স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের বিরোধিতার পরও নারায়ণগঞ্জ বন্দর এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (কুষ্টিয়া-৩) ও ইসলামি বক্তা আমির হামজা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।
আমির হামজা লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে। সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ।’
সব ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সোমবার বন্দরের ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির হামজা।
গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের নেতারা বৈঠক করেন। তারা যে কোনো মূল্যে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেন।