বলেন, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি হওয়া প্রয়োজন। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান উপযুক্ত সময়েই কমিটি দেবেন।
অন্যদিকে ২০২১ সালের ২০শে সেপ্টেম্বর হাসান জাফির তুহিনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০১৪ সালের এপ্রিল মাসে শ্রমিকদলের কমিটি গঠন করা। অনেক আগেই শ্রমিকদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে। এছাড়া ২০২৪ সালে ১লা মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ১লা মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান মানবজমিনকে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দলের প্রয়োজনে সাহসী ভূমিকা রেখেছেন, তাদের সঠিক মূল্যায়ন করা এবং মেধাবী ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন কমিটি হবে বলে আমি আশা করি। একই সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান কমিটি গঠন নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা নতুন নেতৃত্বকে বরণ করে নেবো।