ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) নিয়ে চলছে তুমুল আলোচনা। গত ১০ নভেম্বর ভারতে প্রকাশিত হওয়া বইটিতে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, রাজনীতিতে প্রবেশ, স্বামী রাজীব গান্ধী ও শাশুড়ি ইন্দিরা গান্ধীকে হারানোর অভিজ্ঞতাসহ দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরেছেন তিনি।
পাঠকদের জন্য বইটির খণ্ডভিত্তিক সারাংশ ধারাবাহিকভাবে প্রকাশ করছে স্টার নিউজ। আজ রইলো দ্বিতীয় খণ্ডের বাকি অংশ (পর্ব: ৩)।
ফোরি মাসি আর শাশুড়ির কাছের মানুষেরা
এই অংশের শুরু ফোরি নেহরুকে দিয়ে পরিবারে একমাত্র মানুষ, যাঁকে সত্যিকার অর্থে "দাদি" বলে ডাকা যেত। সংসারের সবার ভালো-মন্দ নিয়ে তাঁর ছিল মায়ের মতো উদ্বেগ; শেষ জীবনে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে রাহুল প্রায়ই তাঁকে দেখতে যেত, কারণ তাঁর মধ্যে সে খুঁজে পেত প্রিয় ঠাকুমার ছায়া। বহুদিন ধরে সোনিয়ার কৌতূহল ছিল - খাওয়ার নিমন্ত্রণে ফোরি মাসি কেন প্রায়ই বলতেন পেটটা একটু খারাপ, তবে ওই মুচমুচে রুটি আর পনির বা কোল্ড কাট হলে খেতে পারবেন। রহস্যটা খোলে বহু বছর পরে, তাঁর ছেলে অশোকের বাড়িতে নৈশভোজে: মালতির রান্না করা উত্তর প্রদেশের কায়স্থ সম্প্রদায়ের সুস্বাদু পদ সবার প্লেটে থাকলেও ফোরি মাসির প্লেট ফাঁকা। মালতি ফিসফিস করে জানান, তিনি আসলে ভারতীয় খাবার খান না শুধু তা প্রকাশ্যে আলোচনা হোক, তা চান না। সুতরাং সেই বারবার ‘পেট খারাপ’-এর এটাই ছিল আসল কারণ। ১০৮ বছর বয়সে তার মৃত্যুর পর সোনিয়া মনে করেন, রহস্যটা এবার ফাঁস করা যায়।
এরপর সোনিয়া বর্ণনা করেন, কীভাবে শাশুড়িকে কাছ থেকে দেখে তিনি রাজনীতির অন্দরের নিয়ম শিখছিলেন।
ইন্দিরা গান্ধী কারও প্রতি ছিলেন উষ্ণ ও বন্ধুসুলভ, আবার কাউকে এক মুহূর্তের হিমশীতল দৃষ্টিতেই জমিয়ে দিতে পারতেন; কখনো কাউকে এড়িয়ে চলতেন, আবার কিছুদিন পরে তাকেই দলে ফিরিয়ে নিতেন। প্রথমে সাদা-কালোয় ভাবতে অভ্যন্ত সোনিয়ার কাছে এটা ধাঁধা লাগত, ধীরে ধীরে বুঝলেন বহু মানুষ নিয়ে কাজ করতে গেলে এটাই স্বাভাবিক; জীবন সবসময় কাটাছেঁড়াভাবে ভাগ করা যায় না, মাঝখানে ধূসর ছায়া থাকে। পরে নিজে রাজনীতিতে এসে তিনিও কখনো কখনো দলকে হতাশ করা সহকর্মীর সাক্ষাতের অনুরোধ উপেক্ষা করেছেন, বা কারও বিচক্ষণতার সীমা লঙ্ঘনে অসন্তোষ বোঝাতে ইচ্ছা করে কয়েক দিন দেরি করে সাড়া দিয়েছেন।
ইন্দিরার ঘনিষ্ঠ মহলে ছিলেন পিতার আমল থেকে পরিচিত বহু রাজনৈতিক সহকর্মী ও আমলা - পি. এন. হকসার, শারদা প্রসাদ, বি. কে. নেহরু; সাংস্কৃতিক কর্মী পুপুল জয়কর, যার সঙ্গে শিল্পকলার প্রতি ভালোবাসা ভাগ করা ছিল; নাটক-চলচ্চিত্র সমালোচক মারি সেটন; আর মার্কিন লেখক-আলোকচিত্রী ডরোথি নরম্যান, যার সঙ্গে তাঁর চিঠি পরে বই আকারে প্রকাশিত হয়। হকসার ছিলেন শাশুড়ির প্রধান সচিব অসাধারণ পাণ্ডিত্য, সমাজতন্ত্রী আদর্শ আর সূক্ষ্ম রাজনৈতিক বিচারবুদ্ধির অধিকারী; ১৯৬৫ সালে ছেলের প্রেমে পড়া ইতালীয় মেয়েটিকে "এক নজর দেখে নিতে" ইন্দিরাই তাঁকে বলেছিলেন, আর তার পর থেকে তিনি সোনিয়াকে স্নেহে সম্ভাষণ করতেন; তাঁর সংক্রামক হাসি আর বিড়ির ধোঁয়ার গন্ধেই ঘরে ঢোকার আগে তাঁর উপস্থিতি টের পাওয়া যেত। রাজীব ও সোনিয়া প্রায়ই তাঁর পরামর্শ নিতে যেতেন; শেষ বয়সে, দৃষ্টি প্রায় হারিয়ে অসুস্থ অবস্থায়, সোনিয়া তার প্রিয় ইতালীয় খাবার পাঠিয়ে দিতেন। অপরদিকে এইচ. ওয়াই. শারদা প্রসাদ তথ্য উপদেষ্টা ও দুর্দান্ত ভাষণ-রচয়িতা- নীরবে ইন্দিরার স্টাডিতে ঢুকে কোমল গলায় ব্রিফ করতেন; সত্যিকারের গান্ধীবাদী তিনি পশ্চিম দিল্লির পাঞ্জাবি বাগে ছোট্ট একটি ফ্ল্যাটে স্ত্রী কমলাম্মার সঙ্গে সাদামাটা জীবন কাটাতেন। সোনিয়ার আফসোস, হকসার আত্মজীবনী লিখলে তা হতো অমূল্য।
সোনিয়ার পর্যবেক্ষণে, ইন্দিরার প্রকৃত অর্থে কোনো অন্তরঙ্গ বিশ্বস্ত বন্ধু ছিল না, যার কাছে তিনি সম্পূর্ণ মন খুলতে পারতেন - একমাত্র ব্যতিক্রম স্বামী ফিরোজ; দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের পরেও তিনি তাঁকে ভালোবাসার চিঠি লিখতেন। সোনিয়ার ছোট বোনের বিবাহবিচ্ছেদের ভাবনার কথা শুনে তিনি পরামর্শ দিয়েছিলেন, রাগ বা আঘাত পেয়ে যেন সিদ্ধান্ত না নেওয়া হয় ফিরোজের সঙ্গে নিজের বিচ্ছেদ নিয়ে তিনি আজীবন অনুতপ্ত। প্রায়ই তিনি ফিরোজের প্রসঙ্গ তুলতেন: তিনি ভারী খাবার পছন্দ করতেন, শাস্ত্রীয় সংগীত ভালোবাসতে শিখিয়েছিলেন, সুন্দর বাগান করতেন। পরিবারের আরেক প্রিয় মুখ ছিলেন পদ্মজা নাইডু এলাহাবাদের আনন্দ ভবনের যুগ থেকে নেহরুদের ঘনিষ্ঠ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করে পরে নেহরু ফান্ডে কাজ করা এই মহিলা ছিলেন ইন্দিরার কাছে বড় বোনের মতো; কোনো আগাম খবর ছাড়াই তিনি যেকোনো সময় এসে উপস্থিত হতে পারতেন একমাত্র তিনিই, তাঁর খারাপ হাঁটুর জন্য স্টাডিতে রাখা থাকত উঁচু চেয়ার আর পাদানি। তিনি নাতি-নাতনিদের জন্য বিশেষ ছোট টেবিলে জাঁকজমকপূর্ণ "হাই টি"-র আয়োজন করতেন। সোনিয়া স্মরণ করেন, আসার পরপরই প্রায় প্রতি রবিবার পদ্মসীকে নিয়ে ইন্দিরা যেতেন মধ্য দিল্লিতে নির্ধারিত নেহরু পার্কের জায়গায়; বেতের টুলে বসে ল্যান্ডস্কেপ স্থপতি ও উদ্যান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ঠিক করতেন কোন জায়গায় কোন ফুলের গাছের ঝোপ বসবে, যাতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে পার্কে ফুল ফোটে। গাছ-ফুলের প্রতি এই ভালোবাসা ইন্দিরা পেয়েছিলেন পিতার কাছ থেকে, ভাগ করতেন স্বামীর সঙ্গে প্রিয় গাছ ছিল কাশ্মীরের চিনার; বাড়ির বাগানে বার্ষিক ফুল বোনার পরিকল্পনাও তিনি মালী ও অ্যামি আন্টির সঙ্গে মিলে করতেন।
সিন্ডিকেটের সঙ্গে লড়াই আর কংগ্রেস বিভক্তি
নবম অধ্যায়ে রাজনীতি সরাসরি পরিবারের গণ্ডিতে ঢুকে পড়ে বসবাসের অংশটি শাশুড়ির অফিসের লাগোয়া হওয়ায় রাজনৈতিক লড়াই প্রতিদিন চোখের সামনে ঘটত; রাজীব-সোনিয়া তখন কেবল পার্শ্বদর্শী। ১৯৬৪ সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর ইন্দিরা রাজ্যসভার সদস্য হন এবং প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব নেন। ক্রমে তাঁর মনে হতে থাকে, পিতার আজীবন সাধনার দল কংগ্রেস তার সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে সরে যাচ্ছে; শিল্পপতি ও প্রাক্তন রাজপরিবারের সমর্থনে "সিন্ডিকেট" নামে পরিচিত একটি দক্ষিণপন্থী গোষ্ঠী দলের ভেতরে ক্ষমতাশালী হয়ে উঠছে। ১৯৬৬ সালের জানুয়ারিতে শাস্ত্রীর আকস্মিক মৃত্যুর পর কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্বের নির্বাচনে তিনি মোরারজি দেশাইকে হারিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হন। ১৯৬৭ সালের সাধারণ নির্বাচনে ফিরোজ গান্ধীর পুরনো আসন রায়বরেলি থেকে লোকসভায় জিতে তাঁর অবস্থান শক্ত হয়, তবু সিন্ডিকেটের জেদে দেশাইকে অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী মেনে নিতে হয়।
রাজনৈতিক খবর পড়ুন
