Image description

গোপালগঞ্জের ডিসি-এসপিসহ পাঁচ কর্মকর্তার বদলি, চট্টগ্রামে পুলিশ সুপার গ্রেফতার, কক্সবাজারে শতাধিক পুলিশ সদস্যকে সরিয়ে দেওয়া এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। একের পর এক ঘটনায় পুলিশ ও জনপ্রশাসনের ভেতরে নজরদারি, দায়িত্ব পালনে অনীহা এবং শুদ্ধি অভিযানের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

গোপালগঞ্জে সহিংসতার মাঝে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়ার পর তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা। অন্যদিকে, সরকারি কর্মকর্তাদের কেউ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় প্রশাসনিক কাজে গতি কমিয়ে রেখেছেন কি না, সেই প্রশ্ন উঠেছে সচিবালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ের বৈঠকে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ঘটনা নিয়মিত ও বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে আস্থার সংকট, তা নিয়েও আলোচনা চলছে।

সাম্প্রতিক ঘটনায় দেখা যায়, মাঠ প্রশাসন ও পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা এবং ভূমিকা নিয়ে নজরদারি বাড়ছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা পরিস্থিতির চাপে প্রশাসনের ভেতরেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গ, অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্টতা কিংবা রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগে শুদ্ধি অভিযান আরও বিস্তৃত হবে কি না, সেই প্রশ্ন উঠছে। তবে প্রশাসনিক বদলি, বিভাগীয় তদন্ত এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার মধ্যে আইনগত পার্থক্য রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সব পদক্ষেপকে একই ধরনের শাস্তি বা শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখার সুযোগ নেই।

গোপালগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জে গত কয়দিনের সহিংসতায় বর্তমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। গত ১০ নভেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, যানবাহনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিএনপি নেতাদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি মোকাবিলায় সোমবার (১৬ নভেম্বর) ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যেই ১৫ নভেম্বর জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয় ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে। একই রাতে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ওসিদের কিশোরগঞ্জে বদলির আদেশ দেওয়া হয়। ফলে অল্প সময়ের মধ্যে জেলার বেসামরিক প্রশাসন ও পুলিশের পাঁচটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসে।

বিশ্লেষকদের প্রশ্ন, সহিংসতার আগে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছিল কি না, পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় কতটা কার্যকর ছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে কি না।

বিভিন্ন সময়ে সংকটকালে পুলিশ ও সিভিল প্রশাসনে গতি আনতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিবর্তন করা হয়। তবে বদলির মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া এবং ব্যর্থতার প্রকৃত কারণ নির্ধারণ যাই হোক, সংশ্লিষ্ট ঘটনায় কার কী ভূমিকা ছিল, সেটি নিরপেক্ষ পর্যালোচনার দাবি রাখে।

নজরদারি বাড়ছে দুই দিকেই

সাম্প্রতিক পরিস্থিতিতে নজরদারির দুটি পৃথক ধারা স্পষ্ট হচ্ছে। একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভাব্য অপরাধী ও সহিংসতার পরিকল্পনাকারীদের ওপর নজরদারি। অন্যটি পুলিশ বাহিনীর নিজস্ব সদস্যদের পেশাগত আচরণ, যোগাযোগ ও দায়িত্ব পালনের ওপর অভ্যন্তরীণ নজরদারি। এর বাইরেও বাহিনীর বিভিন্ন পর্যায়ে সন্দেহ অবিশ্বাস রয়েছে বলে জানান ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা।

১০ নভেম্বর দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির। সেখানে গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। বিশেষ গুরুত্ব পায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর। পুলিশ সদর দফতরের দেওয়া তথ্যমতে, ৭ থেকে ৯ নভেম্বর তিন দিনে দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি মামলা ও ২৯ জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়। একই বৈঠকে নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরও কেন সহিংস ঘটনা ঘটছে, সেটা খতিয়ে দেখতে হবে।

পুলিশের অভ্যন্তরীণ নজরদারি নিয়ে সবচেয়ে আলোচিত সাম্প্রতিক ঘটনাটি চট্টগ্রামের। সেখানে রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার পদ মর্যাদার ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, তার মুঠোফোনের দুটি বার্তাকে কেন্দ্র করে অনুসন্ধান শুরু হয়। ১০ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়। পরে মামলা এবং ১৫ নভেম্বর আদালতের আদেশে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ঘটনা পুলিশ বাহিনীর ভেতরে তথ্যের নিরাপত্তা এবং পেশাগত শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে সংবেদনশীল তথ্যের অপব্যবহার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অননুমোদিত যোগাযোগ এবং দাফতরিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগ কতটা কার্যকরভাবে পরীক্ষা করা হচ্ছে, তা আলোচনায় এসেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি রাকিবুল হাসানের নামে প্রচারিত একটি অডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে তাকে প্রত্যাহার এবং পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়।

