Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত কার্যালয়ের সামনে আসে। তাদের মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুজন বাইরে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা একটি প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উত্তর মাসদাইরে আমানা গার্মেন্টসের পাশে গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত টিনের তৈরি একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, আগুন দেওয়া স্থানটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। সেখানে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বসে আলাপ-আলোচনা করতেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

 

তবে থানা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এটি তাদের ওয়ার্ডের অস্থায়ী বিএনপি কার্যালয়। সেখানে নিয়মিত দলীয় নেতাকর্মীরা বসেন এবং রাজনৈতিক আলোচনা করেন। স্থানটিকে রাজনৈতিক কার্যালয় হিসেবে স্বীকার না করার বিষয়ে প্রশাসনের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তারা।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ওই ওয়ার্ডে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন। তবে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।