সংঘাত চরমে ওঠে ১৯৬৯ সালে। মে মাসে রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুতে উত্তরাধিকার নিয়ে টানাপোড়েন শুরু হয়; বেঙ্গালুরুতে এআইসিসি সভায় ইন্দিরা মৌলিক অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব দেন। পাল্টা সিন্ডিকেট নিজেদের প্রার্থী হিসেবে তাঁর কট্টর প্রতিদ্বন্দ্বী নীলম সঞ্জীব রেড্ডিকে দাঁড় করায়, এমনকি স্বতন্ত্র পার্টি ও জনসংঘের সমর্থনও চায়-ইন্দিরার দৃষ্টিতে ডানপন্থী ও সাম্প্রদায়িক শক্তির সাহায্য নেওয়া ছিল কংগ্রেসের মূল অবস্থানের প্রতি বিশ্বাসঘাতকতা। তিনি পাল্টা আঘাত হানেন: দেশাইকে অর্থ মন্ত্রক থেকে সরিয়ে দেন, ধনীদের স্বার্থে চলা ব্যাংকব্যবস্থা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার যুক্তিতে চৌদ্দটি বৃহত্তম বেসরকারি ব্যাংক জাতীয়করণ করেন, এবং রাষ্ট্রপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপ-রাষ্ট্রপতি ভি. ডি. গিরিকে দাঁড় করান গিরি পদত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতায় নামেন, ইন্দিরা সব দলের বিধায়কদের কাছে ‘বিবেকের ভোট’ চান। বাড়িতে বসে তাঁরা প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিলেন; এই চাপের মধ্যে এক বিরল শান্ত মুহূর্তে ইন্দিরা তাঁর কষ্টের কথা বলেছিলেন সিন্ডিকেট তাঁকে কীভাবে কোণঠাসা করার চেষ্টা করছে।
আগস্টে ভোটে গিরি জিতলেন। খবর শোনার দৃশ্যটি সোনিয়ার স্মৃতিতে উজ্জ্বল: সঞ্জয় ও বন্ধুদের সঙ্গে তারা রেডিও আঁকড়ে বসে ছিলেন; প্রথম রাউন্ডে উদ্বেগ, দ্বিতীয় রাউন্ডে উত্তেজনা, ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস - স্টাডির বারান্দার আড়ালে লুকিয়ে তাঁরা জয়ধ্বনি ও স্লোগান দিতে থাকেন; দরজা খুলে ইন্দিরা বেরিয়ে এসে হাসিমুখে প্রত্যেককে জড়িয়ে ধরেন এবং প্যান্ট্রি থেকে মিঠাই আনিয়ে সবাইকে খাওয়ান। পরদিন ভোরে অভিনন্দন জানাতে কর্মী-বন্ধুদের ঢল নামে ফুল, মালা, মিষ্টি; অনাহূত ভিড়ে বাড়িতে হুলুস্থুল, নাশতা ফুরিয়ে গিয়ে কাছের ক্লাবে জরুরি বার্তা পাঠাতে হয়। তিন মাস পরে, নভেম্বরে, দল ভেঙে যায়: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুপস্থিতিতেই বিচার করে সিন্ডিকেট তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। এই প্রচণ্ড আঘাতের জবাবে তিনি সমর্থকদের নিয়ে আলাদা দল কংগ্রেস (আর) গড়েন। ফলে তাঁর সরকার সংখ্যালঘুতে পড়ে বামপন্থী ও ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল; বাড়িতেও তার চাপ টের পাওয়া যেত: অফিসে অবিরাম ফোন ও রাতবিরেতে সভা, সমর্থকদের স্লোগান আর পুলিশের সঙ্গে হাতাহাতি। ইন্দিরা বেশিরভাগ দিন বাড়িতে খেতেই পেতেন না অফিসে খাবার পাঠানো হতো, সংসদ চললে রেলওয়ে ক্যান্টিনের খাবারই খেতেন। সংসদে বিরোধীদের কটু ও অপমানজনক আক্রমণের কথা তিনি বাড়িতে বলতেন; প্রথম বছরগুলোয় সভায় দাঁড়িয়ে বক্তৃতা বা বিতর্কের আতঙ্ক, গলা আটকে যাওয়া আর উচ্চ স্বরের বিব্রতকর অভিজ্ঞতার কথা স্বীকার করতেন- এমনকি কখনো অসুস্থ হয়ে পড়তে চাইতেন এসব এড়াতে। সোনিয়া লেখেন, বহু বছর পরে নিজে রাজনীতিতে নেমে তিনি হুবহু একই আতঙ্কের মুখোমুখি হয়েছিলেন। বিরোধীরা সংসদের বাইরেও তাঁর চরিত্র নিয়ে কুরুচিকর মিথ্যা গল্প ছড়াত, কিন্তু তিনি পাল্টা আক্রমণে যেতেন না; ধীরে ধীরে আত্মবিশ্বাস পেয়ে তিনি প্রমাণ করেন, তিনি হালকা প্রতিদ্বন্দ্বী নন- দৃঢ়প্রতিজ্ঞ নেত্রী।
এর মাঝেই ১৯৬৯ সালে রাজীব ইন্ডিয়ান এয়ারলাইন্সে ফকার ফ্রেন্ডশিপ বিমানের সহ-পাইলট হিসেবে আনুষ্ঠানিকভাবে উড়ানজীবন শুরু করেন। প্রথম বেতনের চেক হাতে পেয়ে তিনি সোজা মায়ের ঘরে গিয়ে তা তাঁর হাতে তুলে দেন-এতদিন মা-ই তাঁদের সব প্রয়োজন মিটিয়েছেন। আবেগে মায়ের চোখ ভিজে ওঠে; তিনি প্রথমে নিতে না চাইলেও ছেলের জেদে জড়িয়ে ধরেন। পরে ব্যবস্থা হয়, রাজীব বেতনের একটি অংশ সংসারের মাসিক খরচে দেবেন। একবার চমক দিতে তিনি সোনিয়াকে সঙ্গে নিয়ে একটি ফ্লাইটে বোম্বে (বর্তমান মুম্বাই) যান; পাইলটদের থাকার ব্যবস্থা ছিল তাজমহল প্যালেস হোটেলে, আরব সাগরের ধারের সেই সেরা হোটেলের প্রতিটি খাবার সোনিয়া তৃপ্তি করে খান। সফরের সেরা অংশ ছিল এলিফ্যান্টা গুহা: প্রথম দিকে হিন্দু দেবদেবীর মূর্তি তার কাছে অচেনা লাগত বাড়ির প্রবেশপথের বড় ব্রোঞ্জ মূর্তির পাশ দিয়ে গেলেই অস্বস্তি হতো; কিন্তু শাশুড়ি ও উষা ভগত হিন্দু ধর্ম ও পুরাণ বুঝিয়ে দেওয়ার পর আগ্রহ জন্মায় -আজও যে-বাড়িতেই তাঁরা থাকেন, প্রবেশপথে ব্রোঞ্জের গণেশ রাখা থাকে, ঘরে থাকে শিবের নানা মূর্তি। এলিফ্যান্টায় বিশাল ত্রিমূর্তি আর শিবের খোদাই মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন কারিগরদের নৈপুণ্য আর ভক্তির গভীরতা অনুভব করে ফিরে এসে শাশুড়ির লাইব্রেরিতে এ বিষয়ে বই খুঁজে পড়তে শুরু করেন।
প্রথম সন্তানের জন্ম ও মৃত্যু, তারপর রাহুল
সেপ্টেম্বর মাসে সোনিয়া জানতে পারেন তিনি সন্তানসম্ভবা। ইন্দিরা এক বন্ধুকে চিঠিতে এই ‘গোপন খবর’ জানিয়ে লেখেন, এপ্রিলে তিনি ঠাকুমা হতে চলেছেন। সোনিয়াকে চুমু খেয়ে জড়িয়ে ধরে তিনি বলে ওঠেন, একটা বড় বাচ্চা আরেকটা বাচ্চার জন্ম দিতে যাচ্ছে রসিকতাটা সোনিয়ার সন্দেহের চোখে ঠেকে: তিনি কি সত্যিই বাচ্চাদের মতো আচরণ করেন? এরপর শাশুড়ি পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন খাদ্যতালিকা, নিয়মিত ব্যায়াম ও হাঁটার নির্দেশ, পুরনো বই থেকে ছেঁটে তৈরি শিশুর পোশাকের তালিকা, পাঁচ স্তরে সেলাই করা সবচেয়ে নরম মসলিনের ন্যাপি বানাতে দর্জিকে নির্দেশ, নামের খোঁজ, গর্ভাবস্থার জন্য ভালো ডাক্তার খুঁজে বের করতে অ্যামি আন্টিকে বলা। নিয়ম ছিল কঠিন: সপ্তাহে অন্তত তিন দিন পালং শাক (যার স্বাদ সোনিয়া সহ্যই করতে পারতেন না প্রতিটি লোকমা জল দিয়ে গিলতেন), প্রতিদিন দুই বড় গ্লাস দুধ (নেসক্যাফে মিশিয়ে স্বাদ লুকোতেন; কনট প্লেসের কফি হাউস থেকে কফির বিন কিনে নিজে পুড়িয়ে কালো করে নিতেন), এবং অপছন্দের ব্যায়াম। নিজের মায়ের কাছে যেখানে তিনি সরাসরি আপত্তি করতেন, শ্বশুরবাড়িতে তখন তিনি এতটা সাহস পেতেন না; মাঝে মাঝে অভিমানে প্লেটের দিকে মুখ ভাড় করে তাকিয়ে থাকতেন বা ঠেলে সরিয়ে দিতেন। এরই মধ্যে জামুন, ফলসা আর ফান্টার অদ্ভুত লোভ জাগে। দিনে বারো গ্লাস পর্যন্ত ফান্টা খেতেন।
