Image description

সরকারি প্লট বিক্রির জন্য প্রথমে সরিয়ে ফেলা হয় মূল নথি। এরপর চুক্তির বিনিময়ে তৈরি করা হয় জাল কাগজপত্র। সেই কাগজে বদলে যায় সরকারি জমির মালিকানা। কোটি কোটি টাকার প্লট চলে যায় অন্যের হাতে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে ঘিরে এভাবেই গড়ে উঠেছে নথি গায়েব ও জালিয়াতির শক্তিশালী সিন্ডিকেট। বাইরে দালাল, ভেতরে কর্মকর্তা-কর্মচারী। দুই পক্ষের যোগসাজশে বছরের পর বছর চলছে এই কারবার।

কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে শমসের আলী ও ইউসুফ সাইদকে ঘিরে গড়ে ওঠা দুটি চক্রের ভয়ংকর জালিয়াতির চিত্র। তথ্য বলছে, কেবল ডুইপ প্রকল্পের ১৯৪টি প্লট নাই করে দেওয়া হয়েছে। এর বাইরে গৃহায়নের বিভিন্ন এলাকার শতাধিক প্লটের নথি জাল করে বিক্রি করা হয়েছে। মিরপুরে রয়েছে জাল কাগজ তৈরির আলাদা অফিস। সহযোগী হিসেবে কাজ করছেন একাধিক দালাল ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী। রেকর্ড শাখার অসাধু কর্মীদের যোগসাজশে গায়েব হচ্ছে মূল নথি। পরে জাল কাগজে বদলে যাচ্ছে মালিকানা। সরকারি জমিতে গড়ে উঠছে বহুতল ভবন, মার্কেট ও কারখানা। অথচ তদন্ত কমিটি, আদালতে মামলা এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগের পরও থামছে না জালিয়াতি। বরং নেতৃত্ব বদলেছে, বিস্তৃত হয়েছে সিন্ডিকেটের কর্মকাণ্ড। ভোগান্তিতে পড়ছেন প্রকৃত প্লট মালিকরা। ঝুঁকিতে পড়েছে বিপুল সরকারি সম্পত্তি।

তথ্য বলছে, এই জাল দলিল তৈরির অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন শমসের আলী নামের এক ব্যক্তি। তিনি সরকারি সংস্থা গৃহায়নকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন। ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ডুইপ) ১৯৪টি প্লট জাল দলিল এবং নানাভাবে জালিয়াতি করে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। সে সময় এলাকাটি পরিচিতি পায় শমসেরনগর হিসেবে। প্রকল্পটির আওতায় রাজধানীর মিরপুরে নিম্নআয়ের মানুষের পুনর্বাসনের জন্য এসব প্লট তৈরি করা হয়েছিল। জাল লিজ দলিল ও নথি তৈরি করে এসব সরকারি প্লট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ ও বিক্রি করা হয়েছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, মিরপুর-১ সেকশন, ব্লক-এইচের শাহ আলীনগর বা শমসেরনগর এলাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন। বিশিল মৌজার জে এল নম্বর ২২৪-এর অধীন ১৩/৫৯-৬০ নম্বর এলএ কেসের মাধ্যমে মোট ২০২ দশমিক ৪৩ একর জমি হুকুমদখল ও অধিগ্রহণ করা হয়। ১৯৯৮ সালের ১৩ ডিসেম্বর তৎকালীন গৃহসংস্থান অধিদপ্তরের নামে ওই জমি বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়।

এর আগে ১৯৯৩ সালের ১২ সেপ্টেম্বর ওই এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছিল। সেখানে পুনর্বাসন, আবাসিক, শিল্প, প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক প্লটের পাশাপাশি খেলার মাঠ, স্কুল, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনার জন্য জমি সংরক্ষণ করা হয়। ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে অনেক প্লট বরাদ্দ দেওয়া হয়নি। এ সুযোগে সরকারি জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে।

