বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। জাতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ১৩৫ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান পঞ্চম।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে জাতীয় দলকে বিদায় জানান লুকাকু। সেখানে তিনি লিখেছেন, জাতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে সব ধরনের আবেগের মধ্য দিয়ে গেছেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে তিনি শান্তিতে আছেন।
লুকাকু লেখেন, ‘এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। সময়টা ছিল অসাধারণ। উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। আমি কৃতজ্ঞ।’
বেলজিয়ামের তথাকথিত ‘গোল্ডেন জেনারেশন’-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুকাকু। তার সঙ্গে সেই দলে ছিলেন এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও ভিনসেন্ট কোম্পানির মতো তারকারা। ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সেই বেলজিয়াম দল।
জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন লুকাকু। মাত্র ১৬ বছর বয়সে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয়েছিল তার। জাতীয় দলের হয়ে তার শেষ গোলটি আসে গত অক্টোবরে উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচে।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লুকাকুর ওপরে আছেন কেবল চারজন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৬, আর্জেন্টিনার লিওনেল মেসি ১২৬, ইরানের আলি দাই ১০৮ এবং ভারতের সুনীল ছেত্রী ৯৫ গোল নিয়ে তার ওপরে রয়েছেন।
লুকাকুর অবসরের ঘোষণায় তাকে শ্রদ্ধা জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ব্যক্তিত্ব, নেতৃত্ব, নিষ্ঠা এবং জাতীয় দলের সঙ্গে গভীর সম্পর্কের কারণে বেলজিয়ামের ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন এই স্ট্রাইকার। ১৬ বছর বয়সে অভিষেক থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে তার পথচলা তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন লুকাকু। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে খেলছেন তিনি। গত গ্রীষ্মে ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে সেখানে যোগ দেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।