Image description
সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা (পর্ব ১)

খুলনায় অপরাধের বিস্তার মহামারিতে রূপ নিয়েছে। খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না। লাগাম টানার মতো কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি খুলনার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বরং বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধী চক্রের উত্থান ঘটছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদার দাবিতে ভাঙচুর, প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এসব অপরাধের পেছনে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তা বা যোগসাজশের অভিযোগও উঠছে। এসব অপরাধের জন্য খুলনার রাজনৈতিক নেতারা দুষছেন পুলিশকে, অন্যদিকে পুলিশ বলছে সন্ত্রাসীদের সামাজিকভাবে মোকাবিলা না করলে অপরাধ দমন সম্ভব নয়।

গত কয়েক মাসের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, অপরাধের ধরন ও বিস্তৃতি দুটোই বেড়েছে। আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, পূর্বশত্রুতা এবং অপরাধী গ্রুপগুলোর দ্বন্দ্বে প্রাণহানির ঘটনা ঘটছে। অপরাধীরা কখনো প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য জানান দিচ্ছে। অনেক ঘটনায় হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হলেও দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে খুলনা মহানগরী ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৭৩টি। নিহতদের মধ্যে ২৫ জন গুলিতে প্রাণ হারিয়েছেন।

কেএমপির তথ্য অনুযায়ী, মহানগরীতে ১৮১ জন সন্ত্রাসী, ৫৮৪ জন মাদক বিক্রেতা এবং ৬৯ জন চাঁদাবাজের তালিকা রয়েছে। এর মধ্যে লবণচরা, খালিশপুর, দৌলতপুর ও সদর এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি তুলনামূলক বেশি। তালিকা থাকার পরও অপরাধীদের তৎপরতা বন্ধ না হওয়ায় পুলিশের নজরদারি ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। খুলনাজুড়ে কেন এত সন্ত্রাসী কার্যক্রম চলমান তা নিয়ে যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন তথ্য।

খুলনার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করে আট সন্ত্রাসী গ্রুপ : সন্ত্রাসীরা এখন সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করছে। আগে বড় বড় কোম্পানি বা ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলেও এখন ছোটখাটো ব্যবসায়ীদেরও টার্গেট করছে। তাদের ভয়ভীতিতে ফার্মেসিসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হঠাৎ করে সাধারণ ব্যবসায়ীদের কেন টার্গেট করছে সন্ত্রাসীরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়-খুলনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আটটি সন্ত্রাসী গ্রুপ। এগুলো হচ্ছে-গ্রেনেড বাবু গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক গ্রুপ, পলাশ, হুমা, টেংকি শাওন, আরমান, শাকিল এবং নাসিম গ্রুপ। এর মধ্যে গ্রেনেড বাবু, নূর আজিম, আশিক ও পলাশ গ্রুপের মাদক বিক্রির এলাকা নির্ধারণ ও আধিপত্য নিয়ে গ্রুপিং ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান পরিবর্তন করেছে সন্ত্রাসীরা। আশিক গ্রুপের প্রধান আশিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় এই প্রতিবেদকের। আশিক বলেন, ‘আমি এখন আর মাদক ব্যবসায় জড়াব না। মাদক মামলায় আমার ছেলেগুলো জেলে গেলে জামিন করাতে বেগ পেতে হয়। তার চেয়ে এখন থেকে চাঁদা চাইব। ব্যবসায়ীদের ভয় দেখাব, মারধর করব। বাধ্য হয়ে টাকা দেবে। তাই দিয়ে চলব।’ তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের পয়সা দিতে হয়, পুলিশকে পয়সা দিতে হয়। এরপরও মামলার ধারা কঠিন হয়। এর থেকে চাঁদাবাজিই ভালো। মামলার ধারা জটিল নয়। অল্প দিনে জেল থেকে বের হওয়া যায়। মাদক নিয়ে গ্রেনেড বাবু কাজ করে সেই করুক। আমি ছোটখাটো কোনো ব্যবসায়ীর গায়ে হাত দেব না। দিলে বড় ব্যবসায়ীদের ধরব।’

বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আপনার বিষয় না ভাই। যেখানে আছি ভালো আছি।’

একই অবস্থান নিয়েছে নুর আজিম। নগরীর সদর ও সোনাডাঙ্গা এলাকার যত ব্যবসায়ী আছেন সবার কাছে চাঁদা চাওয়া হচ্ছে নুর আজিমের নামে। শহরের সদর থানা এলাকার ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা চেয়েছেন নুর আজিম। একই অবস্থা খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায়। এই এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত হয়েছে হুমা গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ।

