Image description

চাল, ডাল, চিনি ও তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক কমানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর হ্রাসের পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি টিসিবির ডিলারশিপ কার্যক্রমের আওতায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখতেই এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’