লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগের আবেদন করেছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। তবে ৩১ জনের স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দিতে যান ১০ জন।
পদত্যাগের আবেদনকারীরা চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। ৫১ সদস্যের ওয়ার্ড কমিটির ৩১ নেতা জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগের আবেদনকারীরা হলেন সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহসম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো. ইব্রাহিম ও তছলিম মিঝি।
পদত্যাগের আবেদনে স্বাক্ষরকারীদের একজন জাকির হোসেন সুমন বলেন, জাবেদের বিরুদ্ধে বিধবা ভাতা দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেওয়া, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারীসংক্রান্ত অভিযোগের কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন তারা। এ কারণে পদত্যাগের আবেদন করেছেন।
জানা গেছে, এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির কমিটি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এ সিদ্ধান্তে উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষর রয়েছে।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, তারা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি তিনি আপাতত নিজের কাছে রেখেছেন, সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।