নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
এদিন রাত ১১টার দিকে শহরের দত্তপাড়া বাজার এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনার পর পর রাতেই এলাকায় প্রতিবাদ জানিয়ে মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গ্রেপ্তার হানিফ ভূঁইয়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে এবং তিনি সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার হোসেন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাস থেকে ২০ থেকে ২৫ জন নামেন। নেমেই বাজারের বটতলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মাইক্রোবাসে চড়ে বনপাড়ার দিকে চলে যান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল এসে পরিদর্শন করেন। এ সময় কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
দত্তপাড়া বাজারের নৈশ্যপ্রহরী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গতকাল রাতে মুখোশ পরে হাতে আগ্নোয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন লোক বাজারে নামেন। এ সময় সড়কে চলন্ত একটি কুরিয়ার সার্ভিস গাড়ির গতিরোধ করে সামনে একটি ককটেল বিস্ফোরণ করেন। এরপর গাড়িটিকে লক্ষ্য কয়েকটি গুলি ছোড়েন, এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তারা জয় বাংলা স্লোগান দিয়ে আবারো ফাঁকা গুলিবর্ষণ করে মাইক্রোবাসে উঠে হয়বতপুরের দিকে চলে যায়।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান আগামীর সময়কে জানিয়েছেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।