ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন সোমবার তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। ২০২৪ সালে ক্যাথরিনের ক্যানসার শনাক্ত হওয়ার পর এই প্রথম তারা একসঙ্গে বিদেশ সফরে গেলেন।
ভারতের মুম্বাই দিয়ে তাদের সফর শুরু হয়েছে। মঙ্গলবার তারা ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। উইলিয়ামের প্রতিষ্ঠিত এই বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর সমাধান সম্প্রসারণের জন্য পাঁচজন বিজয়ীকে প্রত্যেককে ১৩ লাখ ডলার করে দেয়া হয়।
২০২০ সালে পুরস্কারটি চালুর পর এবারের অনুষ্ঠানটি সবচেয়ে বড় হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা রামি মালেক এবং ব্রিটিশ পপ সংগীতের দল ‘টেক দ্যাট’সহ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি অংশ নেবেন। দলটি এবারই প্রথম ভারতে সংগীত পরিবেশন করবে।
ভারতে পৌঁছানোর কিছুক্ষণ পর মুম্বাইয়ের বলার্ড এস্টেট এলাকার একটি গলিতে রাস্তার ক্রিকেট খেলায় অংশ নেন রাজদম্পতি। শহরটির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এই রাস্তার ক্রিকেট।
সফরকালে তারা ভারতের ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রশিল্পের বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন। এরপর তারা নয়াদিল্লি যাবেন। সেখানে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।
এক দশক আগে ভারত সফরেও মোদির সঙ্গে দেখা করেছিলেন এই দম্পতি। তখনও রাজা তৃতীয় চার্লসের জ্যেষ্ঠ ছেলে উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হননি।
প্রিন্সেস অব ওয়েলস হিসেবে পরিচিত ক্যাথরিনের জন্য এই সফর বিদেশে রাজকীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন। ২০২৪ সালের মার্চে বড় ধরনের পেটের অস্ত্রোপচারের পর তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, ক্যানসার এখন রেমিশনে রয়েছে। এরপর ধীরে ধীরে জনসমক্ষে দায়িত্ব পালন শুরু করেন।
গত মে মাসে উইলিয়ামকে ছাড়াই ইতালি সফর করেন ক্যাথরিন। ক্যানসার শনাক্ত হওয়ার পর সেটিই ছিল তার প্রথম বিদেশ সফর।
সূত্র: এবিসি নিউজ
সূত্র: এবিসি নিউজ