নিয়ম ছিল, কিন্তু মানা হয়নি। নিয়ম ভেঙেই বদলেছে জমির শ্রেণি। এ কারণে বছরের পর বছর ফিল্ডবুকও তৈরি হয়েছে ত্রুটিপূর্ণভাবে। আর এগুলো করা হয়, সদূরপ্রসারী বড় দুর্নীতির ছক কষে। ভবিষ্যতে জমি অধিগ্রহণের ক্ষেত্রে এসব অপকর্ম যুক্ত করে শত শত কোটি টাকা আত্মসাৎ করার জন্য ফাঁদ পাতা হয়। এ পথ ধরেই অধিগ্রহণের তালিকায় ঢুকানো হয় অবৈধ স্থাপনাও। অবিশ্বাস্যভাবে মসজিদের দান করা জমি, এমনকি হাসপাতালের জমিও উঠেছে ব্যক্তির ক্ষতিপূরণের তালিকায়। চাঞ্চল্যকর দুর্নীতিচক্রের এ জালে জড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন। ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশে ভূমি অধিগ্রহণ নিয়ে মহাদুর্নীতির স্বাদ নিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত অন্তত ২২ কর্মকর্তার সিন্ডিকেট। যাদের সবার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অনিয়ম-দুর্নীতির বিস্তারিত তথ্যপ্রমাণ পেয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন, সাবেক চারজন জেলা প্রশাসক, ছয়জন সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্বকালে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। নরসিংদীতে কর্মরত কয়েকজন সার্ভেয়ার, কানুনগোসহ সাবেক এডিসি অঞ্জন দাশের বিরুদ্ধে প্রতিবেদককে উৎকোচ দেওয়ার চেষ্টার অভিযোগও প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে পদ থেকে অন্যত্র সরিয়ে তার বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের ২ মাস পরও আজমল হোসেনকে বদলি করা হয়নি। এমনকি সওজ ও গণপূর্তের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রসঙ্গত, এ দুর্নীতির বিষয়ে যুগান্তরে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং গত ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় ৩০ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথি ও দলিল পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে। তদন্তের প্রতিটি ধাপে যুগান্তরে প্রকাশিত তথ্যপ্রমাণ সামনে আনা হয়, যার প্রমাণও পান তদন্ত কর্মকর্তারা। ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির ৭০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। এ প্রতিবেদনের এক স্থানে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) আলোচ্য প্রকল্পের বড় অঙ্কের টাকা লুটপাট, সরকারের শত শত কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কার বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। বিষয়টির ওপর প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করা হয়। দুদক কর্তৃক সতর্কীকরণের পরও জেলা প্রশাসন সড়ক ও জনপথ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগ থেকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নির্মিত অবৈধ ও জনস্বার্থবিরোধী স্থাপনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি। যুগান্তরে প্রকাশিত অভিযোগ যথার্থ ও সত্য।’
তদন্ত কমিটির সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ভূমি অধিগ্রহণের নামে অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধের হিসাব পেয়েছে তদন্ত কমিটি। এর মধ্যে ৯০০ কোটি টাকার ক্ষতিপূরণের চেক ঘিরে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তদন্তে পর্যালোচনা করা হয়েছে। তবে প্রকৃত আত্মসাৎ বা আর্থিক ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করতে দুদকের মাধ্যমে তদন্ত করার সুপারিশ করা হয়।
চার সাবেক ডিসির দায় : তদন্ত কমিটির পর্যবেক্ষণে চার সাবেক জেলা প্রশাসকের দায়িত্বকালে ভূমি অধিগ্রহণে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তারা হলেন-সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)। সাবেক এ চার জেলা প্রশাসক বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।
কমিটির মতে, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসকের দায়িত্ব শুধু প্রশাসনিক অনুমোদন দেওয়া নয়। অধিগ্রহণের নোটিশ, যৌথ তদন্ত, ফিল্ডবুক প্রস্তুত, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন এবং ক্ষতিপূরণ প্রদানের পুরো প্রক্রিয়ায় তদারকির দায়িত্ব রয়েছে জেলা প্রশাসনের। কিন্তু সংশ্লিষ্ট চার জেলা প্রশাসকের সময়ে এসব প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।