সপ্তম মাসের শুরুতে এক সকালে হঠাৎ অস্বস্তি ও হালকা পেটব্যথা শুরু হয়; ডাক্তার বিশ্রামের পরামর্শ দিলেও ব্যথা বাড়তে থাকে এবং পরদিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ছুটতে হয়। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি স্বাভাবিক প্রসবে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। ইনকিউবেটরে রাখা ক্ষুদ্র, নিখুঁত গড়নের ঘন কালো চুল আর লম্বা সরু আঙুলের -ছেলেটিকে রাজীব তাঁকে দেখাতে নিয়ে যান; দুজনে তৎক্ষণাৎ তাঁর প্রেমে পড়েন। কিন্তু রাজীবকে আগেই জানানো হয়েছিল, শিশুটির বেঁচে থাকা নিয়ে সন্দেহ আছে; ভোর সাড়ে ছয়টায় শেষ নিঃশ্বাসের খবরটি অ্যামি আন্টিকে পাশে নিয়ে তিনি নরমভাবে সোনিয়াকে জানান। দুজনেই ভেঙে পড়েন রাজীবও, তার সংযত লালন-পালনের পরেও, অঝোরে কাঁদেন। সফর কাটছাঁট করে ইন্দিরা রাত সাড়ে এগারোটায় ফিরে এসে লাল-ফোলা চোখে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসে থাকেন; সফরের বাকি বাধ্যবাধকতার জন্য ভোরেই তাঁকে আবার বেরিয়ে যেতে হয়, গভীর শোক নিয়ে। সঞ্জয় ছুটে আসেন ভাইয়ের পাশে থাকতে বহিরঙ্গে হঠাৎ রুক্ষ মনে হলেও ভেতরে তিনি ছিলেন উষ্ণ ও সহানুভূতিশীল; মজার গল্প আর ধাঁধা বলে মন ভালো করার চেষ্টা করতেন, একদিন হাসপাতালে হাজির হন ক্ষেত থেকে তুলে আনা কাঁচা ডালের গুচ্ছের ‘তোড়া’ 'নিয়ে সোনিয়াকে তিনি বহুদিন ধরে দেখাতে চেয়েছিলেন, কোন গাছ থেকে তাঁদের প্রতিদিনের হলুদ ডাল আসে।
এরপর আসে আরেক যন্ত্রণাদায়ক প্রশ্ন: শিশুটির দেহাবশেষ নিয়ে কী করা হবে? হিন্দু প্রথায় নবজাতককে দাহ করা হয় না - নদীতে বিসর্জন দেওয়া হয়; খ্রিস্টান কবরস্থানে সমাধি দেওয়া হলে তা নিয়ে বিষ্ফোরণ ঘটতে পারত, আর পাশের পারসি কবরস্থানেও নয় রাজীবের পিতা পারসি হলেও ধর্মীয় রীতি মানতেন না। সোনিয়া কান্নায় ভেঙে পড়ে অস্বীকার করেন: ওখলা ব্যারাজের কাছে একবার একটি ফুলে-ওঠা মৃতদেহ আবর্জনার স্তূপে আটকে থাকতে আর কুকুরদের টেনে বের করতে দেখা থেকে তিনি জানতেন, যেকোনো পবিত্র নদীই হোক, নিজের শিশুকে তিনি তা করতে দিতে পারবেন না। শেষে রাজীব ও সঞ্জয় সিদ্ধান্ত নেন, মেহরাউলিতে তাঁদের পিতার খামারের জমিতে শিশুটিকে সমাধিস্থ করা হবে -সেখানে ছিল কুয়ো, কয়েকটি বিশাল পুরনো গাছ আর ফিরোজ গান্ধীর লাগানো নতুন গাছ; সীমানার ধারে ফুটে থাকা একটি সুন্দর গোলাপি বোগেনভিলিয়া ঝোপের নিচে গভীরে তাকে শোয়ানো হয়। বহুদিন ধরে তাঁরা সেখানে গেলেই সেই জায়গায় একটি করে ফুল রেখে থমকে দাঁড়াতেন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোনিয়া দীর্ঘ বিষন্নতায় ভোগেন অপরাধবোধ আর নিজেকে অযোগ্য মনে হওয়া তাঁকে কুরে খেত: হয়তো শাশুড়ির খাদ্য-পরামর্শ আরও মন দিয়ে মানা উচিত ছিল, হয়তো ব্যায়ামের জেদ শোনা উচিত হয়নি। এর মধ্যে ডানপন্থী বিরোধী একটি পত্রিকায় ছাপা এক নিষ্ঠুর মন্তব্য- ইন্দিরা নাকি একটি ‘অবৈধ’ সন্তানের ঠাকুমা হতে ব্যর্থ হয়েছেন তার হৃদয়ে বিষের মতো বিঁধে যায়; আজও তা স্পষ্ট মনে আছে। কাঁদতে কাঁদতে তিনি তা রাজীবকে দেখালে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন, কে তাকে এই কাগজ দেখাল তা জানতে চান, এবং সান্ত্বনা দিয়ে বোঝান, পরিবার নিয়ে এমন কুৎসা প্রতিদিনের ঘটনা- যতই বেদনাদায়ক হোক, উপেক্ষা করতেই হবে; সোনিয়া লেখেন, বছরজুড়ে এটাই হয়ে রইল স্থায়ী ধারা।
সময়ের সঙ্গে শোকের মেঘ ধীরে সরতে থাকে। তেজি আন্টি মন ভালো করতে উপহার দেন একটি কুকুরছানা -ডাকশুন্ড ও ককার স্প্যানিয়েলের সংকর; রাজীবের প্রিয় পুরনো কুকুরের নামে তার নাম রাখা হয় রেশমা, আর তার যত্ন নেয়া শোকের ব্যথা কিছুটা লাঘব করে। সেই বছরই ইন্দিরা তাদের সঙ্গে নিয়ে আফগানিস্তান সফরে যান অ্যামি আন্টিকে তিনি স্বীকার করেছিলেন, হারানোর যন্ত্রণা থেকে মন সরাতেই এই সফর। কাবুলের রঙিন পাথুরে পাহাড়, পাশ্চাত্য পোশাক ও চুলের ছাঁটে সজ্জিত নারীদের যাদের অনেকে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দেখে সোনিয়া মুগ্ধ হন। মূল বাজারে রঙিন পাগড়িধারী বিক্রেতাদের হাঁকডাক, কার্পেট আর হাতে-গড়া ধাতব পণ্যের স্তূপ; বড় ডিপার্টমেন্টাল স্টোরে আমদানি-নিষেধাজ্ঞার কারণে ভারতে দুষ্প্রাপ্য পাশ্চাত্য পণ্যের সমাহার দেখে তিনি কিনে নেন এক বড় টিন জলপাই তেল। সফরের উচ্চতম বিন্দু ছিল বামিয়ান হিন্দুকুশ পর্বতমালা-বেষ্টিত প্রাচীন রেশম পথের এই বৌদ্ধ কেন্দ্রে সপ্তম শতাব্দীর গুহাগুলো সংরক্ষণে ইউনেসকোর প্রতিশ্রুত অর্থ না এলে ইন্দিরা ভারত সরকারের আর্থিক সাহায্য ও বিশেষজ্ঞতার প্রস্তাব দিয়েছিলেন। হাজারা নারীদের কাজ করা সবুজ ক্ষেতের ওপর দিয়ে তাঁরা সবচেয়ে বড় বুদ্ধমূর্তির কাছে উঠে যান; রাজীবের তোলা ছবিগুলো আজও সোনিয়ার কাছে আছে- তিন দশক পরে তালিবানদের হাতে ইচ্ছাকৃতভাবে ধ্বংস হওয়া সেই ঐতিহ্যের স্মরণে।
সেই বছরের অক্টোবরে সোনিয়া আবার গর্ভবতী হন আনন্দের সঙ্গে আগের অভিজ্ঞতার উদ্বেগও। এবার ইন্দিরা বোম্বের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শিরোদকরকে ডাকেন তিনিই রাজীবের জন্মের সময় প্রসব করিয়েছিলেন; তার পরামর্শে সম্পূর্ণ বিশ্রাম, আর দিল্লিতে তার ছাত্রী ডা. ঘাই (পরে ভান্ডারি) দেখভাল করবেন। টানা আট মাস সোনিয়া বিছানা থেকে নামতেই পারেননি। রাজীবকে আরও প্রশিক্ষণের জন্য সেকেন্দ্রাবাদ যেতে হয়; শাশুড়ি প্রায়ই তাঁর ঘরে এসে দুপুর বা রাতের খাবার খেয়ে সঙ্গ দিতেন, তিনি না পারলে সঞ্জয় বসতেন; অ্যামি ও তেজি আন্টি দিনের বেলায় বই-পত্রিকা আর খবর নিয়ে আসতেন; টেলিফোনে লম্বা তার জুড়ে দেয়ায় মাঝে মাঝে রাজীবের সঙ্গে কথা হতো। এই দীর্ঘ অনুপস্থিতি বাইরে কৌতূহলের জন্ম দেয় বাড়ির উল্টোদিকের স্ট্যান্ড থেকে প্রায়ই ট্যাক্সি ভাড়া করা এক চালক অ্যামি আন্টিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে বসেন, বউ কি দেশ ছেড়ে চলে গেছেন? অবশেষে ১৯৭০ সালের ১৯ জুন, রাজীব ও অ্যামি আন্টিকে পাশে নিয়ে, পুত্রসন্তানের জন্ম হয়। ছেলে হলে নাম রাখা হবে রাহুল- ইতালীয় ‘রাউল’-এর কাছাকাছি বলে সোনিয়ার পরিবারের উচ্চারণেও সহজ; আর ইন্দিরা নিজেও রাজীবের জন্য এই নামটাই চেয়েছিলেন- বিয়ের আগেই আনন্দ ভবনে তিনি বলেছিলেন, ছেলে হলে নাম রাখবেন রাহুলা।
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গের বাঁকুড়া সফর থেকে ফিরে পরদিন ইন্দিরা সোজা হাসপাতালে আসেন, আবেগে বলে ওঠেন তিনি ফিরতে তার সইছিল না, শিশুটিকে কোলে নিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন; রাজীব ক্যামেরায় প্রতিটি মুহূর্ত ধরে রাখেন। বাড়ি ফিরলে হাসিমুখ ঠাকুমা প্রথা অনুযায়ী শিশুর ঠোঁটে মধু ছোঁয়ান, কপালে টিকা দেন। রাজীব বানিয়েছিলেন একটি উঁচু ড্রয়ার-আলমারি, যাতে ঝুঁকতে না হয়ে সোনিয়া শিশুর পোশাক বদলাতে পারেন। কিছুদিন পর ইতালি থেকে সোনিয়ার মা এসে এক মাস থাকেন নাতিকে কোলে নেওয়ার আকুলতা সত্ত্বেও তিনি লক্ষণীয়ভাবে ইন্দিরা ঘরে ঢুকলে শিশুটিকে তার দিকে এগিয়ে দিতেন: ঠাকুমাই আগে ভোগ করুন, তিনি পরে আদর করতে পারবেন; ইন্দিরার কাজের চাপের কথাও তিনি ভাবতেন। ভাষার ব্যবধান সত্ত্বেও দুই ঠাকুমা পরস্পরকে বুঝে নিতেন- প্রথমে সোনিয়া দোভাষীর কাজ করতেন; মা ইন্দিরার পছন্দের লাজানিয়া ও নানা ধরনের রিসোত্তো রাঁধতেন, ইন্দিরা প্রদর্শনী বা কনসার্টে মাকে সঙ্গে নিতেন, এমনকি কাশ্মীর ভ্রমণেও ডেকে নিয়ে যান -ফিরে এসে মায়ের আনন্দের বর্ণনা সোনিয়ার আজও মনে আছে; জন্মদিনে ইন্দিরার কাছ থেকে মা পেতেন স্নেহভরা কয়েক লাইনের চিঠি, যা নাদিয়া অনুবাদ করে শোনাতেন।
