দেশের সাধারণ শিক্ষা, কওমি ও আলিয়া শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান বিভাজন দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ক্রেডিট ট্রান্সফার সিস্টেমের আদলে একটি ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে, যার মাধ্যমে এই তিন ধারার শিক্ষার্থীরা যে কোনো সময় চাইলে এক ধারা থেকে অন্য ধারায় ভর্তি হতে পারবেন। পাশাপাশি এসএসসি পর্যন্ত বিভাগ বিভাজন তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মসংস্থানমুখী করার পাশাপাশি মাদ্রাসায় কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আরবি ভাষাকে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান ও বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী করতে ভাষার দক্ষতার ওপর সনদ দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। এসব নানা বিষয় অন্তর্ভুক্ত করে পাঁচ বছর মেয়াদি শিক্ষা সেক্টরের অ্যাকশন প্ল্যানের খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ। তবে উদ্যোগটি বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে রয়েছে সংশয়। কারণ, সাধারণ ও আলিয়া শিক্ষাধারায় সমন্বয়ের আগ্রহ থাকলেও কওমি শিক্ষাব্যবস্থার স্বতন্ত্র কাঠামো থেকে বেরিয়ে আসতে আগ্রহী নন সংশ্লিষ্টদের একটি অংশ। ফলে তিন ধারার শিক্ষাব্যবস্থাকে একই কাঠামোয় আনতে কওমি সংশ্লিষ্টদের সম্মতি ও আগ্রহই হবে বড় চ্যালেঞ্জ।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, নির্বাচনি ইশতেহারের আলোকে সরকার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিয়ে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এর আলোকে শিক্ষা খাতের জন্য সেক্টর অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই পরিকল্পনায় শিক্ষার ক্ষেত্রে শুধু ভর্তির হার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর পরিবর্তে শিক্ষার মান, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা, চিন্তাশক্তি ও কর্মসংস্থান উপযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিন ধারার শিক্ষাকে এক ব্যবস্থায় আনার বাধা দূর হচ্ছে: দেশের শিক্ষা কাঠামোয় সাধারণ শিক্ষাব্যবস্থার বাইরে মাদ্রাসা শিক্ষাও অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গম অঞ্চলগুলোর যেখানে সরকারি সাধারণ শিক্ষা অনুপস্থিত, সেখানে মাদ্রাসা শিক্ষা ‘লাস্ট মাইল’ হিসেবে শিক্ষার ভিত তৈরি করছে। আর কওমি শিক্ষার মাধ্যমে লাখ লাখ এতিম শিশু ও দরিদ্র পরিবারের অনেক সন্তান পড়াশোনা করছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫-এর তথ্যমতে, দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ষষ্ঠ থেকে কামিল পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৪২ লাখ ৪৭ হাজার ২০ জন। আর ইবতেদায়িতে শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৫০০ জন। অন্যদিকে কওমি মাদ্রাসায় কতজন শিক্ষার্থী পড়াশোনা করছে, তা কৌশলগত কারণে প্রকাশ করে না কওমি শিক্ষা বোর্ডগুলো। তবে কওমি মাদ্রাসা ৬ বোর্ডের মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীনে ২০২৬ সালে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ২৫ হাজার ৪১৭ শিক্ষার্থী। ফযিলত (স্নাতক), সানাবিয়া’উলয়া (উচ্চ মাধ্যমিক), মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক), ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) ও হিফযুল কোরআনের শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া ২০১৭ সাল থেকে হাইয়াতুল উলইয়ার অধীনে প্রতিবছর দাওরায়ে হাদিসে (মাস্টার্স) গড়ে ২০ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসেন।
সংশ্লিষ্ট সূত্র বলছেন, আলিয়া ও সাধারণ ধারার শিক্ষার্থীরা চাইলেও শিক্ষা ধারা পরিবর্তন করতে পারে। অর্থাৎ আলিয়ার শিক্ষার্থী চাইলে ভর্তিযোগ্য যে কোনো সাধারণ ধারার ক্লাসে ভর্তি হতে পারে। সাধারণ ধারার শিক্ষার্থীরাও মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে কওমি ধারার শিক্ষার্থীদের জন্য এই সুযোগ নেই। যদিও নানা কৌশলে কওমির কিছু শিক্ষার্থী প্রতিবছরই ছোট ছোট আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে দাখিল পরীক্ষা দিতেন। তবে পিএসসি, জেএসসি বা তার সমমানের সার্টিফিকেট চালু হাওয়ার পর সেই পথ সংকুচিত হয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) সমমর্যাদা দেয়। ঘোষণা অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য—এই দুই বিষয়ের মাস্টার্সের মর্যাদা পাবে দাওরায়ে হাদিস। তবে কর্মক্ষেত্রে এই সার্টিফিকেট কতটা কার্যকর তা নিয়ে এখনো ধোঁয়াশা থেকে গেছে। এই সার্টিফিকেটের অধিকারীরা সরকারিভাবে ঠিক কী কী চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন তা এখনও স্পষ্ট নয়। ফলে এই স্বীকৃতি কওমি শিক্ষার্থীদের কর্মক্ষেত্র কিংবা বাস্তবজীবনে কতটা কাজে আসছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া হলেও এর নিচের অন্য পাঁচটি স্তরকে সমমানের স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে চাইলেও নিচের স্তরের শিক্ষার্থীরা শিক্ষাধারা পরিবর্তন করতে পারেন না।
