সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের অনুসারী বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর মির্জাজাঙ্গাল ও বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ বলছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নাইম উল ইসলাম ও জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য, গত ১৮ জুন কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
এদিকে, একই দিন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারাও রনজিত চন্দ্র সরকারের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।