Image description
ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি। বায়ুদূষণের এই ভয়াবহ পরিস্থিতিতে রাস্তায় গাড়ির চলাচল কমাতে নিজ নিজ দপ্তরের ৫০ শতাংশ কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দিল্লির দুই মন্ত্রী।
 
শুক্রবার (১৩ নভেম্বর) পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এই জরুরি সিদ্ধান্ত জানান।
 
সরকারি সূত্র মতে, মন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীনে থাকা পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরে এই নিয়ম কার্যকর হবে। একইভাবে পরিবহনমন্ত্রী পঙ্কজ সিংয়ের দায়িত্বে থাকা পরিবহন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকেই দাপ্তরিক কাজ সারবেন।
 
দূষণ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ৪০৩ ছাড়িয়ে ‘মারাত্মক’ স্তরে পৌঁছায়। বিকেল ৪টা নাগাদ তা কিছুটা কমে ৩৭৩-এ নামলেও বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়ে গেছে।
 
অবশ্য জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে এই সিদ্ধান্তে কিছু ছাড় রাখা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বাড়ি থেকে কাজ করার এই নিয়ম শুধু সচিবালয়ের দাপ্তরিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা যথারীতি অফিসে এসেই দায়িত্ব পালন করবেন।