এর আগে ২০০৬ সালের ২৯ আগস্ট বিএনপি সরকারের সরকারের আমলে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে বছর ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও প্রকাশিত হয়েছিল। তবে রাজনৈতিক পালা বদল, মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিভিন্ন বাস্তবতার কারণে সেই সময়ে তা পুরোপুরি কার্যকর বা চূড়ান্ত রূপ লাভ করতে পারেনি।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্র বলছে, সাধারণ, আলিয়া ও কওমি শিক্ষায় ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা চালু করা গেলে শিক্ষার্থী, শিক্ষাব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এতে শিক্ষার্থী ঝরে পড়া কমবে, উচ্চশিক্ষার পথ প্রসারিত হবে এবং আগের অর্জিত শিক্ষার স্বীকৃতি পাওয়ায় সময় ও অর্থের অপচয় কমবে। পাশাপাশি তিন ধারার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাগত বৈষম্য কমবে। এ ছাড়াও ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়বে। আরবি ভাষায় ব্যবহারিক দক্ষতা, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। এতে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থান ও রেমিট্যান্স আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে।
সূত্র জানায়, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন গ্রেডিং সিস্টেম ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। ফলে শিক্ষার্থীরা যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্রেডিট অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার করে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, অনেক শিক্ষার্থী আছেন একটি শিক্ষাধারায় কয়েক বছর পড়াশোনার পর ওই ধারার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন তাদের অন্য ধারায় যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। ফলে প্রতিবছর পড়াশোনা ছেড়ে দেন হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু তিন ধারার শিক্ষা এক ছাতার নিচে আনা গেলে এক ধারায় আগ্রহ হারালে বা অন্য ধারায় পড়তে চাইলে নতুন করে শুরু করতে হবে না। আগের অর্জিত শিক্ষার স্বীকৃতি পেলে সময় ও অর্থের অপচয় কমবে।
তবে সরকারের এই নীতিগত সিদ্ধান্ত কতটা বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ এতে কওমি ধারার আলেমদের পক্ষ থেকে দ্বিমত আসতে পারে। এই ধারার কয়েকজন শীর্ষ শিক্ষা বিশ্লেষক বলেন, কারণ কওমি ধারার শিক্ষায় ধর্মীয় বিধিনিষেধ বেশি। এর কারণে অন্য ধারার শিক্ষাব্যবস্থা থেকে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীরা আসতে চায় না। আবার কওমি ধারা থেকে শিক্ষার্থী অন্যা ধারায় যাওয়ার সুযোগ থাকলে বিধিনিষেধের কারণে শিক্ষার্থী কমার সম্ভাবনা রয়েছে।
আরবি ভাষার দক্ষতাকে করা হবে সনদায়নের ভাবনা: মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরবি ভাষা শিক্ষার ধরন পরিবর্তনের প্রস্তাবও রয়েছে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। বর্তমানে অনেক ক্ষেত্রে আরবি শিক্ষা ধর্মীয় পাঠ ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। একে ব্যবহারিক ও বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আরবি ভাষায় দক্ষতার জন্য মানসম্মত সার্টিফিকেশন চালুর প্রস্তাব রয়েছে। এতে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক শ্রমবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ের সম্ভাবনা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশেই আরবি ভাষায় দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এসব দেশে দক্ষ শ্রমিক গেলেও ভাষা না জানার কারণে তারা পিছিয়ে পড়ছেন। এজন্য ভাষার দক্ষতাকে সনদায়নের চিন্তা করা হচ্ছে।
