Image description

জীবনের পথ মসৃণ করে শিক্ষা। কিন্তু সেই শিক্ষা অর্জনের পথটাই মসৃণ নয় সাবরিনাদের। শিক্ষালয়ে যেতে প্রতিদিনই যেন যুদ্ধ জয় করতে হয় তাদের। কারণ যাতায়াতের একমাত্র পথটির করুণ দশা। একটি সড়কের অভাবে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বিপত্তি বাধে বর্ষায়। বৃষ্টির পানিতে কাঁচা সড়কে জমে হাঁটুসমান পানি। পুরো সড়কই হয়ে যায় কর্দমাক্ত। সেই কাদাপানি মাড়িয়েই যাতায়াত করতে হয় কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের।

উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেকপাড়া থেকে ফকিরপাড়া পর্যন্ত সড়কের এমন অবস্থা। সড়কটি মালেকপাড়া ও ফকিরপাড়া এলাকায় অবস্থিত হলেও করিয়ারদিয়া এবং মধ্যম উজানটিয়ার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এটি।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে শুকনো মৌসুমেও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। আর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি প্রায় তলিয়ে যায়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলে, প্রতিদিন খানাখন্দে ভরা একটি রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাতায়াত করতে হয়। শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় কখনো কখনো পানিতে রাস্তা ডুবে গিয়ে খুঁজেই পাওয়া যায় না। পানি নেমে গেলেও কাদার কারণে চলাচল করা দায় হয়ে পড়ে।

আরেক শিক্ষার্থী সাবরিনা আক্তার বলে, বর্ষায় মাদ্রাসায় যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ ক্লাস মিস না করার জন্য কাদা-পানি মাড়িয়ে মাদ্রাসায় পৌঁছালেও বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। নিত্যদিনের এমন দুর্ভোগে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এ সমস্যা শুধু আমার একার নয়, পুরো গ্রামের তিন শতাধিক শিক্ষার্থীর। বিকল্প কোনো সড়কও নেই। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানাচ্ছি।

মাদ্রাসার শিক্ষক আমিরুল হাসনাত বলেন, একটি চলাচল উপযোগী সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের অধিকার নিশ্চিত করারও অন্যতম পূর্বশর্ত। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

আরাফাত হোসেন নামে এক অভিভাবক বলেন, বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় ছোট ছোট শিক্ষার্থী দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। এমন রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুছা কাজেম জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে উজানটিয়া এ এস আলিম মাদ্রাসায় যাতায়াত করে প্রায় ৩০০ শিক্ষার্থী। শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় হাঁটুসমান পানি ও কাদা মাড়িয়েই মাদ্রাসায় পৌঁছাতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে ভিজে যায় বই-খাতা ও পরনের পোশাক।

এ বিষয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোশাররফ হোসেন টিটু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পর রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মালেকপাড়া-ফকিরপাড়া সড়কসহ উজানটিয়া ইউনিয়নের আরও কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।