বিশিল মৌজার সিএস ৫১, ৫২, ৭৬ ও ৮১ নম্বর দাগে সরেজমিন জরিপের ভিত্তিতে তৈরি পেন্টাগ্রাফ নকশায় মোট ৪ দশমিক ৯৩৪৭ একর জমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪ দশমিক ২৬৬৬ একর জমি অধিগ্রহণ করেছ জাতীয় গৃহায়ন। এ জমির মধ্যে ডুইপ প্রকল্পের ১৯৪টি প্লট রয়েছে। শমসের আলী জাল কাগজপত্র তৈরি করে ওই জমির বড় একটি অংশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরবর্তী সময়ে এসব জমিতে প্লট ও মার্কেট তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। কোথাও বহুতল ভবন, কোথাও কারখানা, আবার কোথাও টিনশেড ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। তবে শমসের আলীর মৃত্যুর পরও সেই আধিপত্য খর্ব করতে পারেনি গৃহায়ন। এখনো দখল হওয়া প্লটগুলোর সঠিক কোনো সুরাহা করতে পারেনি সংস্থাটি।

সরেজমিন দেখা গেছে, সরকারি জমিতে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। গৃহায়নের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় জাল নথি তৈরি করে সরকারি জমিকে ব্যক্তিমালিকানাধীন দাবি করে আদালতে মামলাও করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মামলা বিচারাধীন থাকা অবস্থায়ও জমি বিক্রির ঘটনা ঘটেছে।

শমসের আলী স্থানীয় হওয়ায় বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে প্রভাব বিস্তার করতেন। রাজনৈতিক প্রভাবশালীদের নিজেদের পক্ষে রাখতে তাদের কাছে নামমাত্র মূল্যে বা শুধু কাগজপত্রের খরচে প্লট লিখে দেওয়ার অভিযোগও রয়েছে। এভাবে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। শমসের আলীর মৃত্যুর পরও তার সঙ্গে সংশ্লিষ্ট দালাল চক্রের কার্যক্রম বন্ধ হয়নি। বরং তার পর ইউসুফ সাইদসহ অন্যদের নেতৃত্বে নথি গায়েব ও জালিয়াতির চক্র আরও বিস্তৃত হয়েছে।

নথি গায়েব ও জালিয়াতির অভিযোগে বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় গৃহায়ন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন, এমনকি দুদকেও অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু অভিযোগকারীদের দাবি, এসব উদ্যোগের পরও কার্যকর প্রতিকার মিলছে না।

গৃহায়নের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন, গুরুত্বপূর্ণ নথি খুঁজে না পাওয়ার ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে মূল নথি না থাকায় বিকল্প পদ্ধতিতে বা পার্টফাইল খুলে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে একদিকে সরকারি সম্পত্তি নিয়ে জটিলতা বাড়ছে, অন্যদিকে প্রকৃত প্লট ও ফ্ল্যাট মালিকরা পড়ছেন ভোগান্তিতে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া তথ্য, নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, এ জালিয়াতির সঙ্গে সংস্থাটির শমসের আলী ও ইউসুফ সাইদকে ঘিরে গড়ে ওঠা দুটি চক্রের নাম বারবার সামনে এসেছে। শমসের আলীর হাত ধরেই গৃহায়নে দালাল হিসেবে পরিচিতি পান ইউসুফ। একপর্যায়ে শমসেরের প্রভাববলয় থেকে বেরিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সখ্য গড়ে নিজস্ব সিন্ডিকেট তৈরি করেন তিনি। অভিযোগ রয়েছে, জাল নথি তৈরির জন্য মিরপুরে আলাদা অফিসও খুলেছেন ইউসুফ। তার সহযোগী হিসেবে কাজ করেন মো. জালাল, মো. ইয়াসিন, মো. সুমন মিয়া, সারোয়ার হোসেনসহ কয়েকজন।