রাহুল ছিল রোগা, দিনে বেশিরভাগ ঘুমোত, রাতে খুব কাঁদত। ডা. স্পকের বই মেনে কাঁদলেই খাওয়ানোর নিয়ম চলত। এতে রাতজাগা কষ্ট হতো, কিন্তু রাজীব উঠে শিশুর পোশাক বদলে, শান্ত করে, খাওয়ানোর জন্য সোনিয়ার হাতে তুলে দিতেন, তারপর ঢেকুর তোলার জন্য কোলে নিয়ে আস্তে করে খাটে শুইয়ে দিতেন, যাতে সোনিয়া কয়েক ঘণ্টা ঘুমোতে পারেন - এই পালা রাতে বারবার চলত। শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় আন্টিদের অবাধ ঢুকে পড়া সোনিয়াকে বিচলিত করত- ভারতে আসার আগে তিনি কখনো স্তন্যপান দেখেননি; ইতালিতে তাঁর পরিবারে এসব বিষয়ে ছিল কঠোর পর্দা যৌবন, দাম্পত্য ঘনিষ্ঠতা বা সন্তানধারণের মতো বিষয়গুলো তিনি জেনেছিলেন অনেক পরে, বোর্ডিং স্কুলে এক সহপাঠীর বিকৃত বয়ান থেকে, যাতে সারস পাখির গল্প ভেঙে তাঁর মধ্যে ঘৃণা জেগেছিল। তিনি বাইরের দরজা ভেতর থেকে আটকে রাখতেন, কিন্তু শাশুড়িকে আটকানো যেত না- দুজনের ঘর যুক্ত ছিল একই বাথরুম দিয়ে। প্রথমবার স্তন্যপানরত অবস্থায় ইন্দিরা ঢুকে পড়লে সোনিয়া জমে যান, ঘুরে যাওয়ার চেষ্টা করেও পারেন না; ইন্দিরা শিশুটিকে ঠিকমতো ধরা হয়েছে কিনা, মাথা যথেষ্ট উঁচুতে আছে কিনা, পিঠের জন্য অতিরিক্ত বালিশ লাগবে কিনা-এসব জিজ্ঞেস করতে থাকেন। লজ্জায় লাল সোনিয়া উত্তর দিতে পারছিলেন না; তাঁর টানটান ভাব টের পেয়ে শিশুটি কেঁদে ওঠে। ইন্দিরা তখন তাকে আলতো করে কোলে তুলে আদরে দোলাতে থাকেন। সেই মুহূর্তে সোনিয়া গলে যান: তিনি দেখলেন ক্ষমতাবান শাশুড়ির দৃষ্টি নয়, এক মমতাময়ী ঠাকুমার চোখ।
নামকরণ অনুষ্ঠান ঘিরে আবার টানাপোড়েন: ইন্দিরা উষা ভগতকে নির্দেশ দিচ্ছেন অনুষ্ঠান কীভাবে হবে, রাহুল কী পরবে - যেন মা হিসেবে সোনিয়ার কোনো ভূমিকাই নেই। দুদিন ক্ষোভ পুষে রেখে তিনি ফেটে পড়েন রাজীবের কাছে -শিশুটি ঠাকুমার নাতি হলেও সবার আগে তাঁর ছেলে। রাজীব সঙ্গে সঙ্গে মাকে জানালে ইন্দিরা কিছুটা লজ্জিত হন; সোনিয়া সরাসরি বলেন, ছেলের জন্য কী পরিকল্পনা হচ্ছে তা জানার অধিকার তার আছে। ইন্দিরা স্বীকার করেন, সবকিছুর দায়িত্ব নেয়ার অভ্যাসে তিনি ভাবনাই করেননি ক্ষমা চেয়ে গালে হালকা চুমু দিয়ে যান। সোনিয়া মন্তব্য করেন, এ প্রতিক্রিয়া রক্ষণশীল পরিবারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা, যেখানে বধূকে সিদ্ধান্ত থেকে দূরে রাখা, এমনকি জ্যোতিষীর পরামর্শে তাঁর নাম বদলে দেওয়াও ঘটে। এরপর থেকে সব প্রস্তুতিতে সোনিয়াকে অন্তর্ভুক্ত করা হয় -পুরোহিতের পূজায় শিশুর কানে নাম ও মন্ত্র ফিসফিস করে বলা, সামনে থালায় খেলনা, কলম বা বই রাখা- যেটি শিশু তুলবে, তা তার ভবিষ্যৎ ঝোঁকের ইঙ্গিত দেবে। অনুষ্ঠানে গোলগাল রাহুল বাবার কোলে ছটফট করতে করতে সবচেয়ে উজ্জ্বল জিনিসটাই তুলে নেয় একটি লাল খেলনা গাড়ি। এরপর অতিথিদের নাশতা, আর ইন্দিরার একটি নোটে লেখা ছিল - তিনি তাঁদের চারজনকে কতটা ভালোবাসেন, রাজীব ও সঞ্জয়ের বেড়ে ওঠায় কতটা গর্ব, এবং এই মনোমুগ্ধকর ক্ষুদে রাহুলের আগমনে কতটা আনন্দ। ক্লান্ত বা টানটান অবস্থায় বাড়ি ফিরলেও রাহুলের হাসি বা কলকলানি ইন্দিরার মুখে হাসি ফোটাত; হামাগুড়ি দেওয়ার বয়সে তিনি খেলাঘর থেকে তাকে বের করে চার হাতে-পায়ে তাঁর পাশাপাশি গড়াগড়ি খেতেন, অসুস্থ হলে কর্মস্থল থেকে বার্তা পাঠিয়ে খোঁজ নিতেন।
এই সময়ে সোনিয়া শাশুড়ির কাছে কম লাজুক হয়ে ওঠেন। পিতার কাছে কথা তুলতে সাহস না পেলেও ইন্দিরার কাছে তিনি খোলাখুলি বলতে শেখেন- মূলত সংক্ষিপ্ত চিরকুট পাঠানোর মাধ্যমে, আর প্রথম দিকে রাজীব ছিলেন মধ্যস্থতাকারী; মা-ও ছেলের ন্যায়বিচারে পূর্ণ আস্থা রাখতেন। তবে প্রায় দুই বছর বয়সী রাহুলকে ইন্দিরা কাশ্মীরে সরকারি সফরে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে সোনিয়া আবার আঁতকে ওঠেন- ইতালির পরিবারে এটা অকল্পনীয়; তিনি নিশ্চিত ছিলেন শিশুটি তাকে ছাড়া কষ্ট পাবে। ইন্দিরা আত্মবিশ্বাসী, নাতিপাগল ঠাকুমার ইচ্ছা ফেলতেও পারেন না সোনিয়া - বিমান হাসিমুখে ঠাকুমা আর চোখের জলে মা। সেদিন সন্ধ্যাতেই ফোন আসে: রাহুল একটু খিটখিটে হলেও মোটামুটি ঠিক আছে, এখন মায়ের জন্য চিৎকার করছে সোনিয়া যেন ফোনে কথা বলে তাকে শান্ত করেন। সোনিয়া স্বীকার করেন, এতে তাঁর একটা তৃপ্তি হয়েছিল তার কথাই সত্যি হলো। এসব ছোট ছোট ঘটনা থেকে তিনি শিখতে থাকেন, প্রথমে শাশুড়ির ইচ্ছা মেনে নেওয়াই পরে তাঁকে নিজের দৃষ্টিভঙ্গিতে রাজি করানোর বুদ্ধিমান পথ।
সংসারের রীতি, পোশাক আর রাজকীয় ভোজসভা
দশম অধ্যায়ে সোনিয়া বর্ণনা করেন, কীভাবে তিনি সংসারের কর্মীদের দায়িত্ব আর শাশুড়ির পোশাকের প্রয়োজনীয়তা শিখে ফেলেছিলেন। কর্মদিবসে ইন্দিরা পরতেন খাদি শাড়ি স্বাধীনতা আন্দোলনের যুগ থেকে আসা হাতে-কাটা ও হাতে-বোনা সুতির ঐতিহ্য, যা ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক; গান্ধী ও নেহরুসহ অনুসারীরা, বিশেষ করে কারাগারে, সুতো কাটতেন। শাড়িগুলো ছিল বেশিরভাগ পাড়সহ সাদা বা ছাপা সরল, কিন্তু তাঁর গায়ে সবসময় মার্জিত। রবিবারে কখনো সালোয়ার-কামিজ, চুড়িদার, লেহেঙ্গা বা উত্তর-পূর্বের মেখলা-চাদর পরতেন; শীতে সিল্কের শাড়ি। বিদেশ সফরে আবহাওয়া ও আনুষ্ঠানিক কর্মসূচি অনুযায়ী পোশাক বাছাই হতো দক্ষিণ ভারতীয় সিল্ক শাড়ি পছন্দের, সঙ্গে সাধারণ শাল বা আনুষ্ঠানিক ক্ষেত্রে কাশ্মীরি সূচিকর্মের শাল। আগে থেকেই কোন অনুষ্ঠানে কোন শাড়ি পরা হবে, আনুষঙ্গিকসহ তার তালিকা তৈরি হতো এই আগাম গোছানোর অভ্যাস সোনিয়া তার কাছ থেকেই শেখেন।
এই অনুশীলন নিজে প্রত্যক্ষ করেন ১৯৭৮ সালে, যখন ইন্দিরা সরকারে ছিলেন না এবং যুক্তরাজ্য সফরে ব্যক্তিগত সচিব সঙ্গে ছিলেন না; রাজীব ও ইন্দিরার সিদ্ধান্তে সোনিয়া কয়েক দিনের জন্য তার সহকারী হিসেবে যান। লন্ডনের হোটেলে ঠাসা কর্মসূচি - লেবার পার্টির মাইকেল ফুটসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, পুরনো স্কুলবন্ধু ও শিক্ষক, পিতার বন্ধু এবং বিদেশি ভারতীয় কংগ্রেসের প্রতিনিধিদল। সোনিয়ার কাজ ছিল শাড়ি বেছে সোফায় সাজিয়ে রাখা, ইস্ত্রি নিশ্চিত করা, শাড়ি পরার সময় পাশে দাঁড়িয়ে আঁচলের ভাঁজ পরখ করে কাঁধে পিন লাগিয়ে দেওয়া, মিলিয়ে শাল ও হাতব্যাগ এগিয়ে দেওয়া - ব্যাগে রুমাল, গলার লজেঞ্জ, নোটপ্যাড আর পেন্সিল আছে কিনা নিশ্চিত করে। ইন্দিরা হালকা করে লিপস্টিক লাগাতেন, দিনের ক্রিমে ত্বকের স্বাভাবিক দীপ্তি ফুটে উঠত, আনুষ্ঠানিক সন্ধ্যায় হালকা মাসকারা আর মুক্তোর মালা। ফিরে এলে পরের অনুষ্ঠানের প্রস্তুতিতে সাহায্য; দিনশেষে ইন্দিরা পোশাক বদলে প্রতিটি বার্তা, কার্ড, চিঠি, ফুলের তোড়া আর শুভেচ্ছার জবাব দিতেন গভীর রাত পর্যন্ত সব চিঠি শেষ না করে শুতে যেতেন না। সোনিয়া অপেক্ষা করে তাঁকে শুভরাত্রি জানাতেন; জবাবে মিলত চুমু আর স্নেহভরা ধন্যবাদ।
রাজনৈতিক খবর পড়ুন
