Image description

তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ৩১) নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের জন্য দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়ন বরাদ্দ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। কিন্তু নির্ধারিত সময়ে প্যাভিলিয়নটি দখলে নিয়ে অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন সরকারি দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য মানসুরা আলম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুরে বিশ্ব জলবায়ু সম্মেলনে এ ঘটনা ঘটে। পরে প্যাভিলিয়নের সামনে সংবাদ সম্মেলন করে জামায়াত। তবে সেখানেও নানা ধরনের বাধা সৃষ্টি করেন মানসুরা, সাঈদ আব্দুল্লাহ ও তাঁদের অনুসারী কয়েকজন তরুণ পরিবেশকর্মী।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

তিনি জানান, শুক্রবার প্রথমে প্যাভিলিয়নের সময়সূচি জানতে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। তবে ওই অতিরিক্ত সচিব তাঁকে জানান, প্যাভিলিয়ন বরাদ্দ পেতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের অনুমতি নিতে হবে। পরে প্রতিমন্ত্রীর অনুমতি নিয়ে বিষয়টি নাভিদ শফিউল্লাহকে জানালে তিনি দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত প্যাভিলিয়ন খালি আছে বলে জানান। ওই সময়ের জন্য জামায়াতকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়।

জামায়াতের পক্ষ থেকে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, জামায়াত নেতারা বসতে চাইলে সেখানে অবস্থান নেন কয়েকজন তরুণ। তাঁরা ‘রোল অব ইয়ুথ ইন ক্লাইমেট ফাইন্যান্স’ শিরোনামে একটি ডায়ালগ শুরু করেন। তবে এটি কোন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে, তা কোথাও উল্লেখ করা হয়নি। ওই আলোচনায় মঞ্চের বক্তা ছাড়া কোনো শ্রোতাও দেখা যায়নি। তবে পাশে দাঁড়িয়ে পুরো আয়োজন সমন্বয় করতে দেখা যায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য মানসুরা আলমকে। এ সময় আশপাশে থাকা অনেককে জোর করে শ্রোতার আসনে বসাতেও দেখা যায় তাঁকে।

এ সময় সাঈদ আব্দুল্লাহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহকে জোরপূর্বক প্যাভিলিয়ন থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যেতে বলেন, যাতে জামায়াতের কাছে তাঁকে কোনো জবাবদিহি করতে না হয়। পুরো ঘটনাটি সাংবাদিকদের সামনেই ঘটে।

এদিকে প্যাভিলিয়নে জায়গা না পেয়ে আধা ঘণ্টা পর বাইরে সংবাদ সম্মেলন করেন জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা। তবে সেখানেও নানা উপায়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন মানসুরার অনুসারী কয়েকজন তরুণ পরিবেশকর্মী। এমনকি সাংবাদিকদের সংবাদ সংগ্রহেও বাধা দেন তাঁরা।

কপ ৩১-এ জামায়াতের ভূমিকা কী ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি বলেন, ‘জলবায়ু একটি কালেক্টিভ ইস্যু। সরকার ও বিরোধী দল—আমরা সবাই এখানে এসেছি দেশের স্বার্থে কথা বলতে। দেশের রাজনৈতিক বিরোধ নিয়ে এখানে কথা বলতে চাই না। আমরা চেয়েছিলাম, সবাই মিলে সমন্বিতভাবে দেশের স্বার্থে একই সুরে কথা বলতে। আমাদের পরিকল্পনা ছিল একসঙ্গে আসব, একসঙ্গে পজিশন পেপার তৈরি করব এবং একসঙ্গে আর্গুমেন্ট করব। কিন্তু সেই সুযোগ আমাদের হয়নি। কপে বিরোধী দল হিসেবে নতুন কোনো উইন্ডো তৈরি করাও কঠিন। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সরাসরি কোনো ভূমিকা রাখার সুযোগ পাইনি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা ও সমন্বয়ের চেষ্টা করছি। বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছি।’

প্যাভিলিয়ন বরাদ্দের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অনুমতি চেয়েছিলাম। আমাদের একটি নির্ধারিত সময়ও বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এখানে প্যাভিলিয়ন ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একধরনের বিশৃঙ্খলা দেখেছি। বিষয়টি দুঃখজনক। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। আমরা অবশ্যই বিষয়টি নির্ধারিত ফোরামে তুলে ধরব।’

 

বিস্তারিত আসছে...