শুধু ডুইপ প্রকল্পের ১৯৪টি প্লট নয়, গৃহায়নের বিভিন্ন এলাকার শতাধিক প্লট জাল নথির মাধ্যমে বিক্রির অভিযোগ রয়েছে শমসের ও ইউসুফ চক্রের বিরুদ্ধে। এসব ঘটনায় গৃহায়নের কাছে লিখিত অভিযোগ, আদালতে মামলা এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়লেও কার্যকর প্রতিকার মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তদন্ত কমিটি গঠন করা হলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা না নেওয়ায় জালিয়াতি অব্যাহত রয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আয়তনের জমি ও প্লট বরাদ্দ দিয়েছে। এসব বরাদ্দের মূল নথি সংস্থার নিজস্ব দপ্তরে সংরক্ষিত থাকার কথা। আর বরাদ্দগ্রহীতাদের দেওয়া হয় নথির অনুলিপি বা ফটোকপি। কিন্তু কর্মকর্তাদের ভাষ্য, সংরক্ষিত থাকার কথা এমন গুরুত্বপূর্ণ মূল নথির বেশকিছুই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সিন্ডিকেটের কয়েকজন সদস্য কালবেলাকে বলেন, প্রথমে নির্দিষ্ট প্লটের মূল নথি সরিয়ে ফেলা হয়। পরে ওই নথির আদলে তৈরি করা হয় জাল কাগজপত্র। এসব নথি ব্যবহার করে প্রকৃত মালিকের পরিবর্তে অন্য ব্যক্তির নামে প্লট বিক্রি ও দখল হস্তান্তরের ঘটনা ঘটছে। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি এভাবে হাতবদল হলেও অনেক ক্ষেত্রে প্রকৃত মালিক বিষয়টি জানতে পারেন দীর্ঘদিন পর।

গৃহায়নের একাধিক কর্মকর্তা জানান, সাধারণত এমন প্লটগুলোকে টার্গেট করা হয়, যেগুলোর মালিক দীর্ঘদিন ধরে দখলে নেই, বিদেশে অবস্থান করছেন, আর্থিক সংকটের কারণে ভবন নির্মাণ করতে পারেননি কিংবা বরাদ্দের পর নিয়মিত রাজস্ব পরিশোধ করেননি। আবার কোনো কোনো প্লটের মালিকের কাগজপত্রে জটিলতা থাকলেও সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

অভিযোগ রয়েছে, এসব প্লটের নথি গায়েব করে জাল কাগজ তৈরি করা হয়। পরে চুক্তির মাধ্যমে কম দামে বিভিন্ন ব্যক্তি বা প্রভাবশালীর কাছে বিক্রি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে স্বল্পমূল্যে প্লট দেওয়ার অভিযোগও রয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য, ভূমি ব্যবস্থাপনা শাখা ও রেকর্ড শাখায় দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা ছাড়া এ ধরনের জালিয়াতি করা কঠিন। তাই চক্রটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং কর্মচারী ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে।

গৃহায়ন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুরের সেকশন-১২, ব্লক-বি, রোড-১১-এর ২০১ নম্বর প্লট, সেকশন-১২, ব্লক-বি, রোড-১২-এর ২২৩ নম্বর প্লট, সেকশন-১২, ব্লক-বি, রোড-৭-এর ১১৫ নম্বর প্লট, সেকশন-১২, ব্লক-বি, রোড-৬-এর ৯৩ নম্বর প্লট, সেকশন-১২, ব্লক-সি, লেন-১৬-এর ১৭ নম্বর প্লট, সেকশন-১০, ব্লক-সি, রোড-১৪-এর ৮/১ ও ৮/২ নম্বর প্লট এবং সেকশন-১২, ব্লক-ডি, লেন-২৫-এর ১৭ ও ১৯ নম্বর প্লটের মূল নথি খুঁজে পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এসব প্লটের মধ্যে সেকশন-১০, ব্লক-সি, রোড-১৪-এর ৮/১ নম্বর প্লটটি পুনর্বাসন প্লট। বাকি প্লটগুলো বাণিজ্যিক।

গৃহায়নের নথি অনুযায়ী, ২০২০ সালে এসব প্লটের নথি তৎকালীন অফিস সহকারী মালেকিন নাছির রেকর্ডরুম থেকে গ্রহণ করেন। এরপর থেকে নথিগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি।

গৃহায়নের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, একসময় মিরপুরের গৃহায়ন অফিসে নিয়মিত যাতায়াত করতেন শমসের আলী। ধীরে ধীরে অফিসের ভেতরে তার প্রভাব বাড়তে থাকে। একপর্যায়ে গৃহায়নের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। অফিসের নথি আনা-নেওয়া ও সংরক্ষণের কাজেও তার প্রভাব ছিল। এমনকি নিজেকে গৃহায়নের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে শমসের আলীর সঙ্গে কাজ করেই ইউসুফ সাইদের উত্থান। পরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে শমসেরের বলয় থেকে বেরিয়ে নিজস্ব চক্র গড়ে তোলেন ইউসুফ। এই চক্রের মাধ্যমে সরকারি অফিসের প্লটের নথি গায়েব, জাল কাগজ তৈরি এবং প্লট বিক্রির কার্যক্রম পরিচালিত হয়।