পুলিশে শুদ্ধি অভিযানের বাস্তব উদাহরণ পাওয়া যাচ্ছে কক্সবাজারে। মাদক ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের মধ্যে সংশ্লিষ্টতার অভিযোগ মোকাবিলায় গত ডিসেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাসে জেলার ১০০ পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন এসআই, ৪১ জন এএসআই এবং ৩২ জন কনস্টেবল রয়েছেন।

পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, সন্দেহভাজন অনেক পুলিশ সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এখনই নয় শুধু, সবসময়েই পুলিশের গোয়েন্দা ইউনিটগুলো অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারিও করে— যাতে বাহিনীর কোনও সদস্য নৈতিক স্খলন কিংবা শৃঙ্খলাবিরোধী কোনও কাজে জড়িত হতে না পারে। এমন কিছু নজরে আসলেই সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’’ সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এতে চিন্তিত হওয়ার কিছু নেই।’’

সচিবালয়েও অস্থিরতার আশঙ্কা

শুধু পুলিশ নয়, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও দায়িত্ব পালনের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১২ নভেম্বর সচিবালয়ে জরুরি সচিব সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বর ঘিরে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে কোনও কর্মকর্তা কাজের গতি কমিয়ে অপেক্ষা করছেন কি না, সেই প্রশ্নও বৈঠকের আলোচনায় স্থান পায়।

এরমধ্যে রবিবার (১৫ নভেম্বর) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের আট দিনের মাথায় ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহারে সরকারকে আলটিমেটামও দেয় স্থানীয় ছাত্রদল।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়। পাশাপাশি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

শুদ্ধি অভিযান কি আরও বিস্তৃত হবে?

সাম্প্রতিক বদলি, গ্রেফতার, বিভাগীয় অনুসন্ধান এবং নজরদারি বাড়ানোর নির্দেশ থেকে বোঝা যায়, পুলিশ ও প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গত ১ নভেম্বর নবনিযুক্ত পুলিশ ও আনসার ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা, ক্ষমতার অপব্যবহার না করা এবং আইনসম্মত নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন।

সংশ্লিষ্টরা বলছেন, আইনগতভাবেও ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এবং ২০২৬ সালের সংশোধিত বিধানে শৃঙ্খলাভঙ্গ, বৈধ আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো অপরাধের জন্য বিভাগীয় ব্যবস্থা এবং শাস্তির বিধান রয়েছে। একই সঙ্গে অভিযোগের তদন্ত, আত্মপক্ষ সমর্থন ও আপিলের প্রক্রিয়াও নির্ধারিত রয়েছে।

সাম্প্রতিক প্রেক্ষাপটে পুলিশ ও প্রশাসনে নজরদারি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘‘পুলিশ ও প্রশাসনে নজরদারি এবং শুদ্ধি অভিযান অবশ্যই প্রয়োজন, তবে সেটি হতে হবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে। শুধু বদলি বা প্রত্যাহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংকটের সমাধান সম্ভব নয়। অপরাধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনার পাশাপাশি সৎ ও দক্ষ কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায়, অতিরিক্ত নজরদারি প্রশাসনের ভেতরে অস্থিরতা, আস্থার সংকট ও সিদ্ধান্তহীনতা আরও বাড়িয়ে দিতে পারে। শুদ্ধি অভিযানের প্রকৃত সফলতা নির্ভর করবে জবাবদিহি প্রতিষ্ঠা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের পর।’’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পুলিশ ও প্রশাসনে নজরদারি এবং শুদ্ধি অভিযানের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধী ও দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করা হচ্ছে, নাকি সামগ্রিকভাবে কর্মকর্তাদের মধ্যে একধরনের ভীতি ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এই দুটি বিষয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।’’

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং একের পর এক কর্মকর্তার বদলি প্রশাসনিক ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে কোনো ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরিয়ে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান নয়। বরং কেন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সহিংসতা প্রতিরোধ করা গেল না, কোথায় সমন্বয়ের ঘাটতি ছিল এবং কার দায়িত্বে অবহেলা রয়েছে, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করতে হবে।

তিনি বলেন, ‘‘প্রশাসনের ভেতরে কেউ যদি রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিস্বার্থ কিংবা অপরাধীচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে অভিযোগের প্রমাণ ছাড়া সবাইকে সন্দেহের চোখে দেখা হলে সৎ ও দক্ষ কর্মকর্তারাও নিরুৎসাহিত হবেন। তবে, শুদ্ধি অভিযান বন্ধ করা নয়, বরং এটিকে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই জরুরি।’’