প্রধানমন্ত্রীর বাসভবনে বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজনের তত্ত্বাবধান ছিল সোনিয়ার দায়িত্ব - অতিথি আসার আগে ইন্দিরা এক ঝলক দেখে অনুমোদন দিতেন বা বাকি কাজের দিকে ইঙ্গিত করতেন। রাজীব, সঞ্জয় ও সোনিয়াকে প্রায়ই উপস্থিত থাকতে হতো; দুই ভাই আসতেন অনিচ্ছা সত্ত্বেও, আর সোনিয়া প্রটোকলের কঠোরতা পছন্দ করতেন না। তাঁকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলত শাশুড়ির লাজুক নীরবতা- অতিথি অপেক্ষা করতেন আয়োজক কথা শুরু করবেন, আয়োজক অপেক্ষা করতেন অতিথির জন্য; কথোপকথন জমত না বললেই চলে যতক্ষণ না খাবার পরিবেশন হতো এবং ইন্দিরা পদগুলো বুঝিয়ে দিতে শুরু করতেন। একবার এক বিদেশি অতিথি থালিতে সাজানো খাবারের সামনে বিভ্রান্ত- চামচ না কাঁটা দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না; নিজের লাজুকতা কাটিয়ে রাজীব তাঁকে উদ্ধার করেন: সাধারণত ডান হাতের আঙুলের ডগা দিয়ে খাওয়া হয়, তবে চামচ-কাঁটাও ব্যবহার করা যায়; এরপর ইন্দিরা বাটিগুলোর প্রতিটি পদ বুঝিয়ে দিলে সবাই স্বস্তি পান, আড্ডা জমে ওঠে। ঘনিষ্ঠ আত্মীয় বা পিতার আমলের পুরনো বন্ধুদের সঙ্গে অবশ্য চিত্র ছিল অন্যরকম প্রাণখোলা গল্পগুজব।
সবচেয়ে স্মরণীয় নীরবতা ছিল সেই যুক্তরাজ্য সফরেই রানি এলিজাবেথের অনানুষ্ঠানিক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে, যেখানে রাজকুমারী মার্গারেটও উপস্থিত ছিলেন; তিনি কোনো এক ব্যক্তিগত অনুষ্ঠানে ইন্দিরাকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছিলেন, খবরটি যথারীতি ইন্দিরার কানে পৌঁছেছিল তাই এবারের নীরবতা ছিল ইচ্ছাকৃত হিমশীতল। সৌভাগ্যক্রমে রানি সৌজন্যে কথোপকথন চালিয়ে যান; সোনিয়ার নজরে পড়ে, নিয়মিত বিরতিতে এক পরিচারক মার্গারেটের গ্লাসে ছোট্ট স্ফটিক ডিক্যান্টার থেকে পানীয় ঢেলে দিচ্ছিলেন- ফলে পরিবেশ ধীরে ধীরে গলতে থাকে। হালকা মুহূর্তও ছিল: একবার মধ্যপ্রাচ্যের এক অতিথি ও তার পরিবার মধ্যাহ্নভোজের মাঝখানে এক রহস্যময় গলা-খাঁকারির আওয়াজে চমকে ওঠেন পরে জানা যায়, খাওয়ার ঘরের পাশে বসে সেলাই করা পরিবারের পুরনো দর্জি ‘মাস্টারজি’-র খাঁচার ময়না পাখি তাঁর কাছ থেকে ‘নমস্তে’ ও ‘সালাম’-এর পাশাপাশি গলা খাঁকারানোর অভ্যাসটাও শিখে নিয়েছিল; ইন্দিরা ব্যাপারটা বোঝালে সবাই হেসে ওঠেন। স্বস্তিবোধ করলে ইন্দিরা ছিলেন প্রাণবন্ত কথক: এলাহাবাদের অদ্ভুত আত্মীয়দের গল্প, ১৯৭১ সালে কানাডায় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ভোজসভায় তাঁর তরুণী স্ত্রী মার্গারেটের হঠাৎ উঠে দাঁড়িয়ে গান গাওয়ার ঘটনা অতিথিদের কেউ হাঁ হয়ে, কেউ বিব্রত, কিন্তু ট্রুডো ও ইন্দিরা দুজনেই মজা পেয়েছিলেন। ১৯৭৩ সালে ভিয়েতনাম যাওয়ার পথে এক রাতের বিরতিতে ফিদেল কাস্ত্রোর প্রথম ভারত সফরে অশোক হোটেলে ইন্দিরার দেওয়া নৈশভোজে রাজীব-সোনিয়াও ছিলেন; ইন্দিরা জানান, ১৯৬০ সালে নিউ ইয়র্কে জাতিসংঘ কর্তৃপক্ষের অবমাননার মুখে হারলেমের হোটেল টেরেসার মালিক কাস্ত্রোকে আশ্রয় দিলে নেহরু সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। লম্বা, প্রভাবশালী, গর্বিত অথচ হাস্যরসে ভরপুর কাস্ত্রোর কিউবান স্প্যানিশের কথা
সোনিয়ার কাছে দোভাষীর ইংরেজির চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হয়েছিল। আরেক স্মরণীয় অতিথি যুগোস্লাভ রাষ্ট্রপতি টিটোর স্ত্রী ইয়োভানকা ব্রোজ যুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল, পরে টিটোর সচিব ও স্ত্রী; তিনি প্রথম সাক্ষাতেই সোনিয়ার আড়ষ্টতা ভেঙে জিজ্ঞেস করেন তিনি কোথা থেকে এসেছেন, রাজীবের সঙ্গে কীভাবে পরিচয়। পরে ইয়োভানকার পতন ঘটে সহকর্মীদের অভিযোগে রাজনীতিতে হস্তক্ষেপের দায়ে টিটো তাকে ছেড়ে যান; ১৯৮০ সালে টিটোর মৃত্যুর পর তার সব ব্যক্তিগত জিনিসপত্র বাজেয়াপ্ত হয়, তাকে পাঠানো হয় এক জীর্ণ সরকারি ভিলায় - বিচ্ছিন্ন, অবহেলিত, গৃহবন্দি। ১৯৮৩ সালে বেলগ্রেডে রাষ্ট্রীয় সফরে ইন্দিরা প্রটোকল ভেঙে তাঁর সঙ্গে দেখা করার আনুষ্ঠানিক অনুমতি চান - সোনিয়া অনুমান করেন, ১৯৭৭ সালে নিজে পরাজয়ের পর প্রাক্তন সহকর্মীদের অবহেলার স্বাদ পেয়ে তিনি হয়তো এই যন্ত্রণা বুঝতেন। ইয়োভানকা বিশ্বাসই করতে পারছিলেন না; চোখের জলে ইন্দিরাকে জড়িয়ে ধরে নিজের দুঃখ ঢেলে দেন হাঁটতে প্রায় পারেন না, দারিদ্র্যে শীতের কঠিন ঠান্ডায় গরমের ব্যবস্থা নেই, সঙ্গী শুধু দুটি ছোট পুডল কুকুর। পরে যুগোস্লাভিয়া ভেঙে গেলে সার্বিয়ান সরকার তাঁকে পুনর্বাসিত করে, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি দেয় এবং স্বামীর পাশে সমাধিস্থ হওয়ার অনুমতি দেয়। সোনিয়ার মতে, আনুগত্য ছিল শাশুড়ির কাছে সর্বাধিক মূল্যবান গুণ - আর নিপীড়িতদের প্রতি যত্ন হয়তো আনন্দ ভবনে বড় হওয়ার সময় থেকেই তার মধ্যে গেঁথে গিয়েছিল।
রাজনৈতিক খবর পড়ুন
ভারতকে চেনার আরেকটি মাধ্যম ছিল ১৯৭০ সালের সেপ্টেম্বরে এলাহাবাদের আনন্দ ভবনে কয়েক দিনের অবস্থান।দুটি প্রাসাদ ছিল নেহরু পরিবারের পৈতৃক বাড়ি: পুরনোটি পরে স্বরাজ ভবন নাম পায়- ১৯২০ সালে গান্ধীজির অবস্থানকালে সেখানেই অসহযোগ আন্দোলনের ভিত্তি রচিত হয়, মতিলাল নেহরুর স্টাডিতে খসড়া হয় ডোমিনিয়ন মর্যাদার দাবিসংবলিত নেহরু রিপোর্ট। ১৯২৭ সালে মতিলালের তৈরি দ্বিতীয় বাড়ি আনন্দ ভবনকে ১৯৭০ সালে ইন্দিরা জওহরলাল নেহরু স্মৃতি তহবিলের কাছে দান করে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেন। রাজীব, সঞ্জয়, সোনিয়া ও কয়েক মাসের রাহুলসহ তারা এলাহাবাদে যান; ১৯৪৭ সাল থেকে বন্ধ থাকা গুদামঘর খোলা হয়, তালিকা তৈরি হয়, আবেগময় মূল্যের জিনিস আলাদা করে দিল্লি নেওয়ার জন্য গোছানো হয়। ইন্দিরা নিজে ঘুরিয়ে দেখান যে ঘরে তিনি জন্মেছিলেন (নাতনি হওয়ার খবরে ঠাকুমার হতাশার গল্পসহ), ওপরতলায় বাবা-মায়ের কক্ষ, শৈশবে রাতে একা উঠতে ভয় পাওয়া কাঠের সিঁড়ি, ভূগর্ভস্থ কক্ষ যেখানে কংগ্রেসকর্মীরা গোপনে ব্রিটিশবিরোধী প্যামফলেট ছাপতেন, এবং সেই ছোট্ট হাসপাতাল-ভবন যেখানে মা কমলা পুলিশের হাতে আহত কর্মীদের গোপনে চিকিৎসার দায়িত্বে ছিলেন -স্বাধীনতার পর যা তাঁর নামে পরিচিত দাতব্য মহিলা হাসপাতালে রূপ নেয়। লাইব্রেরিতে দেখানো হয়, সাদা খাদির গদিতে মেঝেতে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা গান্ধী, নেহরু, মতিলাল, সর্দার পটেল, আচার্য কৃপালানি, মওলানা আজাদ, রাজেন্দ্র প্রসাদসহ নেতারা কৌশল নিয়ে আলোচনা করছেন। পুরনো বইয়ের তাক ঘাঁটতে গিয়ে সোনিয়া একটি বইয়ে দুটি চাপা এডেলওয়াইস ফুল খুঁজে পান কে, কেন সংরক্ষণ করেছিল এই ফুল, ভালোবাসার বার্তা নাকি শুধু স্মৃতিচিহ্ন - ভেবে তাঁর বুক ধক করে ওঠে। নেহরুর কারাগারে লেখা ডিসকভারি অব ইন্ডিয়া খুলে ভারতভ্রমণের একটি অংশ পড়ে তিনি এতটাই প্রভাবিত হন যে দিল্লি ফিরে নেহরুর আরও লেখা পড়তে শুরু করেন। কিন্তু কোনো পড়াই সেই আবেগ জাগাতে পারেনি, যা জাগিয়েছিল বাস্তব স্থানগুলো দেখা: স্বরাজ ভবনের প্রাঙ্গণ, যেখানে স্বদেশি আন্দোলনে পরিবারের সব বিদেশি পোশাক ছোট্ট ইন্দিরার প্রিয় ফ্রকসহ আগুনে পোড়ানো হয়েছিল; পিতার নিষেধ সত্ত্বেও দাদুর কোলে চড়ে অর্ধেক ঘুমিয়ে পড়া পর্যন্ত সেই ঘটনা দেখা ছিল ইন্দিরার প্রথম দিককার স্মৃতি। দেখানো হয় সেই উঁচু মঞ্চ, যেখান থেকে ১৯৩০ সালে লবণ সত্যাগ্রহে নারী কর্মীরা ব্রিটিশ লবণ-একচেটিয়া