Image description

শীতের আগাম সবজিতে ভরে উঠেছে মাঠ। বাজারে সরবরাহ বাড়ায় এরই মধ্যে রাজধানীতে কিছু সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। কিন্তু সার, কীটনাশক, সেচ ও মজুরির খরচ বাড়ায় ফলন ভালো হলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় আছেন কৃষকেরা। মাঠ থেকে খুচরা বাজার পর্যন্ত দামের বড় ব্যবধান কৃষক ও ভোক্তা, উভয়ের স্বস্তির পথেই বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি নরসিংদী ও রাজশাহীসহ বিভিন্ন সবজি উত্পাদন জেলায় খোঁজ নিয়ে জানা যায়, মাঠের পর মাঠ জুড়ে এখন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, লাউ, মুলা, ধনেপাতা, লালশাক ও টম্যাটোসহ নানা সবজির সমারোহ। মাঠে কৃষকরা কোথাও আগাছা পরিষ্কার, কোথাও কীটনাশক ছেটানো বা সেচ দেওয়ায় ব্যস্ত সময় পার করছে। কোথাও নতুন সবজি বাজারজাত শুরু হয়েছে, আবার কোথাও আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এসব সবজি বাজারে আসবে—তাই নিয়ে মহাব্যস্ততা। আমাদের নরসিংদী সংবাদদাতা নিবারণ রায় জানান, জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া ও খরকমাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মাঠ জুড়ে শীতকালীন আগাম সবজির আবাদে কৃষকরা ব্যস্ত। স্থানীয় কৃষকরা জানান, নরসিংদীর উর্বর দোআঁশ মাটিতে শীতকালীন সবজির ভালো ফলন হয়। বেলাবো উপজেলার চর উজিলাবো গ্রামের কৃষক আলমগীর বলেন, এক বিঘা জমিতে ফুলকপি ও বেগুন এবং আরেক বিঘা জমিতে শিমের চারা রোপণ করেছেন তিনি। শিমগাছে ইতিমধ্যে ভালো ফলন হয়েছে। সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। এবার এসব সবজি বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

বৃষ্টিতে বাড়তি খরচ

তবে আগাম সবজি চাষে এবার আবহাওয়ার বিরূপ প্রভাবও পড়েছে। শিবপুরের কুন্দারপাড়া গ্রামের কৃষক ইসমাঈল মিয়া প্রায় ২০ বছর ধরে শীতকালীন সবজির বীজতলায় চারা উত্পাদন করছেন। তিনি বলেন, ঘন ঘন বৃষ্টির কারণে সময়মতো বীজতলা তৈরি করেও রক্ষা করা যায়নি। বৃষ্টির পানিতে জমে অনেক চারা নষ্ট হয়েছে। পরে নতুন করে বীজ বপন করতে হয়েছে। এতে খরচ ও শ্রম দুটোই বেড়েছে। কেউ কেউ প্রাথমিক পর্যায়েই লোকসানের মুখে পড়েছেন।

উত্পাদন খরচে বাড়তি চাপ

সবজি চাষে উত্পাদন ব্যয় বাড়ায় কৃষকের লাভের হিসাব কঠিন হয়ে উঠেছে। কৃষি উপকরণ, শ্রমিকের মজুরি, জমি প্রস্তুত ও সেচের খরচ বেড়ে যাওয়ায় আগের তুলনায় বেশি পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে কৃষকদের। ফলে ফলন ভালো হলেও বাজারে প্রত্যাশিত দাম না পেলে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের ২০২৫ সালের সবজির উত্পাদন খরচ ও উত্পাদক, পাইকারি এবং খুচরা পর্যায়ের যৌক্তিক মূল্যসংক্রান্ত হিসাবেও দামের এই ব্যবধানের চিত্র পাওয়া যায়। হিসাব অনুযায়ী, প্রতি কেজি মূলার উত্পাদন খরচ ৯ টাকা ২৯ পয়সা। উত্পাদক পর্যায়ে এর যৌক্তিক মূল্য ১৫ টাকা ২৮ পয়সা, পাইকারি পর্যায়ে ২৪ টাকা ৫২ পয়সা এবং খুচরা পর্যায়ে ৩৬ টাকা। একইভাবে প্রতি কেজি বেগুনের উত্পাদন খরচ ১১ টাকা ৩০ পয়সা। এর যৌক্তিক উত্পাদক মূল্য ১৯ টাকা ১৬ পয়সা, পাইকারি মূল্য ২৮ টাকা ৫৫ পয়সা এবং খুচরা মূল্য ৪০ টাকা ৩২ পয়সা। অর্থাত্ উত্পাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি পর্যায়ে দামের ব্যবধান রয়েছে।

বাজারে কমছে দাম

বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে মানভেদে প্রতি কেজি শিম ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া, গোল কালো বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা এবং লম্বা বেগুন ৬০ থেকে ৭০ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, টম্যাটো ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি দুই সপ্তাহ আগেও কেজিতে আরো ১৫ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হয়েছে। কাওরানবাজারের খুচরা সবজি বিক্রেতা হুমায়ুন জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে শীতকালীন সবজির ভরা মৌসুম শুরু হলে বাজারে সরবরাহ আরো বাড়বে। তখন দাম আরো কমবে।

এক দশকে সবজির উত্পাদন

বেড়েছে ৬৯ শতাংশ

দেশে সবজির উত্পাদন ধারাবাহিকভাবে বাড়ছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ৮ দশমিক ৩১ লাখ হেক্টর জমিতে ১৫২ দশমিক ৬৪ লাখ টন সবজি উত্পাদিত হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে ১২ দশমিক ২০ লাখ হেক্টর জমিতে উত্পাদন বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ লাখ টনে। অর্থাত্ এক দশকে সবজির উত্পাদন বেড়েছে প্রায় ৬৯ শতাংশ। গত ১০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ উত্পাদন।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী ইত্তেফাককে বলেন, উন্নত জাতের বীজ, সরকারি প্রণোদনা, কৃষকদের সচেতনতা এবং সারা বছর সবজি চাষের প্রবণতা বৃদ্ধির কারণে ধারাবাহিকভাবে সবজির উত্পাদন বেড়েছে। কিন্তু উত্পাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। তিনি বলেন,  মাঠ থেকে বাজার পর্যন্ত দামের ব্যবধান কমানো না গেলে উত্পাদনের সুফল কৃষক ও ভোক্তা—কোনো পক্ষই পুরোপুরি পাবেন না।