রাজনৈতিক ছায়ায় সন্ত্রাসীরা : খুলনায় বর্তমান সময়ের আলোচিত সন্ত্রাসী নূর আজিম। চাঁদাবাজিতে পাড়া-মহল্লায় আতঙ্ক সৃষ্টি করেছে। নূর আজিমের বাড়ি নগরীর টুটপাড়া এলাকায়। তার উত্থান হয়েছে আওয়ামী লীগ নেতা জেডএ মাহমুদ ডন ও ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল আহসান টিটোর ছত্রছায়ায়। এর বাইরে অন্যতম শীর্ষ বাহিনী গ্রেনেড বাবু। মুম্বাইয়ের দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’র আদলে ‘বি কোম্পানি’ নাম দিয়ে একটি আলাদা বাহিনী গড়ে তুলেছেন। তার মাধ্যমে খুলনায় অপরাধ জগত নিয়ন্ত্রণ করেন গ্রেনেড বাবু। গ্রেনেড বাবুর আসল নাম রনি চৌধুরী। তার আত্মীয়স্বজনের একটি বড় অংশ বর্তমান ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারের সময়ে সন্ত্রাসী রনি চৌধুরীর এক আত্মীয়সহ তিন বিএনপি নেতার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশও (ডিটেনশন) দেওয়া হয়েছিল। তবে তাদের আটক করেনি পুলিশ। ফলে খুলনায় ভুক্তভোগীদের একটি বড় অংশ মনে করে ক্ষমতাসীন দলের কোনো কোনো নেতার সাপোর্ট রয়েছে রনি চৌধুরীর ওপর। একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির এক নেতা ও এক ব্যবসায়ী নেতা গ্রেনেড বাবুর সঙ্গে দেশের বাইরে মিটিং করেছেন। যেটা নিয়ে তদন্ত চলছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের এসব সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অনেক নেতারই সখ্য রয়েছে।

পুলিশের একটি সূত্র দাবি করেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর খুলনায় অনেক রাজনৈতিক নেতা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। ফলে এখন এরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সন্ত্রাসীদের ধারাবাহিক হুমকির পর নগরীর টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসির মালিক দৌলত কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার কাছে সহযোগিতা চান। তবে তাদের কাছ থেকে সহায়তার আশ্বাস না পেয়ে হতাশ হয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন।

তবে রাজনৈতিক ছত্রছায়ায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সন্ত্রাসীরা বেপরোয়া হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। পুলিশ অপরাধীদের আসামি হিসাবে ট্রিট করছে না। মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রেখেই মামলা দেওয়া হচ্ছে। যাতে তারা ছাড়া পাচ্ছে। আমরা অচিরেই পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে কার্যক্রম হাতে নিয়েছি।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রম। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা গোটাচ্ছেন। মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। এখান থেকে বের করতে না পারলে এই শহর বাস অযোগ্য হয়ে পড়বে।

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন : অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা দ্রুত গ্রেফতার হচ্ছে না। কোনো কোনো ঘটনায় মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। অপরাধীদের নিয়ন্ত্রণ অথবা নির্মূলে পুলিশের অনেকটাই গাছাড়া ভাব। সম্প্রতি চাঁদার দাবিতে একটি হাসপাতালে হামলা চালায় সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যরা। ওই প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে কথা বলার একপর্যায়ে নুর আজিম তাকে (প্রতিষ্ঠানটির মালিক) বলেন-‘পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।’ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনাতেও বড় কোনো আসামি ধরতে না পারার পেছনে পুলিশের গাফিলতিকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। অন্যদিকে টহল পুলিশের সংখ্যাও কমেছে ব্যাপক হারে। ভুক্তভোগী রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেন বলেন, ঘটনা ঘটার পর পুলিশ আসে দেরিতে। ভাঙচুর করে চলে যাওয়ার পর পুলিশ বলে যায় যে, আপনি একটু সাবধানে থাকবেন। একা চলাচল করবেন না। পুলিশের কাছ থেকে যখন এ ধরনের মেসেজ পাই তখন ভয় অটোমেটিক লাগে। জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন বলেন, পুলিশকে জানিয়েছি তবে তারা বলেছে আপাতত বন্ধ রাখতে। নগরীর চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবু বলেন, পুলিশ আমাদের সেভাবে সহযোগিতা করতে পারেনি। ফলে বন্ধ করে দিয়েছি। সম্প্রতি সদর থানা এলাকায় ব্যাপক চাঁদাবাজির ঘটনায় ওসি লোকমান হোসেনের কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তার আগে ওসির দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতাহীন একজনকে সদর থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া বর্তমানে ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) দায়িত্ব পালন করছেন মো. রেজাউর ইসলাম। কোনো সন্ত্রাসী হামলা হলে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে তাকে উপস্থিত পাওয়া যায় না। ফলে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, পুলিশ চাচ্ছে না, তাই অপরাধ দমন হচ্ছে না। এসব অভিযোগের বিষয় নিয়ে কেএমপির পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অপরাধ দমনে রাষ্ট্রের সব অর্গান একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা রয়েছে। তাদেরও এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন। ফলে অপরাধীরা ছাড় পেয়ে যায়।