ভেঙে লবণ তৈরি করেছিলেন-তাতে অংশ নিয়েছিলেন ইন্দিরার ঠাকুমা, মা, মাসি-পিসিরা এবং তিনি নিজে। রাজীব আবিষ্কার করেন ষড়ভুজ মার্বেল প্লেটের নিচে লুকানো হবনকুণ্ড যেখানে ১৯৪২ সালে তাঁর বাবা-মায়ের বিয়ে হয়েছিল। গ্রন্থাগারের পাশের ঘরে একটি কাচের আলমারিতে রাখা গুলিগুলো দেখিয়ে রাজীব ব্যাখ্যা করেন, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের তদন্তে সাহায্য করতে গিয়ে তাঁর দাদু সেগুলো প্রমাণ হিসেবে কুড়িয়ে এনেছিলেন- ১৯১৯ সালের ১৩ এপ্রিল জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনতার ওপর গুলি চলে। নেহরুর শোবার ঘরে সাধারণ আসবাব, লেখার টেবিলে অনুরাধাপুরের বুদ্ধমূর্তির নিজের তোলা ছবি, বিছানার পেছনে কমলার প্রতিকৃতি; ড্রেসিং রুমের স্টিলের আলমারি থেকে বেরোয় পুরনো ঘড়ি, ডায়েরি, পাণ্ডুলিপি, চিঠি ও ছবির অ্যালবাম। সবচেয়ে আবেগের বিষয় ছিল তিনটি পাত্র যাতে রাখা ছিল মতিলাল, কমলা ও নেহরুর ভস্মের অংশবিশেষ; প্রথম দুটি সংরক্ষণ করেছিলেন নেহরু, শেষটি ইন্দিরা। ইন্দিরা মনে করেন, এগুলো অনেক দিন ধরে রাখা হয়েছে বিদায়ের সময় এসেছে। পরদিন ভোরে রাজীব, সঞ্জয় ও সোনিয়া পরিবারের পুরোহিতকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে যান গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতীর মিলনস্থল। ভাঙাচোরামোটরনৌকায়, গাঁদা ফুলের মালার গন্ধের মধ্যে, পুরোহিতের ইশারায় প্রত্যেকে ভস্ম নদীতে ছড়িয়ে দেন; বাতাসে ঘুরে ঘুরে ছাই জলে মিশে যেতে দেখে সোনিয়ার গায়ে কাঁটা দেয় দূর দেশের, ভিন্ন মানুষের মেয়ে তিনি, এখানে এসে এই পবিত্র ও ঘনিষ্ঠ অনুষ্ঠানের অংশ হয়ে গেলেন। পরে নেহরুর উইলে গঙ্গা সম্পর্কে লেখা পড়ে এই অভিজ্ঞতা তাঁর কাছে আরও গভীর অর্থ পায়। ফিরোজের ভস্মের একাংশ সঙ্গমে বিসর্জনের পর বাকিটা এলাহাবাদের পারসি কবরস্থানে সমাধিস্থ - মার্বেল পাথরে তাঁর নাম খোদাই করা আছে। ফিরে এসে গুদামঘরের তালিকা হয় ডিনার সেট, বাতি, ফুলদানি, রান্নার বিশাল থালি-বাটি, এমবরয়ডারি করা খাদির টেবিল লিনেন; আত্মীয় ও বন্ধুদের মধ্যে কিছু জিনিস বিতরণের জন্য "বিদায়-দান" অনুষ্ঠান হয় চা-সহযোগে ইন্দিরার বক্তব্যে দুঃখের সঙ্গে পুরনো দিনের স্মৃতিচারণের আনন্দও মিশে থাকে; সাড়ে তিন মাসের রাহুল ছিলেন সবার আকর্ষণের কেন্দ্র, গর্বিত ঠাকুমা প্রত্যেকের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। দিল্লি ফিরে সোনিয়ার মনে ভিড় করে থাকে দুটি পুরনো বাড়ির সাহসী মানুষদের ইতিহাস, পবিত্র নদীর অদ্ভুত প্রশান্ত অনুভূতি আর নানা প্রশ্ন- সব উত্তর তখনো না পেলেও তিনি অনুভব করেন, সময়ের সঙ্গে তা মিলবে।
সফদরজং রোডের বাড়ি আর ফিরোজ-ইন্দিরার কাহিনি
এগারো অধ্যায়ে সোনিয়া প্রথমে সফদরজং রোডের বাড়িটির বর্ণনা দেন এলাহাবাদের প্রাসাদের তুলনায় ছোট, সরকারি আসবাবপত্র সাধারণ ও অল্প, দেয়ালে পরিবারের ছবি। খাওয়ার ঘরে পণ্ডিত গঙ্গাধর নেহরুর প্রতিকৃতি (মতিলালের পিতা, মুঘল আমলে দিল্লির কোতওয়াল), ম্যান্টেলপিসে স্বরূপ রানি ও মতিলালের হাতির দাঁতের ফ্রেমে বাঁধানো ক্ষুদ্র ছবি, দেয়ালে চিন্তামগ্ন জওহরলাল, বড় চোখের কোমল কমলা এবং কুর্তা-পাজামা ও গান্ধী টুপি পরা ফিরোজের ছবি; ইন্দিরার স্টাডিতে ফিরোজের শুয়ে থাকা পেনসিল স্কেচ, শোবার ঘরে কমলার আধ্যাত্মিক গুরু আনন্দময়ী মায়ের প্রতিকৃতি। তারপর অধ্যায় পিছিয়ে যায় ফিরোজ গান্ধীর জীবনে। পারসি এই পরিবারের আদি নিবাস ছিল সুরাটে- পারিবারিক ধারণা অনুযায়ী, পূর্বপুরুষেরা সুগন্ধির (ইত্তর) ব্যবসা করতেন, "সুগন্ধ" শব্দ থেকে সংক্ষেপে তাঁদের পদবি হয়ে ওঠে "গান্ধী"। ফিরোজের পিতা জাহাঙ্গীর ছিলেন নৌ-প্রকৌশলী, প্রথম বিশ্বযুদ্ধে রাজকীয় কমিশন পাওয়া প্রথম পারসি ওয়ারেন্ট ইঞ্জিনিয়ার; যুদ্ধকালীন ভ্রমণের কারণে স্ত্রী রতিমাই ও পাঁচ সন্তান ফারিদুন, আলা, দারাব, তেহমিনা ও কনিষ্ঠ ফিরোজ এলাহাবাদে থাকতেন তাঁদের খালা ডা. শিরিন কমিসারিয়েটের কাছে, যিনি ছিলেন রয়্যাল কলেজ অব সার্জনসের ফেলো হওয়া প্রথম পারসি নারী। ফিরোজ ছিলেন দুষ্টু, বিদ্রোহী স্বভাবের; স্কাউট মাস্টার কে. ডি. মালব্যের অধীনে স্কাউটিং, সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে দর্শক হিসেবে থাকলেও পুলিশের মার খাওয়া-খালার ভাগ্নে বলে ছাড়া পেলেও সেই অপমান তার মনে ঔপনিবেশিক দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়ানোর সংকল্প জাগায়। আনন্দ ভবন তখন অসহযোগ আন্দোলনের কেন্দ্র; তরুণ কর্মীদের মতো ফিরোজও সেখানে আসতে শুরু করেন-এভাবেই নেহরু পরিবারের সঙ্গে তাঁর পরিচয়, যা তার জীবন বদলে দেয়। ইন্দিরার সঙ্গে প্রথম দেখা তাঁর তেরো বছর বয়সে, ফিরোজের আঠারো ইউইং ক্রিশ্চিয়ান কলেজের বাইরে সর্ব-মহিলা পিকেটিংয়ে প্রচণ্ড গরমে কমলা অজ্ঞান হয়ে গেলে ফিরোজ ছুটে গিয়ে সাহায্য করেন; কমলা তাঁকে খুব স্নেহ করতেন। ইন্দিরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফিরোজের অনুভূতি গাঢ় হয়, কিন্তু তিনি বয়সে ছোট ছিলেন প্রস্তাব গ্রহণ করতে বছরখানেক লাগে।
১৯৩৪ সালে কমলার যক্ষ্মা ধরা পড়লে তাঁকে কুমায়নের ভওয়ালি স্যানাটোরিয়ামে নেওয়া হয়; নেহরু তখন আলমোড়া কারাগারে, ইন্দিরা পুনায় পড়ছেন ফিরোজ গিয়ে কমলার পাশে দাঁড়ান। ফিরোজের পরিবার নেহরুদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতায় অসন্তুষ্ট ছিল; পরিবার তাঁকে নেহরুদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার শপথও নিতে বলে তিনি তা কমলাকে জানিয়ে দুঃখ প্রকাশ করেন, আর জানান ইন্দিরাকে শান্তিনিকেতনে যাওয়ার আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ইন্দিরা ফিরিয়ে দিয়েছিলেন। ১৯৩৫ সালে কমলাকে বিশেষ চিকিৎসার জন্য জার্মানির বাডেনওয়েইলারে নেওয়ার সিদ্ধান্ত হয়; ইন্দিরাকে পড়া থামিয়ে মায়ের সঙ্গে যেতে হয়- জার্মান ভাষা না জানলেও টিকিট ও যাবতীয় ব্যবস্থা নিজেকেই করতে হয়; ভিয়েনা স্টেশনে পৌঁছে স্বস্তি মেলে, কারণ সেখানে স্বাগত জানান সুভাষচন্দ্র বসু- তিনিও ইউরোপে যক্ষ্মার চিকিৎসা নিচ্ছিলেন; তিনি ও ভারতীয় ছাত্ররা মা-মেয়েকে সব আনুষ্ঠানিকতায় সাহায্য করেন, পরে সুইজারল্যান্ডের লোজানের স্যানাটোরিয়ামে নেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন কমলাকে দেখতে আসতেন। ইন্দিরা থাকতেন তাঁর পুরনো স্কুল লা পেলুজে। ইতিমধ্যে লন্ডন ম্যাট্রিকুলেশন পাস করে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়া ফিরোজ প্রায়ই ইউরোপে এসে মা-মেয়ের সঙ্গে দেখা করতেন। ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি কমলার মৃত্যুর পরেও ইন্দিরা আগস্ট পর্যন্ত বেক্সে থেকে যান; সেই অন্ধকার সময়ে ফিরোজের নিষ্ঠা তাঁর সান্ত্বনা ও ভরসা হয়ে ওঠে এরপরই তিনি বিয়ের প্রস্তাব গ্রহণ করেন। ইন্দিরার নিজের বয়ানে, ষোলো বছর বয়স থেকে ফিরোজ প্রস্তাব দিয়ে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয় প্যারিসে সাক্রে-ক্যুর ব্যাসিলিকার সিঁড়িতে গ্রীষ্মের শেষে, রোদে ঝলমলে প্যারিসে, যেন গোটা শহরই তরুণ ও ছুটির আমেজে ভাসছিল। অক্টোবরে ইন্দিরা ব্রিস্টলের ব্যাডমিন্টন স্কুলে ভর্তি হয়ে অক্সফোর্ডের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেন; সপ্তাহান্তে লন্ডনে গিয়ে দুজনে থিয়েটার বা ব্যালে দেখতেন, সস্তা আসনের জন্য লাইনে দাঁড়াতেন। দুজনেই ভি. কে. কৃষ্ণ মেননের ইন্ডিয়া লিগের কাজে জড়িয়ে পড়েন; ফিরোজ তাকে পরিচয় করিয়ে দেন প্রাণবন্ত তরুণ ভারতীয়দের একটি দলের সঙ্গে-ভূপেশ গুপ্ত, রজনী পটেল, মিনু মাসানি, জ্যোতি বসু, মোহন কুমারমঙ্গলম, রেণুকা রায়, নিখিল চক্রবর্তী ও পি. এন. হকসার - যাঁদের অনেকেই পরে স্বাধীন ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পান; আলোচনার বিষয় ছিল ব্রিটিশ শাসন থেকে মুক্তির সংগ্রাম, জার্মানিতে ফ্যাসিবাদের বিস্তার, ইহুদিবিদ্বেষ, চীন ও স্পেনের ঘটনাবলি।
