Image description

সমাজ সংস্কারের নামে এক অদ্ভুত পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা। তার মতে, সমাজের অবক্ষয় রোধ করতে হলে ‘বৌদি’ বা ‘ভাবি’ ডাকার প্রথা এবং বন্ধুদের বাড়িতে নিয়ে আসার সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে হবে।

 

রোববার (১৫ নভেম্বর) মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার হরিহরপাড়ায় আয়োজিত বিজেপির এক দলীয় সভায় এমন মন্তব্য করেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার।

 

জেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীর উপস্থিতিতে দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র হাস্যরস ও সমালোচনা।

 

সভায় বক্তব্য দেওয়ার সময় বিষ্ণুচরণ শিকদার বলেন, ‘সমাজ থেকে বৌদি বা ভাবির কালচার খতম করতে হবে। এই সংস্কৃতি থেকেই সমাজে নানা ধরনের নোংরামি ঢুকছে। একেবারে আপন দেবর কিংবা মামাতো-ফুফাতো দেবর ছাড়া বাইরের কেউ কাউকে বৌদি বা ভাবি বলে ডাকতে পারবে না।’

 

এর বিকল্প হিসেবে কী সম্বোধন করতে হবে, তা-ও বাতলে দিয়েছেন এই নেতা। তিনি বলেন, ‘কোনো পুরুষ বয়সে বড় হলে নারীটি বলবেন—তুমি আমার দাদার মতো, আমাকে বোন বলে ডাকবে বা নাম ধরে ডাকবে। আর বয়সে ছোট হলে বলতে হবে—আমি তোর বৌদি নই, দিদি হই; আমাকে দিদি বলে ডাকবি। এভাবেই আমাদের বৌদি ও ভাবি কালচার শেষ করতে হবে।’

 

কেবল ‘ভাবি কালচার’ নয়, তরুণ প্রজন্মের উদ্দেশে বন্ধুদের বাড়িতে না আনারও পরামর্শ দিয়েছেন বিষ্ণুচরণ। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে বলব, কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে যাবেন না। ধীরে ধীরে এই ‘বন্ধু কালচার’ বন্ধ করতে হবে। তবেই সমাজের হাজারো উৎপাত ও খারাপ জিনিস দূর হবে।’

 

বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বিকল্প পথ দেখিয়ে তিনি আরও বলেন, ‘এখন ফোনের যুগ। কোনো বন্ধু বাড়িতে আসতে চাইলে তাকে সরাসরি না করে দিন। বলুন, চায়ের দোকানে বা মন্দিরে বসতে, সেখানেই গিয়ে দেখা করবেন। যেসব জায়গা থেকে সামাজিক অবক্ষয় ঘটে, সেগুলোর প্রতি নজর রাখতে হবে।’

 

ওই একই সভায় বিষ্ণুচরণ শিকদার হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পরিবারের সন্তান যদি বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ বা দেখভাল না করেন, তবে তাদের ‘সঠিক চিকিৎসা’ দিয়ে প্রবীণদের খাবার ও ওষুধের ব্যবস্থা করা হবে। এমন কোনো ঘটনা ঘটলে তা সরাসরি তাকে জানানোরও অনুরোধ করেন তিনি।

 

এদিকে বিজেপি নেতার এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ট্রল ও সমালোচনা। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বিজেপির সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিষয়টি নিয়ে বিব্রত স্থানীয় বিজেপি নেতৃত্বও। ক্যামেরার সামনে এ নিয়ে কেউ কথা বলতে রাজি না হলেও জেলার শীর্ষ নেতারা ফোনে জানিয়েছেন, এটি বিষ্ণুচরণ শিকদারের একান্তই ব্যক্তিগত মতামত; এর সঙ্গে দলের কোনো দাপ্তরিক অবস্থানের সম্পর্ক নেই।