রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় ৬টি কোম্পানির অধীনে ৬টি রুটে ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্যোগ শুরুর ১২ দিন পরও সড়কে শৃঙ্খলার দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না। পুরোনো বাসেই নতুন কোম্পানির নাম ও পরিচয় যুক্ত হয়েছে। চালক-সহকারীদের যাত্রী তোলার প্রতিযোগিতা, যেখানে-সেখানে বাস থামানো এবং কার্যকর টিকিটব্যবস্থার অনুপস্থিতি আগের মতোই রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ৯৮টি চালু বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে আনার কথা। এর উদ্দেশ্য একই সড়কে অতিরিক্ত বাসের চাপ কমানো, যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা এবং গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা। রুট অনুযায়ী বাসের রং আলাদা করার পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত ছয়টি রং হচ্ছে গোলাপি, কমলা, সবুজ, বেগুনি, মেরুন ও নীল। তবে কোন কোম্পানি কোন রং পেয়েছে, তার চূড়ান্ত বরাদ্দ এখনো নিশ্চিত হয়নি।
সড়কে আগের চিত্রই : গতকাল বৃহস্পতিবার বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভিআইপি সিটি পরিবহন ও পিপিবি সিটি সার্ভিসের বাসগুলো যাত্রী ওঠানোর জন্য প্রতিযোগিতা করছে। কোনো কোনো বাস পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছে। ভিআইপি পরিবহনের একটি বাসে দেখা যায়, একাধিক স্থানে থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। আসন পূর্ণ হওয়ার পরও দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে।
ভিআইপি সিটি পরিবহনের সহকারী লিটন বলেন, ‘ঘোষণা দিলেও টিকিটিং সিস্টেম চালু হয়নি এখনো। তবে ওয়েবিল সিস্টেম চালু করা হয়েছে। জায়গায় জায়গায় আমাদের লাইনম্যান আছে এসব ওয়েবিল নিয়ন্ত্রণের জন্য।’ একই বাসের চালক বলেন, তারাও টিকিটব্যবস্থা চালুর পক্ষে। এতে ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা কমবে। কিন্তু মালিকপক্ষ এখনো তা চালু করছে না।
পিপিবি সিটি সার্ভিসের সহকারী মোহাম্মদ সোহাগ জানান, কোম্পানির অধীনে বাস পরিচালনার কথা থাকলেও নতুন ব্যবস্থার নিয়মকানুন সম্পর্কে তাদের বিস্তারিত জানানো হয়নি। ভিআইপি পরিবহনের চেকার শামীমও জানান, আপাতত ওয়েবিল পদ্ধতিতেই বাস চলছে। পরে টিকিটব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
১০ দিনের মধ্যে আরো ১১ রুট : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন বলেন, নতুন ব্যবস্থার সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লাগবে। তবে আগের তুলনায় সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। আগামী ১০ দিনের মধ্যে আরো ১১টি রুটকে রেশনালাইজেশন কর্মসূচির আওতায় আনার আশা করছেন তারা। বাসের রং সম্পর্কে তিনি বলেন, কোন রুটে কোন রং দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কাউন্টারও পুরোপুরি প্রস্তুত হয়নি। তবে বাসের গায়ে সিটি পরিবহন লেখা হয়েছে এবং সামনে-পেছনে রুটের পরিচয় দেওয়া রয়েছে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আবুল কাসেম বলেন, ফুলবাড়িয়া থেকে আপাতত ছয়টি বাস চলাচল করছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
চালকেরাও চান প্রতিযোগিতা বন্ধ হোক : নতুন ব্যবস্থার প্রয়োজনীয়তা স্বীকার করছেন চালকেরাও। সদরঘাট রুটের বাসচালক কাদির মোল্লা বলেন, একই রুটে অনেক বাস চলাচল করায় চালকদের যাত্রী তোলার প্রতিযোগিতায় নামতে হয়। একটি রুটে একটি কোম্পানির বাস চললে এই প্রতিযোগিতা কমবে। তবে ঘাটারচর-কাঁচপুর রুটে চলাচলকারী থ্রি স্টার পরিবহনের চালক আনোয়ার হোসেন জানান, তার বাসে ৪৬টি আসন থাকলেও দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে। ফলে আগের মতোই ভিড় ও গাদাগাদি রয়েছে। চালকদের মতে, শুধু কোম্পানির অধীনে বাস পরিচালনা করলেই হবে না; তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা, মাসিক বেতন ও চাকরির নিশ্চয়তাও দিতে হবে।
পুরোনো বাস, নতুন নাম : নতুন উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল আধুনিক বাস নামিয়ে যাত্রীসেবার মান বাড়ানো। কিন্তু শুরুতে নতুন বাসের পরিবর্তে পুরোনো বাস রং ও সাজসজ্জা পরিবর্তন করে কোম্পানির অধীনে পরিচালনা করা হচ্ছে। ফলে বাসের বাহ্যিক পরিচয়ে পরিবর্তন এলেও ভেতরের সেবার মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, পুরোনো বাস শুধু রং করে নতুন কোম্পানির নামে চালালে যাত্রীসেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। শুরু থেকেই নতুন বাস নামানো উচিত ছিল। পরিকল্পনা প্রণয়নের সময় যাত্রী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
বেতন কাঠামো ও টিকিটব্যবস্থাই বড় চ্যালেঞ্জ : নতুন ব্যবস্থায় চালক ও সহকারীদের বেতনভিত্তিক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতদিন অধিকাংশ চালককে মালিকের কাছে দৈনিক নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে বাস চালাতে হতো। ফলে বেশি আয় করতে তাদের বেশি যাত্রী তোলা ও বেশি ট্রিপ দেওয়ার প্রতিযোগিতায় নামতে হতো। নতুন ব্যবস্থায় মাসিক বেতন, নির্দিষ্ট কর্মঘণ্টা ও দায়িত্ব নির্ধারণ করা গেলে এ প্রবণতা কমতে পারে।
প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনার দায়িত্ব পেয়েছে ভিআইপি পরিবহন। মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। ঘাটারচর থেকে ডেমরা রুটে ৭০টি বাস পরিচালনা করবে রমজান আলী এন্টারপ্রাইজ। ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ১৫০টি বাসের দায়িত্ব পেয়েছে ফোর স্টার বাস লাইন। ঘাটারচর থেকে উত্তরা রুটে ১৯০টি বাস চালাবে পিএনপি সিটি সার্ভিস। অন্যদিকে টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে ২০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস চালুর পরিকল্পনা রয়েছে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু কোম্পানি গঠন কিংবা বাসের রং পরিবর্তন করে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। নির্ধারিত রুটে অন্য কোম্পানির বাস চলাচল নিয়ন্ত্রণ, চালকদের বেতনভিত্তিক নিয়োগ, স্বচ্ছ আয় বণ্টন, কার্যকর টিকিটব্যবস্থা, মানসম্মত বাস এবং কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যাত্রী ওঠানামার নির্দিষ্ট স্থান ও বাস পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।