ছয় সাবেক এডিসির অনিয়ম : ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে দায়িত্ব পালনকারী ছয় কর্মকর্তার দায়িত্বকালে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তারা হলেন-মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ভূমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে অনিয়ম, ত্রুটিপূর্ণ নথি, ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রশাসনিক তদারকিতে ঘাটতি ছিল। এসব কর্মকর্তার দায়িত্বকালে সংঘটিত অনিয়মের দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালীন নথিপত্রে অনিয়মের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। তাদের বিষয়ে অধিকতর অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। তবে অঞ্জন দাশের বিরুদ্ধে একটি পৃথক অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদকের কাছ থেকে সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে উৎকোচ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পাঠানোর সুপারিশ করেছে কমিটি।
আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার অনিয়ম : ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে আটজনের দায়িত্বকালে বিভিন্ন এলএ কেসে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তারা হলেন-মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি। তদন্ত প্রতিবেদনে এই ৮ কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের দায়িত্বকালে অধিগ্রহণের বিভিন্ন কার্যক্রমে ব্যাপক ত্রুটিবিচ্যুতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকাল, নির্দিষ্ট এলএ কেস এবং ভূমিকা যাচাই করে দায় নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
১৫ নম্বর এলএ কেসে ফিল্ডবহির বাইরে নাম, ক্ষতিপূরণের প্রস্তাব ৩৭ লাখ টাকা : ১৫ নম্বর এলএ কেসের বাগহাটা মৌজার একটি দাগে যৌথ তদন্তের ফিল্ডবহিতে নাম না থাকলেও রোয়েদাদ বহিতে মনিরুজ্জামান ও নাজির আহমেদ খানের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাদের নামে ৩৭ লাখ ৭৩ হাজার ৯১৯ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। এ ঘটনায় সার্ভেয়ার আমির হোসেনের স্বাক্ষর ও সুপারিশের বিষয়টি তদন্তে উঠে এসেছে। সংশ্লিষ্ট জমি নিয়ে বিবিধ মামলা চলমান থাকা সত্ত্বেও ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত কমিটির কাছে আমির হোসেন প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে নথি উপস্থাপনের পর ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে কাজটি করেছেন বলে জানান। তদন্ত কমিটির মতে, ফিল্ডবহিতে নাম না থাকা ব্যক্তির নাম রোয়েদাদে অন্তর্ভুক্তি, ক্ষতিপূরণের প্রস্তাব এবং সাংবাদিককে উৎকোচ দেওয়ার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং দুদকে অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে।
ফিল্ডবুক বদলে নাম ও জমির শ্রেণি পরিবর্তন : কানুনগো মুহাম্মদ আব্দুল জলিলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফিল্ডবুকে নাম সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি, অবৈধ স্থাপনার নাম লিপিবদ্ধ এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটি তার লিখিত বক্তব্য ও মৌখিক জবানবন্দিতে অসংগতি পেয়েছে। তিনি একদিকে দুর্নীতির সিন্ডিকেট সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন। অন্যদিকে শুনানিতে অবৈধ স্থাপনা অন্তর্ভুক্তি ও অনিয়মের বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।
কমিটির পর্যবেক্ষণ, ১৫ নম্বর এলএ কেসের বাগহাটা মৌজার ৭৮৮ নম্বর দাগে ফিল্ডবহির বাইরে থাকা ব্যক্তিদের নাম রোয়েদাদে অন্তর্ভুক্তি এবং ৩৭ লাখ ৭৩ হাজার ৯১৯ টাকা ক্ষতিপূরণের প্রক্রিয়ার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় আব্দুল জলিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুদকে অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে। ১২ নম্বর এলএ কেসে ত্রুটিপূর্ণ ফিল্ডবুক প্রস্তুত, ফিল্ডবহির বাইরে ব্যক্তির নাম রোয়েদাদে অন্তর্ভুক্তি এবং মিসকেস চলমান থাকা অবস্থায় ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়ায় কানুনগো আব্দুল আজিজের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। এছাড়া এ ঘটনায় সংশ্লিষ্ট সার্ভেয়ার মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, মাহবুব আলম, সাইফুল ইসলাম ও শাহিনুর রহমানের ভূমিকা অধিকতর তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দায়িত্ব ও সংশ্লিষ্ট নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