নেহরুর প্রতিক্রিয়া ছিল টালবাহানাপূর্ণ। কমলা ভওয়ালিতে তাকে জানিয়েছিলেন ফিরোজের বিয়ের ইচ্ছার কথা, এবং মনে হয়েছিল তিনি আপত্তি করেন না; ১৯৩৮ সালের গ্রীষ্মে ইন্দিরা ও ফিরোজ স্পষ্টভাবে তাঁদের অভিপ্রায় জানালে তিনি বলেন, পড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ের কথা অকাল। পরের তিন বছর বিষয়টি উঠলেই তিনি এড়িয়ে যেতেন, এমনকি বোন কৃষ্ণা হুথিসিংকে দিয়ে ইন্দিরাকে নিরস্ত করার চেষ্টা করান। ইন্দিরা বুঝতে পারেন, পরিবার এই বিয়ের পক্ষে নয় এবং পিতাও সেই সংশয় ভাগ করেন। তাঁকে আরও বেশি আহত করে মায়ের প্রতি পরিবারের আচরণের স্মৃতি- বি. কে. নেহরুর বইয়ে বর্ণিত আনন্দ ভবনের পরিবেশে কমলা ছিলেন একাকী, অসুস্থ ও অবহেলিত; তার শাশুড়ি ছিলেন দুর্বল, অশিক্ষিত ও ঝগড়াটে, আর বিধবা ননদ ‘বিবি আম্মা’-র আধিপত্যে তিনি কোণঠাসা ছিলেন। ১৯৪১ সালে ইন্দিরা পিতাকে এক যন্ত্রণাদগ্ধ চিঠি লেখেন একাকীত্ব, মাকে হারানোর শোক, রাগ ও ক্ষোভ ঢেলে দিয়ে অভিযোগ করেন: নেহরু সবসময় নিজের ইচ্ছা তাঁর ওপর চাপিয়ে দিয়েছেন, দাদির প্রতি নিষ্ঠুর ও অন্যায্য ছিলেন, বিবি আম্মা বা বিজয়া লক্ষ্মী কমলার সঙ্গে খারাপ আচরণ করলে পরিবারের পক্ষ নিয়েছেন, তাঁর উপস্থিতিতে সবাই কমলাকে ঘিরে থাকলেও তিনি জেলে বা বাইরে গেলেই তাকে ত্যাগ করা হতো মাকে পরিবারের বোঝা মনে করা হতো। তাঁর বক্তব্য, মা নেহরুকে নিজের সব শক্তি দিয়েছিলেন, বিনিময়ে একজন স্ত্রীর সাধারণতম অধিকারও পাননি; তিনি লেখেন, তিন কাউকেই-নেহরুকেও - আর পরোয়া করেন না, মায়ের ক্ষত এত বড় যে অন্য সব আঘাত তাতে হারিয়ে যায়, তবু তিনি পিতাকে ভালোবাসেন - কিন্তু পিতার কাছে তাঁর জন্য জায়গা নেই বলেই কিছু করারও নেই তাঁর। পরে আরেকটি চিঠিতে তিনি নরম হয়ে লেখেন, একাকীত্ব মানুষকে তিক্ত করে তোলে, তাঁর তিক্ততা পিতার বিরুদ্ধে ছিল না- যাঁদের সবচেয়ে বেশি ভালোবাসা হয়, আঘাতটাও তাঁদেরই দেওয়া হয় সবচেয়ে বেশি। এই অভিযোগ নেহরুকে নাড়িয়ে দেয়; গভীরভাবে বিচলিত হয়ে তিনি যথারীতি গান্ধীজির কাছে হৃদয় উজাড় করে লম্বা চিঠি লেখেন- স্বীকার করেন, তিনি মেয়ে ও কমলা দুজনকেই ভালোবাসতেন কিন্তু দূরত্বপূর্ণ ও আত্মমগ্ন ছিলেন, হয়তো কাজ তাঁকে সম্পূর্ণ গ্রাস করেছিল; কমলাই ছিল একমাত্র মানুষ, যিনি তাঁর নিঃসঙ্গ ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে উঁকি দিতে পারতেন; বিবাহিত জীবনজুড়ে তিনি কমলাকে গভীরভাবে ভালোবাসতেন, তাঁর স্পর্শে আজও রোমাঞ্চিত হতেন; তিনি যেকোনো নারীর জন্য ‘সবচেয়ে খারাপ সম্ভাব্য স্বামী’ ছিলেন - তবু তাদের সম্পর্কে একটা জাদু ছিল, পরস্পরের কাছে দুজনেই রহস্য থেকে গিয়েছিলেন। চিঠির শেষে তিনি ঘোষণা করেন, মনে তিনি ফিরোজের সঙ্গে ইন্দিরার বিয়ে মেনে নিয়েছেন মেয়ের সঙ্গ ও আশ্রয় দরকার, যে আশ্রয় একজন পিতা দিতে পারেন না; তিনি নিজেকে ব্যর্থ পিতা, যেমন ছিলেন ব্যর্থ স্বামী, বলে উল্লেখ করেন।
বিয়ের ঘোষণা এলে হিন্দু ও পারসি উভয় বৃহৎ পরিবারেই তোলপাড় ওঠে; নেহরু ও গান্ধী দুজনকেই প্রকাশ্য আবেদনে হস্তক্ষেপ করতে হয়। নেহরু বলেন, বিয়ে একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় বাবা-মা পরামর্শ দিতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দুজনেরই; মেয়ের পছন্দ যার ওপরই পড়ত, তিনি তা মেনে নিতেন, নইলে নিজের আজীবন নীতির প্রতিই মিথ্যাচার হতো। গান্ধীজি বলেন, দুই পক্ষের সঙ্গেই তিনি কথা বলেছেন, সম্মতি না দেওয়া হতো নিষ্ঠুরতা; সময়ের সঙ্গে এমন বিয়ে বাড়বেই এবং সমাজ উপকৃত হবে; যে ধর্ম সংকীর্ণ এবং যুক্তির পরীক্ষায় টেকে না, তা টিকবে না; চরিত্রই হবে মর্যাদার একমাত্র মাপকাঠি, সম্পদ বা জন্ম নয়- তাঁর ধারণায় হিন্দুধর্ম একটি বিশাল বিবর্তনশীল ধারা, যা জরথুস্ত্র, মোজেসসহ বহু প্রফেটের শিক্ষাকে ধারণ করে। অবশেষে ১৯৪২ সালের ২৬ মার্চ আনন্দ ভবনে বিয়ে সম্পন্ন হয়। ইন্দিরার
পরনে ছিল হালকা গোলাপি খাদির শাড়ি, সোনালি পদ্মের সরু পাড় যার সুতো কারাগারে বসে তার পিতা নিজে কেটেছিলেন; সোনিয়ার বিয়ের শাড়িও ছিল সংরক্ষিত সেই একই হাতে-কাটা খাদি কাপড় থেকে।
এরপর অধ্যায় এগিয়ে যায় স্বাধীনতা-পরবর্তী জটিলতায়। ১৯৪৫ সালে নেহরুদের কারামুক্তির পর দিল্লিতে ভাইসরয়ের সঙ্গে তীব্র আলোচনা শুরু হলে নেহরু মেয়ের উপস্থিতির ওপর নির্ভর করতে থাকেন টেলিগ্রাম পাঠিয়ে জরুরি ভিত্তিতে ডেকে আনতেন অতিথিদের আপ্যায়নের জন্য; ধীরে ধীরে ইন্দিরা হয়ে ওঠেন তাঁর আনুষ্ঠানিক আতিথেয়তার দায়িত্বে থাকা হোস্টেস। ১৯৪৬ সালের সেপ্টেম্বরে নেহরু অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন; ১৯৪৭ সালের ১৫ আগস্ট তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। ইয়র্ক রোডের বাড়ি (পরে মতিলাল নেহরু মার্গ) ভরে ওঠে শরণার্থীদের ত্রাণসামগ্রী আর ত্রাণকাজে ব্যস্ত কর্মীদের ভিড়ে, কেউ কেউ লনে তাঁবুতে থাকতেন। ১৯৪৮ সালে অনিচ্ছা সত্ত্বেও তিনি প্রাক্তন সেনাপ্রধানের বিশাল প্রাসাদে স্থানান্তরিত হন তিন মূর্তি হাউস হয়ে ওঠে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বাসভবন, ইন্দিরাও সন্তানদের নিয়ে সেখানে চলে আসেন। ততদিনে দুই সন্তান রাজীব (জন্ম আগস্ট ১৯৪৪) ও সঞ্জয় (জন্ম ডিসেম্বর ১৯৪৬)। ফিরোজ প্রথমে এই ব্যবস্থা মেনে নিলেও পরে ইন্দিরার পিতৃদায়িত্ব বাড়তে থাকায় ক্ষুব্ধ হন। তিনি লক্ষ্ণৌতে থাকতেন- নেহরুর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী পত্রিকা ন্যাশনাল হেরাল্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করতেন; স্বামী-স্ত্রী দিল্লি ও লক্ষ্ণৌয়ের মধ্যে সময় ভাগ করতেন, একাকীত্বে তিনি টেলিগ্রাম পাঠাতেন তাড়াতাড়ি এসো, সন্তানদের নিয়ে এসো- জবাব আসত সমান আকুলতার। অবশেষে ১৯৫২ সালে ফিরোজ দিল্লিতে চলে আসেন ইন্ডিয়ান এক্সপ্রেসের জেনারেল ম্যানেজার হিসেবে; তিনি ১৯৫০-৫২ সালে গণপরিষদের সদস্য, ১৯৫২ ও ১৯৫৭ সালে রায়বরেলি থেকে সংসদ সদস্য হন নির্বাচনী প্রচারে ইন্দিরা উৎসাহের সঙ্গে সাহায্য করতেন। তবু দাম্পত্যের অসুবিধা বাড়তে থাকে: আনুষ্ঠানিক ভোজে প্রটোকল অনুযায়ী ইন্দিরা বসতেন পিতার পাশে, ফিরোজ দূরে লম্বা টেবিলের প্রায় শেষ প্রান্তে - লোকের রসিকতা ও খোঁচায় তিনি আহত ও অপমানিত বোধ করতেন; তিন মূর্তি হাউসে সরকারের সমালোচক বন্ধুদের সঙ্গে দেখা করাও তাঁর জন্য সংকুচিত ছিল।
