Image description

১৯৮৬ সালে লেবাননে বোমা হামলা চালানোর সময় বিধ্বস্ত হওয়া ইসরায়েলি যুদ্ধবিমানের এক পাইলটের খোঁজে কয়েক দশক ধরে চলা অভিযানে ইরানের দুই কর্মকর্তাকে অপহরণ করে ইসরায়েল। তাদের একজনকে হত্যাও করা হয়। রবিবার এমনই তথ্য দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

১৯৮৬ সালে লেবাননের গ্রামগুলোয় বোমা হামলা চালাচ্ছিলেন ইসরায়েলি পাইলট রন আরাদ। এ সময় তার একটি ক্ষেপণাস্ত্রে ত্রুটি দেখা দেয়। ফলে যুদ্ধবিমান থেকে প্যারাশুট নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি।

এরপর থেকেই আরাদের পরিণতি জানতে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। এ অভিযানে মৃত্যু ও ধ্বংসের এক দীর্ঘ তালিকা তৈরি হয়েছে। এতে ৪০ জনের বেশি মানুষ নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আরাদের খোঁজে ইসরায়েলের এ অভিযানের পেছনে রয়েছে সেনাদের দেশে ফিরিয়ে আনার ‘ইহুদি ঐতিহ্য’।

২০০৬ সালের ডিসেম্বরে এ অভিযানের প্রথম দিককার শিকার হন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি।

ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে তাকসিম এলাকার কাছে সিলান হোটেলে ওঠেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করেন বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

বহু বছর পর আসগারির অবস্থান জানতে ইরান তথ্য চাওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা তাদের মার্কিন সমকক্ষদের জানান, আরাদের বিষয়ে তথ্য আছে বলে ভুল ধারণা করে আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল।

তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা যায়, ইসরায়েলি পাইলট সম্পর্কে আসগারির কিছুই জানা ছিল না। তা সত্ত্বেও মোসাদের এজেন্টরা তাকে হত্যা করেন এবং তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

সেসময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্তের জন্য সম্ভবত ইসরায়েলের প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন ছিল। ২০০৭ সালে এ পদে ছিলেন এহুদ ওলমার্ট।

আসগারির নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে ইরানি কর্মকর্তারাও নিজস্ব তদন্ত করেন। এতে তারা জানতে পারেন, ইস্তাম্বুলের হোটেলকক্ষে ঢুকে ইসরায়েলি এজেন্টরা আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করেছিলেন। এ অভিযানে ব্যবহৃত গাড়িটিও পরে কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ না থাকলেও ২০২১ সালে ইসরায়েল আবারও আইআরজিসির কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে। দামেস্কে সকালে দৌড়াতে বের হলে তাকে অপহরণ করা হয়।

মোসাদের সদস্যরা সাবেরিকে একটি রেফ্রিজারেটরের বাক্সে ভরে চলন্ত একটি ভ্যানে তুলে নেন।

দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর অপহরণের পেছনে কারা ছিল, তা গোপন করার চেষ্টা হিসেবে ইসরায়েলিরা সাবেরিকে জীবিত অবস্থায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফেলে রেখে যায়।

 

সাবেরিরও আরাদ সম্পর্কে কিছু জানা ছিল না।

পরে হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে সিদ্ধান্তে পৌঁছানো হয়, আরাদ সম্ভবত ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নাবি চিত গ্রামে মারা যান। তার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

তদন্তকারীদের ধারণা, অপহরণকারীরা আরাদকে ওই গ্রামেই আটকে রেখেছিল এবং পরে সেখানেই তাকে দাফন করে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এ বিষয়ে ইরানের কিছু জানা থাকার তত্ত্ব নিয়েই পড়ে ছিলেন।

২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েল অপহরণ করে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শুকর বাড়ি থেকে বের হয়েছিলেন একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দিতে। তবে সেটি আসলে অপহরণের ফাঁদ ছিল বলে ধারণা করা হচ্ছে।

লেবাননের কর্মকর্তাদের বিশ্বাস, ইসরায়েলি এজেন্টরাই তাকে অপহরণ করেছেন। এরপর থেকে তাকে জীবিত দেখা যায়নি। তার অবস্থানও জানা যায়নি।

ইসরায়েলি কর্মকর্তারা এখন মনে করছেন, ১৯৮৮ সালে নাবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে তার ভাই নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে শুকরই আরাদকে হত্যা করেছিলেন।

তবে ইসরায়েলের এ ধারণার পক্ষে কোনো প্রমাণ নেই।

চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী ৬ ও ৭ মার্চ নাবি চিত গ্রামে ৪০টির বেশি হামলা চালায়। তাদের ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে আরাদকে দাফন করা হয়েছে।

ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে আরাদের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

লেবানন জুড়ে ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই