Image description
খুনাখুনি, হামলা আর মাদকের ভয়াবহ নগরী * চাঁদাবাজির কারণে বন্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান * দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে কিশোররা ঝুঁকছে অপরাধে * অনেক কষ্টে অপরাধীদের গ্রেফতারের পর দ্রুত জামিন পেয়ে যায়-পুলিশের আক্ষেপ

খুলনায় আট সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধীচক্রের উত্থান ঘটছে। অপরাধী ও চাঁদাবাজরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য জানান দেয়। ছোট-বড় প্রায় সব ব্যবসায়ীকে টার্গেট করে তারা চাঁদার দাবি জানায়। তাদের ভয়ভীতিতে অর্ধশত ফার্মেসিসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খুলনাজুড়ে কেন এত সন্ত্রাসী কার্যক্রম চলমান, তা নিয়ে যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন তথ্য। পুলিশ, ভুক্তভোগী, সমাজকর্মীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে তারা জানান, নগরীতে এত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার নেপথ্যে অন্যতম কারণ হলো সন্ত্রাসীদের সহজে জামিনপ্রাপ্তি।

নগরীর পিটিআই মোড়ের অ্যাপোলো ডায়াগনস্টিকে হামলা চালানো ৫ জনের মধ্যে ছিলেন হৃদয় নামে এক যুবক। তাকে সেপ্টেম্বরে অস্ত্র মামলায় গ্রেফতার করে সদর থানা পুলিশ। ২৬ অক্টোবর তিনি জামিনে বের হন। এরপর তিনি আবার অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হন। শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী শেখ ফাকাব্বির সীন গ্রেফতার হন গত বছরের ডিসেম্বরে। ছয় মাসের মাথায় সিএমএম আদালত থেকে জামিনে বের হন। আরেক শীর্ষ সন্ত্রাসী মো. বিসমিল্লাহ ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়ে হাইকোর্ট থেকে জামিনে বের হন জুনে। বের হয়েই তারা বি কোম্পানির সহযোগী হিসাবে ফের অপরাধে জড়িয়েছেন। নগরীর সদর থানা এলাকায় যত সহিংস ঘটনা ঘটেছে, এর পেছনে বিসমিল্লাহ ও সীনের নাম উঠে এসেছে।

নূর আজিম খুলনার অন্যতম প্রভাবশালী সন্ত্রাসী। ঢাকায় বড় অভিযান চালিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, খুন ও মাদক আইনে ১০টি মামলা ছিল। সব মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে বাইরে এসেছেন। এরপর থেকে আবার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। হুমা বাহিনীর প্রধান হুমা ২০২৪ সালের নভেম্বরে গ্রেফতার হয়ে ২০২৫ সালের মেতে ছাড়া পান জেল থেকে। সন্ত্রাসী শামীম ২০২৫ সালের এপ্রিলে গ্রেফতার হয়ে বের হন জুনে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়াও দ্রুত জামিন পাওয়ার তালিকায় রয়েছেন কাউয়া মিরাজ, বস মিজান, জিকো খান, পা কাটা আজিজুল, চুলকানি রাসেল, কালা তুহিন, রিপন, রব্বানী, পালসার সোহেল, বিল্লু, ওয়াজিব, ইয়াসিন, পুটি আব্বাস, নয়ন, আসলাম, পেস্টিং মামুনসহ আরও অনেকে।

কেএমপির তালিকাভুক্ত ১২৮ সন্ত্রাসীর নাম ধরে খুলনা জিআরও অফিস থেকে তথ্য নেওয়া হয়। সেখান থেকে পাওয়া তথ্যমতে, ৭৩ সন্ত্রাসী জামিন পেয়েছেন ৬ মাস থেকে এক বছরের মধ্যে। যাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যার মতো একাধিক মামলা রয়েছে। এত দ্রুত জামিনের বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে পুলিশের মধ্যেও। সদর থানার সাবেক ওসি শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী বড় অভিযান চালিয়ে পলাশ ও তার বাহিনীকে গ্রেফতার করা হয়। সেই অভিযানে আমি নেতৃত্ব দিয়েছিলাম। একসঙ্গে ১২ জন গ্রেফতার হয়। তাদের অধিকাংশই জামিনে মুক্ত হয়েছেন।

ডেপুটি পুলিশ কমিশনার-নর্থ সুদর্শন কুমার রায় বলেন, আদালত যোগ্য মনে করলে জামিন দেবেন। এটা বিচারকের এখতিয়ার। তবে এসব আসামিকে গ্রেফতার করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়।

মহানগর দায়রা আদালতের পিপি একেএম শহিদুল আলম ও জেলা পিপি মো. তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, যাদের সরাসরি হত্যা মামলায় নাম রয়েছে, তারা এখান থেকে জামিন পান না। তারা চলে যান হাইকোর্টে। সেখান থেকে জামিনে বের হন। তিনি বলেন, পুলিশের এজাহার লেখাও ঠিকভাবে হয় না। অপরাধীদের সুনির্দিষ্ট অভিযোগগুলো উল্লেখ থাকে না। ফলে আসামিরা দ্রুত জামিনে বের হয়ে যায়।

কর্মসংস্থানের অভাবে কিশোররা ঝুঁকছে অপরাধে : নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়সংলগ্ন একটি বস্তিতে প্রায় ৬০টি পরিবার। সেখানকার উঠতি বয়সি যুবকদের একটি গ্যাং রয়েছে। তারা সবাই শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য হিসাবে পরিচয় দেয়। সন্ধ্যার পর ৫/৬ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে পূর্ব বানিয়াখামার, টুটপাড়া, মিয়াপাড়া ও জোড়াকল বাজার এলাকায় তারা ছিনতাই ও মাদক বিক্রি করে। এই গ্রুপের সদস্য রাকিব মিয়া নামে ১৬/১৭ বছরের এক কিশোরের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। রাকিব জানায়, বছর খানেক আগে স্কুল ছেড়েছে। এখন বড় ভাইয়ের (গ্রেনেড বাবু) দলে যোগ দিয়েছে। দলে যোগ দিলেই বেতন দেয় ৫ হাজার টাকা। সঙ্গে আছে ইয়াবা। যত বিক্রি তার ওপর কমিশন রয়েছে। এক পিস বিক্রি করলে ৩০ থেকে ৫০ টাকা কমিশন।

একই অবস্থা নগরীর সোনাডাঙ্গা এলাকায়। হাফিজনগর এলাকার বস্তিতেও প্রায় ৪০ ঘর মানুষের বসবাস। সেখানেও মিয়াপাড়া এলাকার মতো কিশোররা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অপরাধে জড়াচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, খুলনা বিভাগে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে প্রায় ১৮ শতাংশ মানুষ। দিনদিন এই হার বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসাবে সামাজিক প্রতিষ্ঠান গ্লোবাল খুলনার পরিচালক শাহ মামুনুর রহমান তুহিন জানান, খুলনা শহরের ২০ শতাংশ মানুষ বস্তিতে বাস করে। চরম দারিদ্র্য, মা-বাবার বিচ্ছেদ বা পারিবারিক নির্যাতনে অনেক শিশু ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়। এদের ঢাল হিসাবে অপরাধমূলক কাজে যুক্ত করে গ্যাং লিডার বা স্থানীয় অপরাধী চক্র। এছাড়া আগে খুলনার সরকারি কলকারখানাগুলো চালু ছিল। সেখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান ছিল। আওয়ামী লীগের শেষ সময়ে এসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর ব্যাপকভাবে মানুষের কর্মসংস্থান লোপ পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দারিদ্র্য। ফলে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা না থাকার কারণে ছোট বয়স থেকেই কিশোররা অপরাধে জড়াচ্ছে। আর অর্থের লোভ দেখিয়ে সন্ত্রাসী গ্রুপগুলো তাদের দলে ভেড়াচ্ছে।

কার্যক্রমের ধরন পালটেছে সন্ত্রাসীরা : গেল গণ-অভ্যুত্থানের পর থেকে খুলনায় যত গানশটে বা কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, এর ৯০ শতাংশ ছিল সন্ত্রাসী গ্রুপগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে ঘিরে। সম্প্রতি খুনাখুনির পাশাপাশি যুক্ত হয়েছে ব্যাপক হারে চাঁদাবাজি। নগরীর প্রতিষ্ঠিত ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে ফোন দিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। নগরীর সন্ধানী ক্লিনিক, নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, চাইনিজ প্যালেসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চাঁদা দাবিতে ভাঙচুর চালানো হয়েছে। এর বাইরে নতুন করে চাঁদা দাবির অভিযোগ করেছেন কয়েকটি তারকা হোটেলের মালিকরা। সম্প্রতি নগরীর ময়লাপোতা মোড়ের একটি তারকা হোটেলের মালিকের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী নূর আজিম গ্রুপ। পুলিশের গোয়েন্দা বিভাগ মালিকের সঙ্গে কথা বলতে গেলে চাঁদার বিষয়টি নিয়ে কথা বলেননি তিনি। তবে তার হোটেলে সোমবার পর্যন্ত অন্তত ৩০ জন বিদেশি নাগরিক ছিলেন। সেখানে হামলা হলে বিদেশি নাগরিকদের নিরাপত্তার শঙ্কা দেখা দিতে পারে। এজন্য সদর থানার ওসিকে কেএমপি হেডকোয়ার্টার থেকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, শুধু হোটেল নয়, সব প্রতিষ্ঠানের ব্যাপারেই নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব পুলিশের। আমরা সেই কাজটি করছি। এদিকে নগরীতে চাঁদা দাবির কারণে প্রতিষ্ঠান বন্ধ রেখেছে জাহিদ ইলেকট্রিক, চয়নিকা ফার্মেসিসহ রূপসা পশ্চিমপাড়ের অর্ধশত ফার্মেসি।