সংসদে ফিরোজ প্রথমে শুধু পর্যবেক্ষণ করতেন; তারপর হঠাৎ তিনি নিজের উপস্থিতি জানান দেন একটি বিখ্যাত বক্তৃতায় - অর্থমন্ত্রীর সঙ্গে এক প্রভাবশালী ব্যবসায়ীর দুর্নীতির যোগসূত্র নিয়ে তার নীরব, সুগভীর গবেষণার ফল ছিল সেই প্রকাশ্য অভিযোগ, যা তাঁকে সাহস ও সততার জন্য প্রশংসা ও খ্যাতি এনে দেয়, কিন্তু একই সঙ্গে শ্বশুর ও স্ত্রীর জন্য বিব্রতকর হয়ে ওঠে। ১৯৫০-এর দশকের মাঝামাঝি তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্য আলাদা বাড়িতে চলে যান; পরিচিত হন বন্ধু ও নারীদের সঙ্গ পছন্দ করা প্রাণবন্ত, ভোজনরসিক মানুষ হিসেবে। স্বামীর সম্পর্কে গুজব নিয়ে এক বন্ধুর চিঠির জবাবে ইন্দিরা লেখেন, ফিরোজের অনেক দোষ আছে কোন মানুষের নেই? কিন্তু তাতে তাঁর অনুভূতি বদলায় না; দোষসহই তাঁকে তিনি পছন্দ করেন, হয়তো দোষগুলোর জন্যই। বিয়ের কয়েক বছর পরে তিনি ফিরোজকে লেখেন, তিনি যা-ই করুন বা যার সঙ্গেই বের হন, তাতে তার আপত্তি নেই যদি তা তাকে খুশি করে এবং বাইরের লোকের কাহিনি শোনার আগেই ফিরোজ নিজে তাঁকে জানান। ফিরোজের একটি গুরুতর সম্পর্ক ইন্দিরার কাছে খুব বেদনাদায়ক হলে ঝড়ো ঝগড়ার পর তাঁরা আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন; ফিরোজ নেহরুর কাছে আলোচনার সুযোগ চান লিখেছিলেন, তাঁর অবস্থানে তিনি আর কারও কাছে যেতে পারেন না, এবং নেহরুর পরামর্শ নিরপেক্ষ হবে বলে তাঁর পূর্ণ আস্থা আছে। নেহরু তাঁকে বোঝালে কয়েক মাস পরে বিচ্ছেদের ভাবনা তিনি ত্যাগ করেন। আলাদা থাকাকালেও ফিরোজ ছেলেদের নিয়ে বেড়াতে যেতেন, বোর্ডিং স্কুলে দেখা করতে যেতেন; ১৯৫৪ সালে রাজীবকে লেখা চিঠিতে তাঁদের কয়েক দিনের সঙ্গের আনন্দ আর পরে অনুভব করা শূন্যতার কথা ছিল। তাঁর ওয়ার্কশপে লেদ মেশিনে তিনি ছেলেদের ছুতোরের কাজ ও যন্ত্রকলা শেখাতেন, হাতে তৈরি ছোট ছোট জিনিস বানাতেন- হাতের কাজের প্রতি শ্রদ্ধা গেঁথে দিতেন; সেই ওয়ার্কশপ রাজীব রাজনীতিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত সযত্নে সক্রিয় রাখেন।
রাজনৈতিক খবর পড়ুন
১৯৫৮ সালে ফিরোজের হার্ট অ্যাটাকের পর পুরনো ক্ষত সেরে উঠতে থাকে ভুটানে পিতার সঙ্গে থাকা ইন্দিরা ফিরে এসে সুস্থ হওয়া পর্যন্ত নারসিং হোমে দীর্ঘ সময় তাঁর পাশে কাটান; ১৯৫৯ সালে ইন্দিরার কিডনিতে পাথরের অস্ত্রোপচার হলে ফিরোজও সমান উদ্বিগ্ন হয়ে পাশে থাকেন। পুরনো মতবিরোধ মিলিয়ে যেতে থাকে; ১৯৬০ সালে পুরো পরিবার কাশ্মীরে ছুটি কাটায় - জুন মাসজুড়ে নাগিন হ্রদে হাউসবোটে সুখের সময়। কিন্তু তিন মাস পরেই ফিরোজের দ্বিতীয় হার্ট অ্যাটাক হয়- এবার তা প্রাণঘাতী। কেরলে থাকা ইন্দিরা উড়ে ফিরে হাসপাতালে যান; ফিরোজ কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পান, তারপর হঠাৎ কাশির ঝোঁকে ইন্দিরা তাঁর মাথা সামান্য উঁচু করে ধরতেই সব শেষ বয়স মাত্র আটচল্লিশ।
এরপর স্কুলে থাকা রাজীবকে লেখা চিঠিতে ইন্দিরা অন্তরের আর্তনাদ ঢেলে দেন প্রথম তিন দিন তিনি অনুভূতিহীন ছিলেন, চোখ জ্বললেও কাঁদতে পারছিলেন না; তারপর কান্না শুরু হয়ে আর থামছিল না; এমন সম্পূর্ণ নিঃস্বতা ও শোক তিনি আগে জানতেন না; সবকিছু অন্ধকার লাগছিল ঠিক যখন মনে হচ্ছিল সব ঠিক হয়ে আসছে এবং তাঁরা আবার একসঙ্গে পরিবার হিসেবে থাকতে পারবেন। ১৯৬৬ সালে রাজীব সোনিয়াকে লিখেছিলেন, তাঁর বাবা-মা দুজনেই পরস্পরকে খুব ভালোবাসতেন এবং বিয়ে থেকে অনেক সুখ ও সান্ত্বনা পেয়েছিলেন; দুজনেই ভণ্ডামি আর আধাখেঁচড়া সমঝোতা ঘৃণা করতেন; কিন্তু স্বভাবে এতটাই আলাদা ছিলেন যে পরস্পরকে বিরক্তও করতেন। ফিরোজের মৃত্যুর পর ফোরি নেহরুকে লেখা ইন্দিরার ভাষায়, তারা প্রতিটি সম্ভাব্য বিষয়ে ঝগড়া করতেন, কখনো পরস্পরকে কষ্ট দিতেন, কিন্তু স্নেহের শক্ত বন্ধন কখনো দুর্বল হয়নি; মা মারা গেলে এবং প্রতিটি চাপ ও সংকটে ফিরোজ তাঁর পাশে ছিলেন - দরকার হলে মহাদেশ পেরিয়ে এসে; তিনি নিজেকে মরিয়া একা মনে করতেন। শাশুড়ির মৃত্যুর পর তাঁদের চিঠিপত্র পড়ে সোনিয়ার কাছে স্পষ্ট হয়- তীব্র ঝগড়া হোক, কিছু সময়ের দূরত্ব হোক, তাঁদের বন্ধন কখনো ছিন্ন হয়নি; বিশেষ করে শেষের দিকে ফিরোজের চিঠিতে ছিল আকুলতা, অনুশোচনা ও একাকীত্ব। মেজাজে দুজন ছিলেন সম্পূর্ণ বিপরীত -ইন্দিরা সংযত ও অন্তর্মুখী, ফিরোজ বহির্মুখী ও উচ্ছল, বন্ধুদের সঙ্গে ঠাট্টা-দুষ্টুমিতে ওস্তাদ, দারুণ গল্পবাজ; তাঁর প্রাণশক্তি আর সম্পূর্ণ নিজের মতো থাকাটাই ইন্দিরাকে আকর্ষণ করেছিল। সব উত্থান-পতন সত্ত্বেও ইন্দিরা সোনিয়াকে স্বীকার করেছিলেন, ফিরোজ ছাড়া আর কাউকে তিনি বিয়ে করতেই পারতেন না তিনিই একমাত্র পুরুষ, যাঁকে তিনি ভালোবেসেছিলেন। তাঁর মৃত্যুর পর কাগজপত্রের মধ্যে সোনিয়া পান একটি অসমাপ্ত নোট, যেখানে ইন্দিরা তাঁকে লিখেছিলেন, সোনিয়ার মধ্যে তিনি নিজের ঝলক দেখতে পান, আর নিজের স্বামীর অনেকটাই দেখতে পান সোনিয়ার স্বামী অর্থাৎ তাঁর ছেলের মধ্যে চিঠিটা এরপর কী লিখত, তা জানার উপায় নেই।
শেষ অংশে রাজীবের মধ্যে পিতার ছায়ার বর্ণনা: মেজাজ ও চেহারায় রাজীব ফিরোজের মতোই নম্র ও সহজ, কিন্তু রাগের ঝোঁকে ভয়ংকর, আবার দ্রুত অনুতপ্ত; সৌন্দর্যের প্রতি সংবেদনশীল, দুষ্টুমিভরা রসবোধ, উদার ও করুণাময় হৃদয় ফিরোজের মতোই তিনি অসুস্থ গরিব মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত থাকতেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত খোঁজ রাখতেন। পার্থক্য ছিল অভ্যাসে: রাজীব ছিলেন মিতাচারী মদ বা সিগারেট খেতেন না, খাবারে অতিভোজন করতেন না; ফিরোজ ছিলেন চেইন-স্মোকার, পানীয় পছন্দ করতেন এবং ভারী ঝাল খাবার, ঘন ঝোলের তরকারি ও পোলাও খেতেন তবে মিষ্টি ও ডেজার্টের প্রতি বাবা-ছেলে দুজনেরই ছিল একই দুর্বলতা। পিতার মৃত্যু রাজীবের জন্য ছিল বড় ধাক্কা ঘনিষ্ঠ কারও প্রথম মৃত্যু; তাঁদের লালন-পালনে কিছুটা স্থিরচিত্ততা শেখানো হয়েছিল বলে তিনি সবটা ভেতরে রেখে দেন, বাইরে প্রকাশ করেননি। মা তা লক্ষ্য করেছিলেন- এক চিঠিতে তিনি রাজীবকে সতর্ক করেন: তিনি কখনো মনের আসল কথা বলেন না; পিতার এই একই বৈশিষ্ট্যই তাঁকে এত মানসিক কষ্ট দিয়েছে এবং ইন্দিরাকে অনেক সাহায্য করা থেকে বিরত রেখেছে; কথা না বললে সাহায্যই বা কীভাবে করা যাবে-সেটাই একাকীত্বের জন্ম দেয়। বাস্তবে পিতার মৃত্যুর বেদনায় রাজীব তখন ঘরের একান্তে বমি ও কান্নার পর্বে ভুগতেন। কিন্তু পরে তিনি অনুভূতি প্রকাশ করতে শেখেন- কয়েক বছর পর সোনিয়াকে লিখেছিলেন, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে মায়ের সঙ্গে কোনো কথাই তিনি বলতে বা জানাতে পারতেন না; তারপর সবকিছু এত সহজ হয়ে গেল - কীভাবে বা কেন, তা তিনি জানেন না। সোনিয়ার সিদ্ধান্ত: ভালোবাসার সন্ধানই হয়তো রাজীবের অন্তরের অনুভূতি মুক্ত করতে সাহায্য করেছিল।