হঠাৎ করেই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকালে দেখা গেল ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে। এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় নানা আলোচনা। সবার মনে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কী কারণে বা কোন উদ্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস।
এ বিষয়ে জানতে চাওয়া হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে। জবাবও দিলেন, কিন্তু আসেনি কোনো পরিষ্কার বার্তা।
পররাষ্ট্রমন্ত্রী বললেন, এটি ছিল অনানুষ্ঠানিক বৈঠক। দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দণ্ডিত আসামিদের বিষয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।
তবে এই প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, ‘পিটার হাস বেশ কিছুদিন আগেই রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়েছেন। এরপর তিনি এসেছিলেন। তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনা হয়েছে।’
আজ সোমবার বসুন্ধরা কনভেনশন হলে টিভেট গ্রাজুয়েট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সেখানে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে এসব কথা।
এর আগে পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। তার দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে মতপার্থক্যের বিষয়টি ব্যাপক চর্চিত ছিল।