চার বছরেও ফিল্ডবুক তৈরি হয়নি : স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ অনুযায়ী অধিগ্রহণের নোটিশের পর নির্ধারিত সময়ের মধ্যে যৌথ তদন্ত ও ফিল্ডবুক প্রস্তুত করার বিধান রয়েছে। কিন্তু নরসিংদীতে একাধিক এলএ কেসে এক থেকে চার বছর পর্যন্ত সময়ক্ষেপণের ঘটনা পেয়েছে তদন্ত কমিটি। এই দীর্ঘসূত্রতার সুযোগে অধিগ্রহণাধীন জমিতে নতুন বাড়ি, দোকান, বাণিজ্যিক ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরে এসব স্থাপনা ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর এলএ কেসের বিভিন্ন নথিতে জমির প্রকৃত অবস্থা, স্থাপনার বিবরণ, মালিকানা এবং ফিল্ডবুকের তথ্যের মধ্যে অসংগতি পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে ফিল্ডবহিতে নাম না থাকা ব্যক্তির নাম রোয়েদাদে অন্তর্ভুক্ত করার ঘটনাও তদন্তে উঠে এসেছে।
টাইটানিক ভবন বাদ দিয়ে শতকোটি টাকা সাশ্রয় : ১২ নম্বর এলএ কেসের মরজাল মৌজায় জমি অধিগ্রহণ বাণিজ্যের চিহ্নিত মাফিয়া পরেশ সূত্রধর ও সরোজ সাহার চুক্তিতে নির্মিত বিশাল ভবনটি স্থানীয়ভাবে ‘টাইটানিক ভবন’ নামে পরিচিত। তদন্তে দেখা যায়, ৪০(১) ধারার নোটিশ জারির পর তিন বছর তিন মাস পেরিয়ে ফিল্ডবুক প্রস্তুত করা হয়। যৌথ তদন্তের সময় সেখানে কলাগাছের অস্তিত্ব ছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নির্মিত হওয়ায় ভবনটি ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এতে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ১৫ নম্বর এলএ কেসে অবৈধ স্থাপনা, জমির মালিকানা ও ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে।
মসজিদ ও হাসপাতালের জমিও ব্যক্তির নামে : তদন্ত প্রতিবেদনে ভেলানগর জামে মসজিদের এক শতক জমি ব্যক্তির নামে ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠে এসেছে। একইভাবে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জমিও ব্যক্তির নামে ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি তদন্তে উঠে আসে। পরবর্তী সময়ে মিসকেসের আদেশে হাসপাতালের মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় রোয়েদাদ বহিতে হাসপাতালের নাম অন্তর্ভুক্ত করা হয়। এসব ঘটনা ভূমি অধিগ্রহণের নথি যাচাই ও মালিকানা নির্ধারণে গুরুতর ত্রুটির পরিচয় বলে মনে করেছে তদন্ত কমিটি।
সরকারি অর্থ উদ্ধারে দুদককে তদন্তের সুপারিশ : তদন্ত কমিটির সার্বিক পর্যবেক্ষণ-নরসিংদীর ভূমি অধিগ্রহণে অনিয়ম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, দালাল ও অধিগ্রহণ ব্যবসায়ীদের মধ্যে যোগসাজশের অভিযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোন কর্মকর্তা কত টাকা ঘুস নিয়েছেন, তা তদন্ত কমিটি চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারেনি।
এ কারণে আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগ বিস্তারিত অনুসন্ধানের জন্য দুদকে পাঠানোর সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, প্রকৃত দায় নির্ধারণ এবং সরকারি টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ভূমি অধিগ্রহণ আইন ও প্রশাসনিক প্রক্রিয়া সংশোধন, নির্ধারিত সময়ে ফিল্ডবুক ও রোয়েদাদ প্রস্তুত এবং ক্ষতিপূরণ নির্ধারণে প্রকৃত মালিকানা ও জমির শ্রেণি যাচাইয়ের সুপারিশও রয়েছে।
সওজ ও গণপূর্তের দুই প্রকৌশলীর ভূমিকা : তদন্ত প্রতিবেদনের ৭.১ অনুচ্ছেদে জেলা প্রশাসনের পাশাপাশি গণপূর্ত বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার কথা এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের মার্চ থেকে ২০২৬ সাল পর্যন্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ছিলেন ৪ জন। তারা হলেন-মোহাম্মদ মনিরুজ্জামান, মো. খায়রুজ্জামান, মো. আফসার উদ্দিন ও এএসএম মুসা। গণপূর্ত বিভাগ স্থাপনার ক্ষতিপূরণ নির্ধারণ করে সরকারি টাকা লোপাটের বড় ছক তৈরি করে। এছাড়া সওজের ৪ নির্বাহী প্রকৌশলীসহ নরসিংদীতে কর্মরত এসডিই, এসও ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের চেয়েও লুটপাটে বড় ভূমিকা রেখেছেন সওজের ৪ নির্বাহী প্রকৌশলী। তারা হলেন-মুহ. আলিউল হোসেন, মোফাজ্জল হায়দার, হামিদুল ইসলাম ও মো. রেজা-ই-রাব্বি।