ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পর নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরেছে। প্রায় এক সপ্তাহ আগে থেকেই জেলার ফতুল্লাসহ বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন। গত ৮ নভেম্বর সকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার মধ্য দিয়ে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। সর্বশেষ রবিবারও জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে স্বাভাবিক নিয়মে কাজ করেছেন শ্রমিকেরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান এবং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের ফলে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমানে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
রবিবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় ৪৫০টি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। কোনো ধরনের বাধা ছাড়াই তারা কারখানায় প্রবেশ করেন। স্বাভাবিক নিয়মেই চলে উৎপাদন কার্যক্রম।
শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন অব্যাহত রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কারখানার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জেলা পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোন ও শরীরে ধারণযোগ্য ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, জেলার শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসারের চার প্লাটুন, বিজিবির ছয় প্লাটুন, এসআরবি, পুলিশ ও শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক আরও জানালেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সম্ভাব্য সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতারা ও সংসদ সদস্যরাও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর তৎপরতায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে আপাতত স্বস্তি ফিরেছে। শ্রমিকদের নিয়মিত উপস্থিতিতে সচল রয়েছে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম।