ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রথম শর্ত হিসেবে তারা বলেছেন, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
নয়াদিল্লির কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, স্থলপথেও হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও তারা শেখ হাসিনাকে গ্রহণ করতে পারে।
দ্বিতীয় শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।
ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, তাদের ধারণা, মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক, আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুক।
ভারতীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি লিখেছে, ‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ—বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এ পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা—এমনটাই আমাদের মনে হচ্ছে।’
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর মধ্যে গত জুলাই মাসে তিনি রয়টার্সকে বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
ওই পরিকল্পনা তুলে ধরার চার মাস পর সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে।
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত যে দুটি শর্তের ‘আভাস’ দিচ্ছে, তার কারণ হিসেবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে বিবিসি লিখেছে, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’
সেই বিচার যেন আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানান।
বিবিসি বাংলা লিখেছে, নয়াদিল্লির শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যেন প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।