মাদ্রাসা শিক্ষা হবে আরও আধুনিক, কর্মমুখী শিক্ষায় জোর: দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করা হয়েছে শিক্ষার এই দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। ধর্মীয় শিক্ষার স্বাতন্ত্র্য বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে বড় মাদ্রাসাগুলোতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা ‘টেকনিক্যাল হাব’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এসব কেন্দ্রে ডাটা এন্ট্রি, নার্সিং, ফ্রিল্যান্সিংসহ শ্রমবাজারে চাহিদা রয়েছে এমন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার সনদের পাশাপাশি কারিগরি দক্ষতার সনদ দেওয়ার ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীরা একাধিক পেশায় প্রবেশের সুযোগ পাবে।
এ ছাড়া আলিয়া মাদ্রাসাগুলোতে উচ্চগতির ইন্টারনেট, কম্পিউটার ল্যাব ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করে ‘ডিজিটাল মাদ্রাসা’ উদ্যোগ জোরদারের কথা বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিকল্পনা ও নীতিনির্ধারণে তথ্যের ঘাটতি দূর করাও গুরুত্বপূর্ণ। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট তথ্যভান্ডার ব্যানবেইসে সব কওমি মাদ্রাসার নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় আলিয়া মাদ্রাসায় নারী শিক্ষক ও প্রশাসকের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বর্তমানে আলিয়া মাদ্রাসাগুলোতে নারী শিক্ষকের সংখ্যা হাতে গোনা। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫-এর তথ্যমতে, দাখিল থেকে কামিল স্তরের ৯ হাজার ২৯৬টি মাদ্রাসায় মোট ১ লাখ ৩৮ হাজার ৬৭৫ জন শিক্ষকের মধ্যে নারী শিক্ষকের সংখ্যা ৩১ হাজার ৫০ জন, যা মোট শিক্ষকের ২২ দশমিক ৩৯ শতাংশ। এর পাশাপাশি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণ অথবা সাধারণ প্রাথমিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মান ও সুযোগ-সুবিধার আওতায় আনার প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্টরা যা বলছেন: কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমাদের অবস্থান হলো, কোনো শিক্ষার্থী ব্যক্তিগতভাবে ভিন্ন ধারার পড়াশোনা করতে চাইলে তার সেই সুযোগ থাকা উচিত। তবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা চাই, শিক্ষার্থীরা কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার মধ্য দিয়েই তাদের শিক্ষা সম্পন্ন করুক। কারণ, কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমরা যে যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরি করতে চাই, অন্য কোনো শিক্ষাধারায় সেই লক্ষ্য বা পরিকল্পনা নেই।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যদি মাঝপথে অন্য ধারায় চলে যায়, তাহলে আমাদের এই লক্ষ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবার অন্য ধারার শিক্ষার্থীরা মাঝপথে এসে কওমি শিক্ষাব্যবস্থায় যুক্ত হলেও আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে তা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে আমরা বিকল্প একটি উদ্যোগ নিয়ে কাজ করছি। এ বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলিংয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এবং আলোচনা অনেক দূর এগিয়েছে। আশা করছি, উদ্যোগটি বাস্তবায়নের দিকে এগোবে।’
আরবি ভাষার দক্ষতার সনদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, শিক্ষার্থীদের মধ্যে যে চিন্তা-চেতনা, আমল-আখলাক ও জীবনাচরণের চর্চা গড়ে তুলতে চাই, তা যেন অক্ষুণ্ন থাকে। এ ধরনের উদ্যোগের সঙ্গে আমাদের শিক্ষার্থীরা অভ্যস্ত নয়। ফলে তাদের মধ্যে বিদ্যমান মূল্যবোধ ও চর্চা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ ধরনের কোনো উদ্যোগ নিতে হলে আমাদের সঙ্গে আলোচনা করে এবং আমাদের পরিবেশ ও ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে তা বাস্তবায়ন করতে হবে। তখন বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা ও কারিগরি বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এই চিন্তা খুবই ভালো। কিন্তু বাস্তবায়ন করতে হলে সব পক্ষের মত লাগবে। সাধারণ শিক্ষায় সমস্যা না হলেও ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় বিভাজন বেশি। দেখার বিষয় তারা কতটা ইতিবাচকভাবে নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, এই উদ্যোগ ভালো। একজন শিক্ষার্থী কেন ইচ্ছে না থাকা সত্ত্বেও একটি ধারায় আটকা থাকবে? এক ধারায় পিছিয়ে পড়লে অন্য ধারায় যাবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ অতিরিক্ত সচিব রাহনুমা নাহিদ কালবেলাকে বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এসব পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই আলোচনা এখনো খসড়া পর্যায়ে আছে। পরিকল্পনার ওপর সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়েছে। অনেকেই এরই মধ্যে মতামত দিয়েছেন। বাকি মতামত পাওয়ার পর পরিকল্পনাটি চূড়ান্ত হবে।