গৃহায়নের কর্মকর্তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে ইউসুফের চক্রের মাধ্যমে শতাধিক প্লটের জাল নথি তৈরি করে বিক্রি করা হয়েছে। এসব প্লটের আয়তন তিন, চার ও পাঁচ কাঠা। কোনো কোনো প্লটে ১০ তলা, কোনো প্লটে ৯ তলা, আবার কোনো প্লটে তিন থেকে চারতলা ভবন রয়েছে।

গৃহায়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ইউসুফের চক্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কর্মচারী ইউনিয়নের নেতা মো. দেলোয়ার হোসেন। তার সঙ্গে সখ্যের মাধ্যমে চক্রটি প্রতিষ্ঠানের ভেতরে প্রভাব বিস্তার করতেন। পরবর্তী সময়ে দেলোয়ারের সহযোগী হিসেবে জাল সিন্ডিকেটে যুক্ত করা হয় অফিস সহকারী মালেকিন নাছির এবং তৎকালীন রেকর্ডকিপার কামরুজ্জামান। ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত রেকর্ডকিপারে দায়িত্বে ছিলেন কামরুজ্জামান। একই শাখায় দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালনের সুযোগ নিয়ে তিনি একটি চক্রের হয়ে কাজ করেছেন। এ ছাড়া সিলেটের হিসাব সহকারী আশরাফ, অফিস সহকারী তাজুল ইসলাম, অফিস সহকারী নিজাম শিকদার, বর্তমানে কুমিল্লায় কর্মরত পিয়ন তাজুল ইসলাম, হিসাব সহকারী ফুয়াদ ও হানিফ, নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মচারী সুজন এবং অফিস সহকারী মো. আকবর জাল চক্রের হয়ে কাজ করছেন।

গৃহায়নের কর্মকর্তারা বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের বদলির ক্ষেত্রে নিয়মিত পরিবর্তন থাকলেও অনেক কর্মচারী দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান। ফলে ভূমি ব্যবস্থাপনা ও রেকর্ড শাখার বিভিন্ন দায়িত্বে দীর্ঘদিন থাকার সুযোগে তাদের একটি অংশ জাল চক্রের সঙ্গে যুক্ত থাকেন।

অভিযোগ আছে, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চক্রের সদস্যরা নিজেদের কর্মকাণ্ড আড়াল করতেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলে প্রভাব বিস্তারের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ইউসুফ চক্র। বিভিন্ন অনিয়মের ঘটনায় তার বিরুদ্ধে দুদকের মামলা ও গ্রেপ্তারের করা হলেও রাজনৈতিক তদবিরে তিনি দ্রুত জামিনে মুক্ত হয়ে আবার অনিয়ম করে যাচ্ছেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইউসুফ সাইদকে একাধিকবার ফোন করে ও মেসেজ পাঠিয়েও তার জবাব পাওয়া যায়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রেকর্ডকিপার মো. কামরুজ্জামান কালবেলাকে বলেন, চাকরির শুরু থেকে আমি সেগুনবাগিচা হেড অফিসে, মিরপুর ও মোহাম্মদপুরের রেকর্ডকিপার হিসেবে দায়িত্ব পালন করেছি। গৃহায়নের নথিপত্র গায়েব হলে তদন্ত করবে কর্তৃপক্ষ। কিন্তু আমার জানামতে গৃহায়নের কোনো নথিপত্র গায়েব হয়নি।

জাতীয় গৃহায়নের হিসাব সহকারী মালেকিন নাছির কালবেলাকে বলেন, আমি ওইভাবে ইউসুফ সাইদকে চিনি না। যারাই আমার বিরুদ্ধে এসব বলছে, মিথ্যা বলছে।

এ বিষয়ে কথা বলতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে মেসেজ ও একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম কালবেলাকে বলেন, অফিস থেকে নথি গায়েব হয়েছে, একটি জাল চক্র আছে। তাদের খুঁজে বের করতে কাজ করছে গৃহায়ন কর্তৃপক্ষ। ইউসুফ সাইদ বাইরের লোক। তার সঙ্গে গৃহায়নের যেসব কর্মকর্তা ও কর্মচারী মিলে জালজালিয়াতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।